‘নারী, জীবন, স্বাধীনতা ও মানবাধিকারের সংগ্রামে শিল্পের ভূমিকা’ শীর্ষক ২০২৩ সালের পেন ওয়ার্ল্ড ভয়েসেস ফেস্টিভ্যালের একটি অনুষ্ঠান
‘নারী, জীবন, স্বাধীনতা ও মানবাধিকারের সংগ্রামে শিল্পের ভূমিকা’ শীর্ষক ২০২৩ সালের পেন ওয়ার্ল্ড ভয়েসেস ফেস্টিভ্যালের একটি অনুষ্ঠান

দেশে-বিদেশে

ফের চালু হচ্ছে পেন আমেরিকার সাহিত্য পুরস্কার

১০ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রকাশনা-বিষয়ক সাময়িকী পাবলিশার্স উইকলি জানিয়েছে, স্থগিত দশা কাটিয়ে উঠে আবারও আয়োজন করা হচ্ছে পেন আমেরিকা ওয়ার্ল্ড ভয়েসেস ফেস্টিভ্যাল। একই সঙ্গে ফিরছে সংস্থাটির সাহিত্য পুরস্কার অনুষ্ঠানও। ২০২৪ সালে লেখকদের একটি অংশের প্রতিবাদ ও অংশগ্রহণ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে উৎসবটি বাতিল করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, আয়োজকেরা নতুন করে কাঠামোগত পরিবর্তন ও নীতিগত পর্যালোচনার মধ্য দিয়ে উৎসবটি আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। স্বাধীন মতপ্রকাশ, অনুবাদ সাহিত্য ও আন্তর্জাতিক সংলাপের ক্ষেত্র হিসেবে ওয়ার্ল্ড ভয়েসেস ফেস্টিভ্যাল দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নিউইয়র্ককেন্দ্রিক এ আয়োজন বিশ্বজুড়ে লেখক, অনুবাদক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয় প্রতিবছর।

পাবলিশার্স উইকলির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বিতর্কের পর আয়োজকেরা অংশগ্রহণকারী লেখকদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। মানবাধিকার, সেন্সরশিপবিরোধী অবস্থান এবং সংকটাপন্ন লেখকদের পক্ষে সোচ্চার থাকার ঐতিহ্য বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

সাহিত্যবিশ্বে এই প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত বছরের অচলাবস্থার পর আন্তর্জাতিক অঙ্গনে মুক্তচিন্তার পক্ষে একটি বড় প্ল্যাটফর্ম আবার সক্রিয় হচ্ছে, এমন বার্তাই দিচ্ছে আয়োজকদের এই উদ্যোগ। বিশেষত বৈশ্বিক রাজনৈতিক টানাপোড়েনের সময় লেখকসমাজের সংলাপ ও সংহতির ক্ষেত্র হিসেবে উৎসবটির গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: পাবলিশার্স উইকলি
গ্রন্থনা: বোদরুল হেকীম