
কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন স্বদেশি আন্দোলনের কর্মী। ছিলেন কংগ্রেসের স্থানীয় দায়িত্বশীল সদস্যও। মূলত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা থেকেই শরৎবাবু রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়েছিলেন। একপর্যায়ে তাঁর সাহিত্যেও রাজনৈতিক ভাবাদর্শের প্রয়াগ ঘটান। ১৯২০ সালের পরের সময়টায় স্বদেশি আন্দোলন নিয়ে খুব সোচ্চার হন তিনি। এরই ধারাবাহিকতায় লিখেছিলেন পথের দাবী উপন্যাস।
তবে এ উপন্যাসের পাণ্ডুলিপি প্রথম দিকে ফেলেই রেখেছিলেন শরৎবাবু। পাণ্ডুলিপিটি নিয়ে নিজেই সংশয়ে ছিলেন তিনি। উমাপ্রসাদ মুখোপাধ্যায় একরকম জোর করেই বঙ্গবাণীর জন্য উপন্যাসটি চেয়ে নেন। এই পত্রিকার দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা থেকে প্রকাশিত হতে থাকে পথের দাবী। তিন বছর তিন মাস ধারাবাহিকভাবে ছাপা হয় উপন্যাসটি।
১৩৩৩ বঙ্গাব্দের ভাদ্র মাসে পথের দাবী উপন্যাসটি বই আকারে বাজারে নিয়ে আসেন উমাপ্রসাদ মুখোপাধ্যায়। কটন প্রেস থেকে ছাপা হওয়া বইটির দাম রাখা হয়েছিল তিন টাকা। প্রথমবারেই ৩০০ কপি ছাপান প্রকাশক। প্রকাশের দিনই ১০০ কপি বিক্রি হয়ে যায়। বাকি ২০০ কপি শেষ হতে দুই সপ্তাহও লাগেনি।
কিন্তু জনপ্রিয়তাই কাল হয় দাঁড়ায় বইটির জন্য। ব্রিটিশ সরকারের চোখ পড়ে বইটিতে। সরকার বইটি বাজেয়াপ্ত করে। এ ঘটনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর উকিল বন্ধুরা বলেন, এতে তাঁর কোনো লাভ হবে না, কেবল অর্থই ব্যয় হবে।
এমন পরিস্থিতিতে কবিগুরুর শরণাপন্ন হলেন শরৎচন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুরকে বইটি পাঠিয়ে মতামত চাইলেন শরৎবাবু। তিনি ভেবেছিলেন, বিশ্বকবি তাঁর পক্ষে কিছু লিখবেন। কিন্তু তাঁর হাতে রবীন্দ্রনাথের যে চিঠি পৌঁছেছিল, তাতে বেশ হতাশই হয়েছিলেন এই কথাশিল্পী। কবিগুরু লিখেছিলেন, ‘তোমার পথের দাবী পড়া শেষ করেছি। বইখানি উত্তেজক। অর্থাৎ ইংরেজদের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোলে। লেখকের কর্তব্য হিসাবে সেটা দোষের না হতে পারে—কারণ, লেখক যদি ইংরেজরাজকে গর্হণীয় মনে করেন, তাহলে চুপ করে থাকতে পারেন না। কিন্তু চুপ করে না থাকার যে বিপদ আছে, সেটুকু স্বীকার করাই চাই।’ চিঠির আরেক জায়গায় শরৎবাবুকে লিখেছিলেন রবীন্দ্রনাথ, ‘আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে দেখলাম—একমাত্র ইংরেজ গভর্নমেন্ট ছাড়া স্বদেশি বা বিদেশি প্রজার বাক্যে বা ব্যবহারে বিরুদ্ধতা আর কোনো গভর্নমেন্ট এতটা ধৈর্যের সঙ্গে সহ্য করবে না।’
এই চিঠির কড়া জবাব লিখেছিলেন শরৎচন্দ্র, নিজের অভিমান আর ক্ষোভ ঝেড়ে লেখা চিঠি অবশ্য শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে আর পাঠাননি তিনি।
তবে রবীন্দ্র–গবেষকেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, শরৎকে সাহসী হতে ও কোমর শক্ত রাখতেই রবীন্দ্রনাথ এমন চিঠি লিখেছিলেন। কারণ, চিঠির অন্য এক জায়গায় তিনি লিখেছেন, ‘এমন অবস্থায় ইংরেজরাজ যদি তোমার বই প্রচার বন্ধ না করে দিত, তাহলে এই বোঝা যেত যে সাহিত্যে তোমার শক্তি ও দেশে তোমার প্রতিষ্ঠা সম্বন্ধে তার নিরতিশয় অবজ্ঞা ও অজ্ঞতা। শক্তিকে আঘাত করলে তার প্রতিঘাত সইবার জন্য প্রস্তুত থাকতে হবে।’
এই মুনাজেরায় বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ নেপাল মজুমদার লিখেছিলেন, ‘শরৎচন্দ্র অবশ্য কবির বক্তব্যের সঠিক তাৎপর্যটি তখন ঠিক উপলব্ধি করতে পারেননি। তাঁর সেই সাময়িক ক্ষোভ ও চিত্তবিক্ষেপের সুযোগে কেউ কেউ তাঁকে কবির বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করেছিলেন। অর্বাচীন এবং দুই–একজন প্রবীণ রবীন্দ্রবিদ্বেষী সমালোচকও কবির এই চিঠির অপব্যাখ্যা করে এমনও ইংগীত দিয়েছেন যে কবি শরৎচন্দ্রের প্রতি ব্যক্তিগত ঈর্ষাবশত পথের দাবীর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে চাননি।’
বই নিষিদ্ধে ব্যাপারে রবীন্দ্রনাথের অবস্থান ছিল ব্যতিক্রম। শরৎচন্দ্রকে লেখা তাঁর চিঠি থেকে বোঝা যায়, কোনো লেখা লেখার পর সে লেখার বিরুদ্ধে যদি কোনো নিষেধাজ্ঞা আসে, তবে এর বিরুদ্ধে সংগ্রাম ওই লেখককেই করতে হয়, অন্য কেউ তাঁর হয়ে সেই লড়াই করে দেবে, সব সময় তা ভাবা ঠিক নয়।
সূত্র: শচীননন্দন চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্রের রাজনৈতিক জীবন ও আনন্দবাজার পত্রিকা
● গ্রন্থনা: বাশিরুল আমিন