আমার হাড়ের জোড় খুলে নিয়ে চলেছ কোথায়,
তমসামথিত কোন দূর ইস্টিশনে?
কেন এত শূন্য লাগে বুক,
কুয়াশার হিম লাগে, থেমে যায় রক্ত চলাচল;
অন্তহীন রেলগাড়ি, আমাদের ট্রেনলাইন অদলবদল।
তুমি নেই;
তুমি ছাড়া কী করে-বা পাড়ি দেব এই শীত ঋতু?
কোথা পাব অনির্বাণ আগুনের ভাষা?
বরফে বরফ ঘষে জ্বালিয়েছি যেটুকু অনল
তাকে আজ ঘিরে ধরে অন্তহীন অতল কুয়াশা।
তবু, শূন্যে এঁকেছি আমি তোমার চিবুক,
কুয়াশায় মুখ
যে বাতাস ছুঁয়ে গেছে কান্নাজলধি
সে বাতাস আবার আসুক।
শূন্য হয়ে বসে আছি
হেমন্তের ঝরা পাতায় ভরে উঠব বলে
তুমি কি পৌঁছে গেছ
আকাশের চেয়ে দূর দূর মফস্বলে?