লাল ল্যাম্পপোস্ট

পৃথিবী যখন কালো আলখাল্লায় ঢেকে দিচ্ছে সময়

একা ল্যাম্পপোস্ট কে তুমি শহরে জ্বলছ ধবধবে লাল?

আমরা ছুটছি ব্রেকফেল বাইক, দিগ্‌বিদিক সব শবে মাতাল;

তোমার ভ্রু-স্ট্রিংয়ে বেজ গিটার বাজায় পতঙ্গ নির্ভয়

মানুষও তো পতঙ্গ এ শহরে, কিলবিল, পঙ্গপাল

নেই হাড়গোড়, নেই শিরদাঁড়া; কেবল মগজ—টকটকে মাকাল;

ক্ষণে ক্ষণে রাক্ষুসে মাকড়সা, বিস্তৃত নীল বিষজাল; 

আর নিজ ফাঁদে আটকা আপাদমস্তক—ত্রাহি, বেসামাল...

শিকারনেশায় তবু সদা প্রস্তুত, দুর্ধর্ষ উন্মাতাল;

পতঙ্গরানির জনপদে দেখে মানুষের আকাল

তোমার ভ্রু-স্ট্রিংয়ে বাজে গিটার, জীবনের আর্তনাদ;

জ্বলে আছ লাল, চির উন্মাতাল হে অলৌকিক ল্যাম্পপোস্ট;

নিজেই সেজেছ একা যুদ্ধবিনাশী নিজ শোয়ের হোস্ট

সঙ্গ দিতে দেখো উঠছে সূর্য, গলছে মেকওভার-ফাঁদ