হঠাৎ পথটাকে থামিয়ে দেওয়া সেই নদীতে
সাঁকোও নেই তবু করোনি তুমি তার প্রতীক্ষা।
আমিও জল হয়ে ডেকেছি প্রাণপণে, মুচকি
হাসিতে ভাবছিলে পানিও মরে এত তৃষ্ণায়!
তোমার চলে যাওয়া দেখছি নিচ থেকে, যদিও
ঢেকেছি শ্যাওলায়। কচুরিপানাদের ফাঁক গলে
কী করে হেঁটে যাও? জলেতে ভাসবার বিদ্যা
শিখলে কোথা থেকে দাগ না লাগিয়েও শরীরের
অথচ কত দূরমনোজ সরোবরে জন্মে
এতটা পথ পাড়ি দিয়ে এ ডেলটার সমতলে
এসেছি ছোঁয়া পেতে শুধু সে চরণের, জড়াব
ঢেউয়ের মতো করে কখনো দুপায়ের মল হয়ে
এতটা তরলতা তবুও তুমি তার এক কণা
নিলে না ভুল করে, আমি সে জলজাত বেদনা।