অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

কবিতা

অলীক

আয়না ভাঙলেই দৃশ্য মরে যায় না। যারা মনে করে বাস্তবতার বেশি সবকিছুই একটা ধারণা,
তাদের কথা আলাদা। আমি এমন কাউকে কাউকে জানি, যারা মনে করে প্রেম একটা পুরাতন
পাকুড়গাছ। ঘটনা হচ্ছে, কলম্বিয়া-কুমিল্লা এবং কলকাতা থেকে বহুদূরে নিশ্চিন্দিপুরে তিন
রকম শরতে বেঁচেবর্তে ছিল মার্কেজ-পিয়াস ও বিভূতিভূষণ। কবিতায় আপনারা সবাই কেন্দ্রীয়
প্রস্তাবনা ও পরিণতি সন্ধান তো করতেই পারেন। ব্রেখটে দেখবেন নাট্যকারকে হন্যে হয়ে খুঁজে
বেড়াচ্ছে তার তিনটি চরিত্র। এটা তো সত্য যে আমাদের অনেকেরই আছে শ্বাসকষ্ট। দিনে বসে
থাকাই যাদের কাজ, তারা অনেকেই রাতের স্বপ্নে খুব হাঁটাচলা করেন। ঋতুভেদে কত কত
ফুল হয় বাংলার কাননে; ধাতুর ধরিত্রী সে কথা ভুলতে বসেছে হয়তো। একজন অনুবাদিকার
নিশ্বাসের তরজমা পড়তে চেষ্টা করছিলাম গতকাল৷ নির্লক্ষ্য, পারম্পর্যহীন, এলেবেলে গ্রহে
ঢুকে যেহেতু পড়েছি একটা নৈমিত্তিক সূর্য আর ক্লান্ত চাঁদের তলায় জীবন গুজরান করতে করতে
মাঝেমধ্যেই মনে বেহুদা প্রশ্ন তো জাগতেই পারে—তালপাকা ভাদ্রের আজ কত তারিখ, কতদূর
আমার শিউলিমালা-আশ্বিন!