এই ধীর হাওয়া বয় মর্মের গভীরে
নুনের গন্ধের দিকে উড়ে যায় পাখি
উপকূলজুড়ে নাচে জলের নর্তকী
শাড়ির কুঁচিতে দেখি মোহ তটিনীরে।
বেঁকে বেঁকে যায় প্রেমে-কামের মোকামে
যেন ভেসে উঠি-ডুবি শুশুকের নামে
আমার দেহ-দরিয়া ফুলে ফুলে ওঠে
জোয়ারে আছড়ে পড়ি মোহনার ঠোঁটে।
হারাও হারাও তুমি রাতের মাঝার
যেন কোনো সোনা দ্বীপ সাগরের হার
টিমটিমিয়ে জ্বলে চাঁদ হাওয়ার নোলক
পাতার শিয়রে বসে পাখি গায় শ্লোক।
সেই শ্লোকে ঝরে পড়ে বুকভাঙা কথা
মর্মের গভীর বনে তুমি ক্রীড়ারতা।