অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

কবিতা

অচিরেই

‘দাঁড়াও আসছি’ বলে অনেকেই আর
ফিরে আসে না এখন!
যার পথ চেয়ে বসে থাকি সরল আশায়
সে আছে নড়বড়ে সাঁকোর ওপাশে।
আশা ছিল, একদিন ভালোবাসাও ছিল
আজ ওসব ভাববার সময় কোথায়!
বাবুই পাখির বাসা খুঁটিয়ে দেখার মন
ভেঙে গেছে আমাদের।

যেভাবে সবাই ‘আসি’ বলে
কেটে পড়ছে মেঘের ওপারে, তাতে মনে হয়
বন্ধু বলে কেউ আর থাকবে না;
অচিরেই সহমর্মিতার ঝাড়ে বাসা বাঁধবে
ডেঁয়ো পিপড়া, লাল গিরগিটি!