বইয়ের মতো রাত্রি খুলে বসে আছ,
আমার দুচোখে শুধু ঘুম নাই।
চোখের গ্লুকোমা ভেঙে—
পুলিশের, সেনাবাহিনীর গাড়ি যায় পাশ দিয়ে।
ওরা কার প্রহরায় ঘোরে,
আমার, রাষ্ট্রের, নাকি এই বসন্তের?
বসন্তের গানম্যান লাগে!
এই ভোরে ওরা কাকে খোঁজে?
কোনো মব-মাস্টারকে, নাকি আমাকেই?
নাকি কোনো গুপ্ত-অন্ধকার
টার্গেট ওদের?
হে কোকিল,
হে লাল পলাশ—
তুমি, তুমিও কি রাজনীতি করো?
তুমি কি সমন্বয়ক? উপদেষ্টা?
তুমিও কি বারবার মাতৃভাষা ভুলে যাও?
মাতৃগান ভুলে যাও?