পৃথিবীর শেষটাই যখন দেখে ফেললাম,
এখন পুরোটা গর্তে ঢুকে যাওয়ার সময়।
নিজের গোসল নিজেই সেরেছি আগে,
পরেছি শুভ্র সুতাবিহীন কাপড়।
তোমরা আমার কাছে আর কী জানতে চাও?
সবই তো বলেছি এতটা কাল।
তবু তোমাদের প্রাতরাশের টেবিলে
আমার জন্য প্রশ্ন সাজানো থাকে।
নগ্ন শাওয়ার নিতে কেউ কি করেছে বারণ?
পানির নিচে দাঁড়িয়ে মনে পড়ে না
কাকে দিয়েছিলাম শেষ হুকুম—
কেউ বেরিয়ে এসে বলছে,
কোথায় লাগবে ম্যাসাজ?
অথচ ব্যথার জায়গাটি
নিজেই আর খুঁজে পাচ্ছি না।
সব যদি আমার মনমতো হয়,
তাহলে প্রাপ্তির আনন্দ কোথায়?
পৃথিবীর মেয়েরা যেহেতু মরে গেছে,
পুত্ররা হয়ে গেছে পিতা,
শুভ্র কাপড়ের নিচে
শরীরের আর কোনো পরিচয় নেই।
এখন স্বর্গ আর নরক,
বেহেশত আর দোজখ—
ঘুমের ভেতর দরজা বদলায়।
অনন্ত ঘুমের কোলে তাই পড়েছি শুয়ে।
আর কোনো দিন জেগে উঠব না বলে
নিজেদের নির্দোষ ভেবো না।
যে আমাকে মেরেছ,
তোমাকেও মারব ঘুমানোর পর।
অতঃপর দুজন বেড়াতে যাব
ঝুলন্ত উদ্যানে।
মানুষ স্থলের জীব
স্থল জলের চেয়ে ছোট
মানুষ জলে যায়,
জল পেরিয়ে আবার স্থলে,
এক দেশ থেকে অন্য দেশে
কিন্তু জলকে সঙ্গে আনতে পারে না
জল স্থলে আঁটে না।
জল চাইলেই তার সঞ্চিত বরফ গলিয়ে
স্থলকে ঢেকে দিতে পারে।
কিন্তু জল জানে, স্থল তার স্তন, তার সৌন্দর্য,
তার নাসিকা, নিশ্বাস নেবার জায়গা
অবশ্য নিশ্বাস না নিলেও তার ক্ষতি নেই।
তার হয়ে তিমিরা মাঝে মাঝে
জলের ওপর উঠে ফুঁস করে বায়ু ছাড়ে।
জলের নিচে মায়ের দুধ খায় তিমির বাচ্চা।
আকাশে এক বায়ুযান থেকে অন্য বায়ুযানে
জ্বালানি নেওয়ার দৃশ্য দেখলে
তিমির সেই বাচ্চাটির কথা মনে পড়ে।
স্থল ছোট বলে স্থলের জীবগুলোও ছোট
মানুষের পাশে হাতি কত বড়,
তিমির পাশে সেই হাতিও ছোট।
এখানে সুউচ্চ পর্বত আছে,
বিশাল মরুভূমি আছে।
কিন্তু সবই তো তিন ভাগ জলের অধীন।
জল স্থলের প্রাণীদের লাফালাফি দেখে,
বাঁধ নির্মাণ দেখে।
তবু সে প্রশান্তই থাকে,
তবু সে অতলান্তিক থাকে।
তার গভীরতা তাকে স্থৈর্য দিয়েছে।
মানুষ কেবলই তার অবোধ সন্তান।
কবিতা মূলত অজ্ঞদের সন্তুষ্ট করে—
বিরক্তও করে,
উন্মত্ত করে,
আনন্দিত ও বিষণ্ণ করে।
জ্ঞানীও নিজের অজ্ঞতার কাছে
কান পেতে থাকেন।
যুদ্ধ ও প্রার্থনায় কবিতা লাগে,
প্রেম ও ঘৃণায়—
একই পঙ্ক্তি
কখনো ফুল, কখনো অস্ত্র।
কবিতা আদিম মানুষের ভাষা—
আগুনের পাশে বসে
অন্ধকারকে নাম ধরে ডাকা।
মুখে মুখে ছড়িয়ে যায়
দুঃখের সংবাদ,
প্রেম ও কামনার গোপন সংকেত।
তুমি যা বলতে পারো না,
কবিতা তা বলতে পারে।
কাউকে গালি দিতে চাও—
ফুলের নাম উচ্চারণ করো।
কোনো নারীর প্রশংসা,
কোনো রাজার চাটুকারিতা,
কোনো শত্রুকে মৃত্যুর বার্তা—
কবিতা তোমার মুখে
আরেকটি মুখ পরিয়ে দেয়।
কাউকে ফাঁকি দিতে চাও,
একটি জাতিকে ঘুম পাড়াতে—
কবিতার কথা বলো।
শব্দের আড়ালে রেখে দাও
শব্দের বিপরীত ইচ্ছা।
মনসার ভাসান,
ছয়ফুলমুলক ও বদিউজ্জামাল,
পদ্মাবতী, রাম–রাবণ—
রাত ফুরিয়ে যায়,
গল্পের বাইরে পড়ে থাকে
মানুষের ক্ষুধা।
একদিন কবির কণ্ঠ থেমে যায়।
কবিরা তখন পাথরের আসনে;
তাঁদের ঠোঁটে জমে ওঠে
নতুন পুরোহিতের স্বর।
তারা কবির নাম ভেঙে
গোপন অর্থ উদ্ধার করে,
মৃত পঙ্ক্তির হাতে
তুলে দেয় জীবিতের রক্ত।
আর শ্রোতারা—
ছায়ার সঙ্গে যুদ্ধ করতে করতে
এত দূর চলে যায়,
নিজের বুকেই ছুরি বসিয়ে
শত্রুর পতন ঘোষণা করে।
তোমার হয়ে একদিন
আমিও মারা যাব।
আমাকে শহীদ বলো।
কেউ রক্তবমির পর নেতিয়ে পড়ল,
কেউ মধু আনতে গিয়ে ফিরল না।
তোমাদের লড়াই খুব ছোট।
কয়েক ঘণ্টার বেশি দাঁড়াতে পারো না,
সামান্যতেই আক্রোশে ঝাঁপিয়ে পড়ো।
কল্লা কাটা আর কেল্লা ফতে।
তারপর কে কবে যোদ্ধা থেকেছে?
তোমাদের জন্য এই যে জেগে আছি,
ভয় পাওয়ার আগেই আমাকে কাছে পাচ্ছ।
কাঁটা সরিয়ে দিচ্ছি
অন্ধকার নামার আগেই।
সকালবেলা দুধ নিয়ে যাচ্ছি,
চেয়ার-কাউচ ঝেড়েমুছে রাখছি।
যে মরে গেছে, সে কী কাজে আসছে?
সেক্টর ও পল্টন খালি পড়ে আছে।
আবার কবে যুদ্ধ হবে?
আবার কে কবে পরীক্ষা করবে
বন্দুকের নল?
আমাকেই লড়াই চালিয়ে যেতে হবে।
দু-একটা মারতে, দু-একটা পড়তে
অনেকে পারে।
সারা জীবন কেউ শহীদ হতে পারে না—
যেমন আমি এখন শহীদ মিনার।
আমার ইচ্ছেগুলো আমার কেউ না।
শিকড় কাণ্ডকে ওপরে তুলে দেয়,
শাখা ও প্রশাখায় ছড়িয়ে পড়ে পল্লব;
কেউ লাফ দিয়ে নিচে পড়ে যায়,
কেউ বাতাসের বিরুদ্ধে দোলে।
শিকড় পত্রকে কতটা নিয়ন্ত্রণ করে?
পর্বত নদীর উৎস বলেই
পানিকে উজানে আনতে পারে না।
যদিও ঘুরতে ঘুরতে
সূর্যের চুল্লিতে বাষ্প হয়ে
সে নানা মেঘে ভাগ হয়ে যায়,
তবু স্রোতের নিজস্ব একটি ইচ্ছে থাকে।
আমার সন্তানেরা সব সময়
আমার ইচ্ছের সৃষ্টি নয়;
ইচ্ছের সৃষ্টি হলেও
ইচ্ছের অধীন নয়।
অপরিচিতদের পিতা–মাতার নাম
জানা খুব দরকার হয় না।
কেউ তোমার সঙ্গে হঠাৎ মিলিত হয়,
কিছু দূর একসঙ্গে চলে,
আবার অনেকে
নষ্ট সুরকির মতো ঝরে পড়ে।
তুমি হয়তো বৃক্ষের শিকড়ের মতো
কষ্ট পাও,
খাবার সরবরাহ করো—
কিন্তু বাতাসকে
তুমি পরিচালনা করো না
সবকিছুরই একটি সময় আছে।
তোমার মন খারাপই
তোমাকে পৃথিবীর মমতার সঙ্গে
আটকে রেখেছে।