
এলোমেলো অনেক কটি বাঁক পেরিয়ে লক্ষ্মীপাশা গ্রাম। সে গ্রামের ইশকুল ঘেঁষে আধা ইট–সলিং আর মাটির নিঃসঙ্গ যে রাস্তাটি চলে গেছে, তার শুরুর অংশেই আছে দ্বিশতবর্ষী বড় এক বটগাছ। এর ঠিক নিচেই শুয়ে আছেন হজরত মুকিম শাহ। তাঁর সমাধিস্থলটি ‘বাঘের মোকাম’ নামে পরিচিত।
পৌষের ৭ তারিখের এক শীতার্ত রোদঝলমলে মিষ্টি দুপুরে লক্ষ্মীপাশায় আমার প্রথম পা পড়ে। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত এই গ্রামেই অবস্থান নিয়ে আমার জানা হয়ে যাবে বাঘের মোকামের আখ্যান, যার ভাঁজে ভাঁজে গ্রামীণ মানুষের বিশ্বাস ডালাপালা মেলে লোকাচারে পরিণত হওয়ার গল্প লুকিয়ে আছে।
জনশ্রুতি বলছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের হজরত মুকিম শাহ একজন মজুফ দরবেশ ছিলেন। প্রায় দুই শ বছর আগে তিনি মারা যান। মৃত্যুর পর তাঁকে গ্রামের পাশে নির্জন এক স্থানে কবর দেওয়া হয়। এ কবরের আশপাশে তখন নিয়মিত বাঘ ঘুরঘুর করত। তাই কালক্রমে জায়গাটি ‘বাঘের মোকাম’ নামে পরিচিতি লাভ করে। কেউ কেউ আবার বলে থাকেন, ‘মুকিম শাহের মাজার’। এ মাজার ঘিরে বার্ষিক কোনো ওরস বা ইসালে সওয়াব মাহফিল হয় না। তবে প্রতি পৌষ মাসের প্রথম অথবা দ্বিতীয় বৃহস্পতিবার ঘটা করে ক্ষীরশিরনির আয়োজন করা হয়। গ্রামের মুরব্বিদের নিয়ে ফাতিহা পাঠ শেষে বিতরণ করা হয় এ শিরনি।
১৪২৯ বঙ্গাব্দে এই ক্ষীরশিরনির আয়োজন দেখতেই লক্ষ্মীপাশা যাওয়া। সঙ্গে ছিলেন কিম ভাই, মানে আবদুল করিম চৌধুরী—তিনি লক্ষ্মীপাশারই ভূমিপুত্র। কিম ভাই পথিমধ্যে জানান, মুকিম শাহ তাঁদেরই পূর্বপুরুষ। অবিবাহিত হওয়ায় মুকিম শাহের সরাসরি কোনো অধস্তন বংশধর নেই। তাঁর মোকাম ঘিরে একসময় রুট–শিরনি পরিবেশন করা হতো। কিন্তু চার দশক ধরে ক্ষীরশিরনির আয়োজন করা হচ্ছে। তবে ঠিক কবে থেকে এমন লৌকিক প্রথা শুরু হয়েছে, এর সঠিক উৎস জানা যায় না।
সিলেট থেকে সিএনজি অটোরিকশাযোগে আমরা লক্ষ্মীপাশার উদ্দেশে রওনা হয়েছিলাম। সে যাত্রায় কিম ভাই ছাড়াও তাঁর ফুফাতো ভাই ও সাবেক বামপন্থী ছাত্রনেতা মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস ছিলেন। রাজনীতির শত অলিগলি-মাড়ানো পোড়খাওয়া এই প্রবীণ মানুষ এখন সৌদি আরবপ্রবাসী। তবে গত এক দশক বেশির ভাগ সময় দেশেই কাটান। তিনি আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও বামপন্থী রাজনীতিসহ পুরোনো দিনের গল্প করছিলেন। সাতষট্টি পেরোনো ওয়েস ভাইয়ের অগাধ পাণ্ডিত্যের বিষয়টি তাঁর কথাবার্তাতেই টের পাওয়া যায়। তাঁর গল্পের ফাঁকফোকরে কিম ভাই বলে চলেন লৌকিক আয়োজন ক্ষীরশিরনিতে গ্রামের অবস্থাসম্পন্ন পরিবারগুলোর অংশগ্রহণ নিয়ে। অধিকাংশ বিত্তবান ও গৃহস্থ পরিবার খেতে উৎপাদিত বিন্নি চাল দিয়ে আয়োজনে শরিক হয়। অনেকে দেন টাকাপয়সাও।
লক্ষ্মীপাশা যাওয়ার আগেই কিম ভাইয়ের বদৌলতে জানা হয়ে যায় কেমন করে আগেকার দিনে নারী, পুরুষ, শিশুসহ গ্রামের সবাইকে এক কাতারে বসিয়ে কলাপাতায় ভরপেট ক্ষীরশিরনি খাওয়ানো হতো। তবে পরিবেশনার পদ্ধতি একই থাকলেও এখন কলাপাতার বদলে ঠাঁই নিয়েছে স্টিল, অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের পাত্র।
গল্প-কথা ফুরোবার আগেই আমরা লক্ষ্মীপাশায় ঢুকে পড়ি। বহুকাল পরে দেখাহওয়া আত্মীয়স্বজনদের সঙ্গে বাতচিত শেষে জোহরের নামাজ পড়তে ওয়েস ভাই আর কিম ভাই গ্রামের মসজিদে ঢোকেন। তাঁদের পিছু পিছু যাওয়া আমি মসজিদের পুকুরপাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে মুসল্লিদের দেখি। পরে নামাজ শেষে ওয়েস ভাই তাঁর সমবয়সী মামাতো ভাইয়ের সঙ্গে এক জানাজায় অংশ নিতে চলে যান পাশের মহল্লায়। আর কিম ভাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে আমি চলি মুকিম শাহের সমাধিস্থলে। আমাদের ডানে-বাঁয়ে সদ্য কর্তনহওয়া আমন ধানের ন্যাড়া জমি আর সারি সারি গোয়ালগাদ্দা শিমের মাচা। গ্রামীণ মানুষের ঔৎসুক্য দৃষ্টি আমাদের শরীরে মাখতেমাখতেই মিনিট পনেরো পরে পৌঁছে যাই সমাধিপ্রাঙ্গণে।
চারপাশ শীতল, শান্ত-সুনসান। প্রবীণ বটের ছায়ায় সাড়ে তিন হাত মাটির বিছানায় কমবেশি দুই শ বছর ধরে শুয়ে আছেন মুকিম শাহ। পুরো কবরস্থানটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো। কবর জিয়ারত করতে আসা এক নারী দুই হাত তুলে মোনাজাত করছেন। নারীটি যেখানে দাঁড়িয়ে আছেন, এর পাশেই কালো একটি বোর্ডে সাদা হরফে লেখা আছে কবর জিয়ারতের দোয়া। পাশের ছোট পুকুরটিতে অজু শেষে অনেকেই এখানে এসে তওবা শরিফ ও আয়তুল কুরসি পাঠের পাশাপাশি মোনাজাত করে যাচ্ছেন। কেউ কেউ মোনাজাত শেষে কবরে চুমু খাচ্ছেন, কেউবা জ্বালিয়ে দিচ্ছেন মোমবাতি-আগর।
মাজার এলাকায় অদ্ভুত এক সৌন্দর্য ছড়িয়ে আছে। শুষ্ক মৌসুম সত্ত্বেও আশপাশের গাছগুলোতে সবুজ পাতারা নড়ছে, দুলছে। আকাশে উড়ছে অচেনা পাখি। জিয়ারত শেষে ফেরার পথে কিম ভাই-ই বললেন, জনশ্রুতি রয়েছে—এই মোকামে প্রায়ই বাঘ জিয়ারতে আসত। এ কারণেই মানুষ ‘বাঘের মোকাম’ নামকরণ করেছে। সর্বশেষ ২০১১ সালে এখানে একটি বাঘ আসতে দেখা গেছে। তখন শিয়ালের ফাঁদে পড়ে বাঘটি আটকা পড়ে। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে বাঘটি হস্তান্তর করা হয়।
মাজার জিয়ারত শেষে সবাই চলে আসি ইশকুলের মাঠে। ততক্ষণে বাষট্টি বছরের পুরোনো মুরাদিয়া ছবুরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে কয়েক শ মানুষের ভিড় জমেছে। সবাই চতুর্ভুজ প্যাটার্নে স্টিল, প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে ক্ষীরশিরনি পাওয়ার আশায় দাঁড়িয়ে-বসে অপেক্ষা করছেন। অবশ্য কেউ কেউ আগেকার ঐতিহ্য ও রীতি মেনে কলাপাতাও নিয়ে এসেছেন। পাড়া-মহল্লা আর আশপাশের গ্রামের মানুষেরা এরাস্তা ওরাস্তা ধরে আসছেন। দুই থেকে তিনজন যুবক-তরুণ বড় বড় ডেকচি আর সুবিশাল পাত্রভর্তি ক্ষীর ধরাধরি করে এনে মাঠের এক কোনায় রাখেন।
ক্ষীর তখনো বিতরণ শুরু হয়নি। দেখি, মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। কাছে গিয়ে জানা গেল তাঁর নাম জিলাল আহমদ, বাড়ি উত্তর লক্ষ্মীপাশা। পঁয়তাল্লিশ বছর বয়সী পেশায় কৃষিজীবী জিলাল জানান, ক্ষীরশিরনি আয়োজনের সময়টাতে আমন ধান ঘরে ওঠে গৃহস্থদের। অনেক গৃহস্থ তাই এ আয়োজন পালন করতে আমন ধান দিয়ে থাকেন। পরে এসব ধান বিক্রি করে কেনা হয় বিন্নি চালসহ ক্ষীর তৈরির অন্যান্য উপকরণ। অনেকে ধানের বদলে টাকাও দেন। আমন ধান কাটার উৎসব-মুহূর্তে ক্ষীরশিরনির আয়োজনও গ্রামীণ মানুষের কাছে আরেকটা পৃথক উৎসব হিসেবেই হাজির হয়।
গিজগিজ করতে থাকা মানুষের ভিড়ের এক পাশে কলাপাতা হাতে দাঁড়িয়ে আছেন আসব্বির আলী। তাঁর বয়স পঁচাত্তর। দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের প্রবীণ এই ব্যক্তি বলেন, শৈশব থেকেই মুকিম শাহের মাজারে তাঁর যাওয়া-আসা। গত কয়েক বছর নিয়মিত তিনি এ দিনটিতে ক্ষীরশিরনি নিতে হাজির হন। পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের কৃষক খলিক উদ্দিন (৬৫) বলেন, মুকিম শাহ আর বাঘের প্রায়ই দেখা-সাক্ষাৎ হয়েছে বলে গ্রামের সবাই বিশ্বাস করেন। মুকিম শাহ মারা যাওয়ার পরও এখানে বাঘ আসত প্রায়ই। এ মোকামে এসে পবিত্র মনে মানত করলে সফলতা আসে।
ক্ষীরশিরনি বিতরণ করা শেষ হলে ধীরে ধীরে মাঠ শূন্য হয়। একটু আগের ধুলাওড়া চঞ্চল মাঠে নেমে আসে নিস্তব্ধতা। যিনি এই লৌকিক আয়োজনের এখনকার মূল ব্যক্তি, সেই পঞ্চাশোর্ধ্ব মবরুর আহমদের পিছু পিছু আমরাও তাঁর বাড়িতে ফিরি। গত সাত বছর মবরুর ক্ষীরশিরনি আয়োজন করে আসছেন, আগে তাঁর বড় ভাই ১৫ বছর এ আয়োজনে যুক্ত ছিলেন, এর আগে ছিলেন তাঁর বাবা। মবরুর জানান, ষাট কেজি বিরুণ চাল আর পঁচাত্তর কেজি গুড় দিয়ে দেড় হাজার মানুষের জন্য এবার ক্ষীরশিরনির আয়োজন করা হয়েছিল। এ ছাড়া ক্ষীর তৈরিতে দুধ, নারকেল, ঘি, বাদাম, চিনি ও এলাচিসহ নানা উপকরণ তো ছিলই।
মবরুরই জানান, একটা সময়ে বাঘের মোকাম ঘিরে রুট–শিরনির আয়োজন হতো। রুট শিরনি মানে একধরনের পিঠা। আতপ চালের গুঁড়ার সঙ্গে হলুদ, পেঁয়াজ, আদা ও ঘিয়ের মিশ্রণে বড় গোলাকার এই পিঠা আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। তবে এর প্রস্তুতপ্রণালি জটিল হওয়ায় একটা সময়ে এখানে ক্ষীরশিরনির প্রচলন শুরু হয়। চার দশক ধরে এ রীতিই পাকাপোক্ত রূপ নিয়েছে। এখানকার বাসিন্দাদের কাছে এই লৌকিক আয়োজন উৎসবের মতো করে প্রতিবছরই ঘটা করে উদ্যাপিত হয়। গ্রামের ধনী-গরিবনির্বিশেষে সব মানুষের অংশগ্রহণ এতে রয়েছে।
ক্ষীরশিরনির স্বাদবঞ্চিত হইনি আমরাও। মবরুর ভাই তাঁর ঘরে বসিয়ে নিজ হাতে পাতে তুলে দেন শিরনি। গুড়, নারকেল আর ঘিয়ের কারণে আঠালো হয়ে আছে ক্ষীর। সুঘ্রাণ উড়ছে, খেতেও দারুণ। পাতের ক্ষীর শেষ হতেই একটু আগে মাঠের কোনায় বসে থাকা সেই বালিকাকেই আমি অনুসরণ করলাম। যে কিনা একটু আগে হাতের আঙুলে লেগে থাকা ক্ষীর চেটেপুটে সাবাড় করে দিয়েছিল। আমার আঙুলও তা-ই। ক্ষীর সাবাড় হয়ে যায়, থেকে যায় স্বাদের রেশ।