গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

অতীশ দীপঙ্করের জন্মদিন

শান্তির পায়রা

শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের সহস্রতম জন্মতিথি উপলক্ষে ঢাকা আউটার স্টেডিয়ামে ওড়ানো হয়েছে নানা রঙের বেলুন আর একঝাঁক সাদা পায়রা। কালো রঙের নিক্করম্যাট ক্যামেরায় এই দৃশ্যের ছবি তুলছেন দৈনিক ইত্তেফাকের বিখ্যাত আলোকচিত্রী রশীদ তালুকদার। অনেকগুলো পায়রা কিছুক্ষণ উড়ে উড়ে আকাশের নীলিমায় মিশে গেল। একটি পায়রা এসে বসেছে রশীদ তালুকদারের মাথার ওপর। পায়রাটি হতবাক হয়ে দেখছে আলোকচিত্রীর শাটার টেপা। আরেকটি পায়রা আনন্দে তাঁর আশপাশ দিয়ে উড়ছে। পাশ থেকে এই মনোরম দৃশ্য উপভোগ করছেন বাংলাদেশের আরেক বিখ্যাত আলোকচিত্রী বিজন সরকার।

শান্তির পায়রা [আউটার স্টেডিয়াম, ঢাকা, ১ মার্চ, ১৯৮৩]। আলোকচিত্র: এ কে এম মহসীন

রশীদ তালুকদারের কাছ থেকে কয়েক মিটার দূরেই ছিলেন দ্য নিউ নেশন পত্রিকার আলোকচিত্রী এ কে এম মহসীন। তিনি তাঁর প্যানটেক্স কে-১০০০ ক্যামেরা আর ৫০ মিলিমিটার লেন্সে তুললেন এই বিশেষ মুহূর্তের ছবি। তাঁর কাছে মনে হলো অতীশের জন্মানুষ্ঠানের এটাই ডিসাইসিভ মোমেন্ট। বিকেলে ডার্করুমে ঢুকে ছবি প্রিন্ট করে জমা দিলেন ফটোগ্রাফি বিভাগের প্রধানের কাছে। ছবিটি তোলার জন্য প্রশংসার পরিবর্তে তিনি বকাবাদ্য শুনলেন। তাঁকে শুনতে হলো ‘এই ছবি তুলে কেন ফিল্ম নষ্ট করো।’ পরদিন দ্য নিউ নেশনে ছবিটি ছাপা হলো না। ছাপা হলো সাধারণ মানের আরেকটি ছবি। চারদিন পর [১৯৮৩ সালের ৫ মার্চ] নিউ নেশন ম্যাগাজিন চার কলাম বক্স করে বেশ গুরুত্বের সঙ্গে ছাপল ছবিটা। শিরোনাম—‘ইট বিগ্যান লাইক দিস’।

শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের সহস্রতম জন্মতিথি উপলক্ষে ১ মার্চ [১৯৮৩] সকালে ঢাকায় একটি শান্তি মিছিল বের হয়। দেশ-বিদেশের প্রায় ৫০০ বৌদ্ধ ভিক্ষু এই শান্তি মিছিলে অংশ নেন।
দ্য নিউ নেশনে ছাপা হওয়া ছবি [৫ মার্চ ১৯৮৩]। সংগ্রহ: সাহাদাত পারভেজ

ওই দিন আসলে কী ঘটেছিল জানতে চোখ রাখি পরের দিনের দৈনিক পত্রিকার পাতায়। দৈনিক বাংলা আর দৈনিক সংবাদ পত্রিকার প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, অতীশ দীপঙ্করের সহস্রতম জন্মতিথি উপলক্ষে ১ মার্চ সকালে ঢাকায় একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি সকাল ৭টায় কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধবিহার থেকে বের হয়ে নটর ডেম কলেজ, মতিঝিল বাণিজ্যিক এলাকা ও গুলিস্তান দিয়ে আউটার স্টেডিয়ামে এসে শেষ হয়। দেশ-বিদেশের প্রায় ৫০০ বৌদ্ধ ভিক্ষু এই শান্তি মিছিলে অংশ নেন। মিছিলে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, জাপান, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে আগত প্রতিনিধিরাও। মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের এবং ভারতের মহাসংঘনায়ক আনন্দমিত্র মহাস্থবির। বিশাল মিছিলটি আউটার স্টেডিয়ামে এসে সমবেত হয়। ত্রিপিটক থেকে পাঠ করা হয় বুদ্ধের শান্তির বাণী। প্রজ্জ্বালন করা হয় মঙ্গলপ্রদীপ। দেশ-বিদেশের প্রতিনিধিরা আকাশে উড়িয়ে দেন রঙিন বেলুন আর শান্তির কপোত।