অনন্ত জলিলের ছবি অবলম্বনে
অনন্ত জলিলের ছবি অবলম্বনে

অনন্ত জলিলের বাসনা ও মধ্যবিত্ত দর্শকের মানস

অনন্ত জলিল নাকি দেউলিয়া হয়ে যাচ্ছেন! এও কি সম্ভব? এমনটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল তাঁরই করা বিজ্ঞাপনের সেই পাঞ্চলাইন ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ’।

অনন্ত জলিল দেউলিয়া হয়ে যাচ্ছেন—তা নিয়ে আমার নিউজফিড মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এক ভাগ ট্রলে ফেটে যাচ্ছে, আরেক ভাগ বলছেন এই গার্মেন্টস ব্যবসায়ীর পাশে দাঁড়ানো উচিত সরকারের। তবে আরেকটি অংশ অবশ্য বেশ সন্দিহান, এটা চতুর ব্যবসায়ীসুলভ কোনো চাল কি না!

যে যা–ই বলুক, আমরা চলচ্চিত্রে ফিরি। মান্না–পরবর্তী সময়ে বাংলা সিনেমার জগতে অনন্ত জলিল আর যা–ই হোক, একটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। তিনি তাঁর চলচ্চিত্র দিয়ে হলবিমুখ মধ্যবিত্তকে হলে ফিরিয়েছিলেন। এর বেশ আগে থেকেই বাংলাদেশের মধ্যবিত্ত দর্শক সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং ড্রয়িংরুমের ছোট্ট পর্দায় ধীরে ধীরে সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে পড়ে। কারণ, নির্মাণশৈলী থেকে শুরু করে সিনেমা প্রদর্শনের প্রাযুক্তিক দুর্বলতা তত দিনে এমন জায়গায় পৌঁছায় যে কোনোভাবেই হলে গিয়ে সিনেমার এনিগমা পাওয়া মধ্যবিত্তের জন্য আর চয়েস হিসেবে রইল না। দর্শক হিসেবে পড়ে রইল নিম্নবিত্ত মানুষ—পরিবহনশ্রমিক কিংবা ছোটখাটো কিছু করে খাওয়া আর গার্মেন্টস শ্রমিক। মান্না মারা গেলেন ২০০৮–এ। আর অনন্ত জলিল পর্দায় এলেন ২০১০ সালে। এরপর তিনি নিয়মিত বিরতিতে কয়েক বছর বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। সে সময় অনন্ত জলিলের সিনেমা দেখা এবং পরবর্তী সময়ে সেগুলো নিয়ে আলোচনা–সমালোচনা এমনকি হাসাহাসি, তাঁর দেওয়া সংলাপ দিয়ে লোককে পচানো—সবই করেছে এই মধ্যবিত্ত দর্শক। আমি বলব অনন্ত জলিল যেভাবে মধ্যবিত্ত দর্শককে মাথায় রেখে চলচ্চিত্র তৈরি করেছেন, মধ্যবিত্ত দর্শক তাঁকে ঠিক সেই জায়গা থেকে সিনেমাগুলো উপভোগ করেনি। বরং তাদের কাছে অনন্ত জলিলের সিনেমা দেখা বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে একরকম ‘ফানটাইম’।

অনন্ত জলিল

এখানেই মান্না–পরবর্তী সময়ের সুপারস্টার হতে চাওয়া অনন্ত জলিল এবং সুপারস্টার শাকিব খানের মধ্যে অন্তত একটি জায়গায় অসম্ভব রকম মিলে যায়। একজন গার্মেন্টস শ্রমিকদের শ্রমে–ঘামে উপার্জিত রেমিট্যান্স দিয়ে অবস্থান তৈরি করেছেন। আরেকজনের দীর্ঘদিনের ক্যারিয়ারে ভক্তকুলের একটা বড় অংশ গার্মেন্টস শ্রমিক, যার বেশির ভাগ আবার নারী। কিন্তু তাঁরা দুজনই এই বৃত্তের দর্শককে চাননি। যে দর্শক ভালো আয় করে না, আরও নানা দেশের সিনেমা দেখে না, ব্র্যান্ডের পোশাক বানালেও কিনে পড়ার যোগ্যতা নাই, তাদের ভক্তি–ভালোবাসা হয়তো সেই রিকগনিশনটা তারকাদের দেয় না। অনন্ত জলিল সব সময়ই মরিয়া ছিলেন তাঁর শানশওকত প্রদর্শন করতে, মধ্যবিত্ত দর্শক সেগুলো মজা করে দেখেছে। তাঁর ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রল করেছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। একইভাবে শাকিব খান এখন আর নিম্নবিত্ত দর্শকেরা যেসব হলে গিয়ে চলচ্চিত্র দেখে সেসব হলের জন্য সিনেমা করেন না। যে নারী শ্রমিকের চোখে তিনি ছিলেন একজন মিষ্টি রোমান্টিক স্বপ্নের পুরুষ। এমন ইমেজে শাকিব খানকে এখন আর দেখা যায় না। অর্থাৎ যারা তাঁকে আজ আজকের সুপারস্টার বানিয়েছে, তিনি এখন তাদের পছন্দের ইমেজ থেকে সরে আসছেন। এর সব দায় আমি তাঁদের দুজনকে দিচ্ছি না। আস্ত একটা ইন্ডাস্ট্রি যখন ভেঙে পড়ে, তখন একা মানুষের হয়তো করার কিছু থাকে না। কিন্তু সেই আফসোসটা তাদের মধ্যে খুঁজেই পাওয়া যায় না।

অনন্ত জলিল সব সময়ই মরিয়া ছিলেন তাঁর শানশওকত প্রদর্শন করতে, মধ্যবিত্ত দর্শক সেগুলো মজা করে দেখেছে। তাঁর ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রল করেছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। একইভাবে শাকিব খান এখন আর নিম্নবিত্ত দর্শকেরা যেসব হলে গিয়ে চলচ্চিত্র দেখে সেসব হলের জন্য সিনেমা করেন না। যে নারী শ্রমিকের চোখে তিনি ছিলেন একজন মিষ্টি রোমান্টিক স্বপ্নের পুরুষ। এমন ইমেজে শাকিব খানকে এখন আর দেখা যায় না।

অনন্ত জলিল গুচ্ছের টাকা ভেঙে ছবি তৈরি করেছেন, একজন সফল ব্যবসায়ী তিনি হিরোও হতে চান। ব্যাপারটায় শিল্প যত না আর্ট অর্থে মিশে আছে, তার চেয়ে বেশি মিশে আছে একজন ব্যবসায়ীর টাকা থাকলেই সব পারা যায়—এই অহম। নিজেকে প্রকৃত শিল্পী হিসেবে গড়ে না তুলে সুপারস্টার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে তিনি এমন সব ছবি তৈরি করলেন, যেসব ছবিতে নায়কের চরিত্রও কমবেশি সুপারস্টারের মতোই। এসব সিনেমা দেখে মধ্যবিত্ত দর্শকের বুঝতে বাকি থাকে না যে চলচ্চিত্রশিল্পের চেয়ে সুপারস্টার হওয়ার জনপ্রিয়তা বা উচ্চাকাঙ্ক্ষাই বরং তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এ থেকে তিনি তাঁর স্ত্রী বর্ষাকেও বাদ রাখেননি। তাঁর প্রতিটি চলচ্চিত্রের মূল নায়িকা বর্ষা। এবং তাঁর স্ত্রী কেবল মাত্র তাঁর সঙ্গেই সিনেমা করেছেন, অন্য কোনো সিনেমা তিনি করেননি। স্টার সিনেপ্লেক্সে আমার অনন্ত জলিলের স্পিড দেখার অনুভূতি ছিল ভয়াবহ। দর্শক যেন সিদ্ধান্ত নিয়েই এসেছিলেন তামিল ছবির নায়কদের মতো হিরোগিরি করতে গিয়ে অনন্ত জলিলের নানা বিচ্যুতিগুলো কীভাবে হেসে ওড়াবেন। এটা অস্বাভাবিকও নয়, সারা দুনিয়া না হোক বলিউড, দক্ষিণি, হলিউড কিছু কোরিয়ান আর পশ্চিম বাংলার আর্ট ফিল্ম পৌঁছে গেছে যাদের শোবার ঘরে, তাদের কাছে ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের জন্য মনে–মগজে তো একটা স্ট্যান্ডার্ড ফিট হয়েই যায়।

‘দিন: দ্য ডে’ সিনেমার একটি দৃশ্য

কেবল মধ্যবিত্তকে মাথায় রেখে সিনেমায় লগ্নি করাটা ব্যবসায়িক দিক থেকেও দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তও নয়। বরং গরিব খেটে খাওয়া মানুষ দেশীয় সিনেমার সবচেয়ে বিশ্বস্ত খদ্দের এখনো আমি মনে করি এই মরোমরো পড়োপড়ো ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। একটা নির্দিষ্ট গণ্ডির কাছে জনপ্রিয় হতে চেয়ে শেষ পর্যন্ত তিনি বা তাঁর স্ত্রী হয়তো ভাইরাল হতে পেরেছেন। সত্যিকার অর্থে ‘খোঁজ দ্য সার্চ’ বা ‘মোস্ট ওয়েলকাম’ চলচ্চিত্রের সেই সুপারহিরোসুলভ ব্যক্তিত্ব হয়ে ওঠেননি। এসব আলোচনা করতে গিয়ে ওরসন ওয়েলসের ‘সিটিজেন কেন’ চলচ্চিত্রটির কথা বারবার মনে পড়ে যায়। সিটিজেন কেন চেয়েছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী আলেক্সান্দ্রা হবে প্রখ্যাত অপেরা শিল্পী, তাঁর জন্য তিনি অপেরা হাউসও বানিয়েছিলেন। কিন্তু তার জন্য যথেষ্ট প্রতিভা আলেক্সান্দ্রার ছিল না। টাকা বা পেশিশক্তির জোরে সিটিজেন কেন যে জনপ্রিয়তা চেয়েছিলেন তা থেকে তাঁর শিল্পমানসের চেয়েও ক্ষমতা বা উচ্চাকাঙ্ক্ষাই ফুটে ওঠে চলচ্চিত্রটিতে।

কেবল মধ্যবিত্তকে মাথায় রেখে সিনেমায় লগ্নি করাটা ব্যবসায়িক দিক থেকেও দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তও নয়। বরং গরিব খেটে খাওয়া মানুষ দেশীয় সিনেমার সবচেয়ে বিশ্বস্ত খদ্দের এখনো আমি মনে করি এই মরোমরো পড়োপড়ো ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে। একটা নির্দিষ্ট গণ্ডির কাছে জনপ্রিয় হতে চেয়ে শেষ পর্যন্ত তিনি বা তাঁর স্ত্রী হয়তো ভাইরাল হতে পেরেছেন। সত্যিকার অর্থে ‘খোঁজ দ্য সার্চ’ বা ‘মোস্ট ওয়েলকাম’ চলচ্চিত্রের সেই সুপারহিরোসুলভ ব্যক্তিত্ব হয়ে ওঠেননি।

চলচ্চিত্রের বাজেট নিয়ে অনন্ত জলিলকে হরহামেশা অবিশ্বাস্য সব মন্তব্য করতে দেখা গেছে, বিশেষত ‘দিন দ্য ডে’র জন্য। কান চলচ্চিত্র উৎসবের (মূল উৎসবের বাইরে) সময় তিনি তাঁর ছবি দেখানোর ব্যবস্থা করেছিলেন। বর্ষা এক পোশাক বারবার পরেন না এমন মন্তব্য করতেন। এখন এসব নিয়েও লোকজন ট্রল করছে, এসবের জন্যই তাহলে কি তিনি দেউলিয়া হলেন?

অনন্ত জলিল ও বর্ষা

টাকাপয়সা প্রভাব–প্রতিপত্তি এই সবকিছু দিয়ে একটা ‘অঁরা’ তৈরির চেষ্টা যেমন তাঁদের মধ্যে ছিল, যা ছিল না তা হলো অভিনয়, শিল্পীসুলভ যাপন কিংবা গভীর দৃষ্টিভঙ্গি, জীবনবোধ, সৃজনশীলতা। তাই হয়তো বর্ষা অনন্ত যেমন হুজুগে চলচ্চিত্র জগতে এলেন, তেমনি আবার চলচ্চিত্র থেকে দূরেও চলে গেলেন। প্রথম দিককার চলচ্চিত্রের মতো ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দিন দ্য ডে’ সেই অর্থে হাইপও তৈরি করতে পারেনি। অথচ অনন্ত জলিলের মতো জাত ব্যবসায়ীর কাছ থেকে আরও ভিন্ন কিছু পেতে পারত বাংলাদেশের মানুষ। তিনি ভালো প্রযোজক হিসেবে থেকে যেতে পারতেন। কেবল প্রযোজনা কিংবা পরিবেশনা বা ডিস্ট্রিবিউশন হতে পারত তাঁর কাজের জায়গা। তাহলে জাঁদরেল জাঁদরেল ব্যবসায়ীর পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে অবদান রাখতে পারতেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।

–––––––

তানিয়া সুলতানা, শিক্ষক ও চলচ্চিত্র গবেষক