প্রথম আলো পত্রিকা অবলম্বনে গ্রাফিকস
প্রথম আলো পত্রিকা অবলম্বনে গ্রাফিকস

সমালোচনা করি, তবু কেন ‘প্রথম আলো’ পড়ি

আজ ৪ নভেম্বর। প্রথম আলোর রজতজয়ন্তী। দিনে দিনে পাঠকের মধ্যে প্রথম আলো একটি আস্থার জায়গা তৈরি করতে পেরেছে, পাঠকের অভ্যাসের অংশ হতে পেরেছে। তবে কোনো কোনো ক্ষেত্রে পাঠকেরা যে এই সংবাদমাধ্যমের সমালোচনা করেন না, এমন নয়। তবু সমালোচনার পরও কেন ‘প্রথম আলো’ পড়েন পাঠক? গণমাধ্যমের উন্নয়নে কাজ করে, এমন একটি বেসরকারি সংস্থায় কর্মরত নাদিয়া সারওয়াত। এ লেখায় তিনি খুঁজেছেন প্রশ্নটির জবাব।

সাত–আট বছর ধরে একটানা ‘প্রথম আলো’ রাখার পর হঠাৎ একদিন আমার আব্বার মনে হলো, এবার নতুন কোনো পত্রিকা রাখবেন বাসায়। সেই সময় বেশ হইচই করে নতুন একটি পত্রিকা বাজারে এসেছে, ঠিক হলো সেটাই রাখা হবে। বেশ কয়েক দিন গেল, নতুন পত্রিকা সম্পর্কে আব্বার মনোভাব ইতিবাচকই মনে হচ্ছে। এদিকে আমার আম্মা কিন্তু পত্রিকা পড়া বাদ দিয়ে দিলেন। আগে সকালে উঠেই কাড়াকাড়ি লেগে যেত, কে আগে পত্রিকা পড়বে, অনেক সময় ভাগাভাগি করেও পড়া হতো। এখন উৎসাহে কিছুটা ভাটা পড়েছে দেখা গেল সবারই। এরপর প্রায়ই দেখা গেল, আব্বা বাজারে গেলেই ফেরার সময় হাতে করে একটি ‘প্রথম আলো’ নিয়ে আসছেন। জিজ্ঞাসা করলে বলেন, দেখি ‘প্রথম আলো’ ওই ঘটনাটা নিয়ে কী লিখেছে! আর আম্মা তো বলেই বসলেন, ‘প্রথম আলো’ ছাড়া অন্য পত্রিকা পড়লে মনে হয় পত্রিকাই পড়া হয়নি। অনেকটা নীরবেই কিছুদিন পর বাসায় আবার নিয়মিত হয়ে গেল ‘প্রথম আলো’।

এই ঘটনা অন্তত ১০ বছর আগের। এখন আর সকালে উঠেই পত্রিকা পড়ার অবকাশ হয় না। হাতে হাতে মুঠোফোন, অফিসেও কম্পিউটারে সব সময়ই অনলাইনে থাকা হয়। ফাঁকে ফাঁকে সারা দিন ধরেই কিছু না কিছু খবর পড়া হয়। তবে বাসায় এখনো রাখা হয় সেই ‘প্রথম আলো’ই। দিনে অন্তত একবার হলেও ছাপা কাগজটা হাতে ধরে পড়ার যে অভ্যাস রয়ে গেছে, সেই অভ্যাসের অনুষঙ্গ হয়ে গেছে ‘প্রথম আলো’।

আমি জানি, এটা শুধু আমার অভিজ্ঞতা নয়। বাংলাদেশে সংবাদপত্রের পাঠকদের একটা বড় অংশই ‘প্রথম আলো’র একনিষ্ঠ পাঠক। অনেক সমালোচনার পরও যেন অভ্যাসের বশেই তাঁরা নিয়মিত পড়ে চলেছেন দুই দশকের বেশি পুরোনো পত্রিকাটি। কিন্তু এই পাঠকের এ অভ্যাস কীভাবে গড়ে তুলল ‘প্রথম আলো’?
উত্তর খোঁজার চেষ্টা করা যাক।

দিনের প্রধান খবরগুলো মোটামুটি সব পত্রিকাতেই থাকে, চাইলে টিভিতেও দেখে নেওয়া যায়। তাহলে কোনো একটা বিশেষ পত্রিকা বেছে নেওয়ার কারণ কী? এককথায় এর সহজ উত্তর হলো আস্থা। এই আস্থা যে পত্রিকায় যে খবর আমি পড়ছি, সেটা সঠিক, সম্পূর্ণ ও নিরপেক্ষ। এই আস্থা এক দিনে তৈরি হয় না। ‘প্রথম আলো’ শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের সেই আস্থা অর্জন করেছে। বাংলাদেশে সংবাদমাধ্যমের চলার পথ কখনোই খুব সুগম ছিল না, এখনো নেই। কিন্তু পেশার সম্মান রেখে, ‘প্রথম আলো’র সাংবাদিকেরা সব সময়ই চেষ্টা করে গেছেন সাহসী ভূমিকা রাখার। পাঠকও ‘প্রথম আলো’র এই চেষ্টাটুকুর মর্যাদা দিতে ভোলেননি। তা ছাড়া যখন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একাধিক মাধ্যম থেকে জেনেই নেওয়া যায়, তখন সেই খবরগুলো সম্পর্কেই বাড়তি কিছু জানতে চায় মানুষ। হতে পারে সেটা কোনো খবরের প্রতিক্রিয়া, সম্ভাব্য প্রভাব, পেছনের ঘটনা, ব্যাখা, গ্রহণযোগ্য বিশ্লেষণ ইত্যাদি। এই বিষয়গুলোও ‘প্রথম আলো’ খুব গুরুত্বের সঙ্গেই সরবরাহ করে থাকে। জনস্বার্থসংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হলে, সেটা নিয়ে ফলোআপটাও পাওয়া যায়।

প্রথম আলো’র ছাপা সংস্করণ

বলা হয়, সংবাদের প্রাণ হলো অনুসন্ধানী সাংবাদিকতা। সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি, অনিয়মের ঘটনা তুলে আনতে পারে অনুসন্ধান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতে বাধ্য করতে পারে। ‘প্রথম আলো’র নিয়মিত পাঠকেরা জানেন, এ ধরনের সংবাদের ক্ষেত্রে পত্রিকাটি কতটা শক্তিশালী। অর্থনীতি, বাণিজ্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, খেলা কিংবা বিনোদন—সব ধরনের সংবাদের ওপরই আলাদা গুরুত্ব চোখে পড়ে।

পাঠকের আস্থাভাজন হতে হলে বস্তুনিষ্ঠ সংবাদের বাইরেও আরেকটি জিনিস প্রয়োজন, সেটা হলো পাঠকের ভালো লাগা তৈরি করা এবং তার সঙ্গে একধরনের সম্পর্ক স্থাপন। পাঠক তখনই কোনো খবর পড়তে পছন্দ করেন, যা তাঁর নিজের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত, অর্থাৎ এমন খবর, যার মধ্যে পাঠক নিজেকে খুঁজে পান। ‘প্রথম আলো’ খুব ভালোভাবেই সব ধরনের পাঠকের সেই মনের খোরাক জোগান দিয়ে আসছে।

তবে পাঠকের আস্থাভাজন হতে হলে বস্তুনিষ্ঠ সংবাদের বাইরেও আরেকটি জিনিস প্রয়োজন, সেটা হলো পাঠকের ভালো লাগা তৈরি করা এবং তার সঙ্গে একধরনের সম্পর্ক স্থাপন। পাঠক তখনই কোনো খবর পড়তে পছন্দ করেন, যা তাঁর নিজের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত, অর্থাৎ এমন খবর, যার মধ্যে পাঠক নিজেকে খুঁজে পান। ‘প্রথম আলো’ খুব ভালোভাবেই সব ধরনের পাঠকের সেই মনের খোরাক জোগান দিয়ে আসছে। নানা বয়সী, নানা পেশার, নানা শ্রেণির মানুষের উপযোগী সংবাদ, যাকে বলে ‘ইনক্লুসিভ জার্নালিজম’, তার একটা চর্চা দেখা যায় এখানে। এ প্রসঙ্গে নারীর কথা না বললেই নয়। পুরুষতান্ত্রিক সমাজের অংশ হিসেবে, বাংলাদেশের গণমাধ্যমেও নারীর উপস্থিতি, সংবাদে তাদের দৃষ্টিকোণ বা স্বার্থের প্রতিফলন এখনো নগণ্য। কিন্তু এ অবস্থার পরিবর্তনে বরাবরই প্রতিশ্রুতি দেখিয়ে এসেছে ‘প্রথম আলো’। নারী সংবাদকর্মীদের জন্য অনুকূল কর্মপরিবেশ, জেন্ডার সংবেদনশীলতাসহ নারী ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখা তাদের প্রাতিষ্ঠানিক নীতি হিসেবেই রয়েছে। দেশের খুব কম সংবাদপ্রতিষ্ঠানেরই এ অবস্থান রয়েছে। প্রথম আলো যে এই অবস্থান ও নীতি গ্রহণ করেছে, এতে করে শুধু যে সামাজিক দায়বদ্ধতা পালন করা হচ্ছে, তা-ই নয়; দৈনিকটি লাভবানও হচ্ছে বলে আমি মনে করি। কারণ, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী আর পাঠক হিসেবে তাঁদের ধর্তব্যের মধ্যে আনা যে ব্যবসায়িকভাবেও গুরুত্বপূর্ণ, সেই সত্য প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখছে ‘প্রথম আলো’।

নিজের অভিজ্ঞতা থেকে আরেকটি আগ্রহোদ্দীপক ঘটনা উল্লেখ করা যেতে পারে। আমার বর্তমান কর্মস্থল, গণমাধ্যমের উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থা এমআরডিআইয়ের একটি প্রকল্পের অংশ হিসেবে এক জরিপের কাজে অংশ নিয়েছিলাম। জরিপটি ছিল গণমাধ্যমের ওপর মানুষের আস্থা নিয়ে। করোনা মহামারির সময় যখন অনেক পত্রিকা তাদের কাজ গুটিয়ে নিতে বাধ্য হচ্ছিল, যখন ক্রমেই মানুষ ছাপা পত্রিকার বদলে অনলাইন, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নিতে শুরু করেছে, যখন অনলাইনে গুজব আর ভুয়া সংবাদ আমাদের মূলধারার গণমাধ্যমের জন্য একটা বড় সংকট হিসেবে আবির্ভূত হচ্ছে, ঠিক সে সময় করা হয় জরিপটি। সেই জরিপে উঠে এসেছিল, দেশের গণমাধ্যমগুলোর ওপরে মানুষের আস্থা আগের চেয়ে অনেক কমে গেছে। আর এই ক্রান্তিকালেও যে পত্রিকার ওপর পাঠকের নির্ভরতা, তার নাম ‘প্রথম আলো’। মাঠপর্যায়ে জরিপে অংশ নেওয়া বরিশালের এক কর্মজীবী নারীর মন্তব্য এখনো মনে আছে, ‘“প্রথম আলো” পড়লে মনে হয় তারা আমার মতো নারীদের কথা চিন্তা করেও কিছু খবর ছাপায়।’

দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করে আমার এটুকু উপলব্ধি হয়েছে যে সব সময় মানুষ দেশের রাজনীতি, সমাজনীতি বা সংকটের খবরই জানতে চায় না, তারা সংকটের সমাধানের পথও দেখতে চায়, দেখতে চায় আশা আর ইতিবাচক খবর। নিঃসন্দেহে, সেদিক দিয়েও এগিয়ে আছে ‘প্রথম আলো’।

তবে ‘প্রথম আলো’র যখন কোনো ভুল বা বিচ্যুতি হয়, তখন তা পাঠককে পীড়া তো দেয় বটেই, অনেক সময় তাঁরা ক্ষুব্ধও হন। পাঠকেরা সেটি নিয়ে সরব হন। সমালোচনা করেন, কেউ কেউ হয়তো ট্রলও করেন।

কিন্তু কেন তাঁরা এটা করেন? এ প্রশ্নের একটাই উত্তর, ‘প্রথম আলো’র কাছ থেকে পাঠক কোনো ভুল বা বিচ্যুতি আশা করেন না। মজার ব্যাপার হলো, যাঁরা এই পত্রিকার সমালোচনা করেন, দেখা যায়, তাঁরাই আবার কোনো খবর সম্পর্কে নিশ্চিত হতে, খবর সম্পর্কে আরও বিশদভাবে জানতে ‘প্রথম আলো’র ছাপা পত্রিকা কি অনলাইন সংস্করণেই ঢুঁ দেন। ওই যে বলেছিলাম, দিনে দিনে ‘প্রথম আলো’ একটি আস্থার জায়গা তৈরি করেছে, তার কারণেই বোধ হয় এমনটা ঘটে। যে কারণে সমালোচনার পরও পাঠক আবার ‘প্রথম আলো’র কাছেই আসেন।

শেষ করতে চাই সেই সমালোচনার জায়গাটা ধরেই। প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে দেশের সামাজিক পরিবর্তন এবং অগ্রযাত্রার দিকনির্দেশনা দেওয়ার গুরুদায়িত্বটা অনেকটা যেন আপনা থেকেই বর্তে গেছে ‘প্রথম আলো’র ওপর। প্রতিষ্ঠান হিসেবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এবং পত্রিকা চালানোর পাশাপাশি নানা রকম সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমেও যুক্ত হয়েছে, নেতৃত্ব দিচ্ছে ‘প্রথম আলো’। তবে সাংবাদিকতার নীতিনৈতিকতার বিষয়ে একচুল ছাড়ও কাম্য নয়। বিশেষত, অনলাইন আর ডিজিটাল মাধ্যমে গেটকিপিংটা জরুরি। বাংলাদেশে নিউ মিডিয়ার উত্থানের সূচনা পর্ব থেকেই নেতৃত্বের ভূমিকায় দেখা গেছে ‘প্রথম আলো’কে। কিন্তু অনেক সময়ই ক্লিকবেইট-নির্ভর সাংবাদিকতার ছায়া চোখে পড়ে যায় ‘প্রথম আলো’তেও। আবার জনরুচিকে প্রাধান্য দিতে গিয়ে সংবাদের গুরুত্ব নেই, এমন অনেক কিছুও পরিবেশন করা হয়। এসব ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার অবকাশ আছে মনে হয়। মনে রাখতে হবে, এখন অনেকেই অনলাইন বা অন্য কোনো মাধ্যমে পাওয়া খবরের সত্যতা যাচাই করতে ‘প্রথম আলো’রই দ্বারস্থ হয়। পাঠকের কাছে সেই আস্থার জায়গাটা ধরে রাখতে না পারলে বর্তমান সাফল্য ধরে রাখাটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে।