প্রকাশিত হলো ‘তর্ক’

প্রকাশিত হলো অনলাইন সাহিত্য জার্নাল ‘তর্ক বাংলা’র বিশেষ ছাপা পত্রিকা তর্ক। সংখ্যাটি সাজানো হয়েছে নানান বিষয়বৈচিত্র্যে।

কবি সাখাওয়াত টিপু সম্পাদিত তর্ক পত্রিকার দ্বিতীয় সংখ্যায় এবার স্থান পেয়েছে কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের অপ্রকাশিত পাঁচটি চিঠি। কাজী মোতাহার হোসেন এবং সদ্য প্রয়াত লেখক ও গবেষক আকবর আলি খানের সাক্ষাৎকার এখানে যেমন আছে, তেমনি রয়েছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সাক্ষাৎকার। এ ছাড়া নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারের যুগলবন্দী সাক্ষাৎকারে জানা যাবে এই শিল্পী দম্পতির অজানা অনেক কিছু।

প্রবন্ধ লিখেছেন সলিমুল্লাহ খান ও ফয়জুল ইসলাম। কবিতা লিখেছেন ফরহাদ মজহার, ওমর কায়সার, মিনার মনসুর ও আহমেদ নকীব। গল্পে সূচিবদ্ধ হয়েছেন বাদল সৈয়দ, মশিউল আলম, শাহ্‌নাজ মুন্নী ও মাহবুব মোর্শেদ।

সম্পাদক সাখাওয়াত টিপু বলেন, ‘এ সংখ্যায়ও নানান লেখার সমন্বয়ে আমরা বৈচিত্র্য ধরে রাখার চেষ্টা করেছি।’ ৪০০ টাকা মূল্যের পত্রিকাটি পাওয়া যাচ্ছে দেশের অভিজাত বইয়ের দোকানগুলোয়।

গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক