কারও না: ফারুক রানা

সূর্যটা ডুবে গেল। মায়ের লাশটা এখনো উঠোনে পড়ে আছে। পলিথিনে মোড়ানো। গাঙের এক পাড়ে বসে ভেজা চোখে পশ্চিমের লালচে আকাশ দেখছে রাহাত। চারপাশের পৃথিবীটাকে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে তার। পৃথিবীর প্রকৃতি, পৃথিবীর মানুষ, সম্পর্ক, জন্মদাতা পিতা, বড় আপু—কাউকেই সে আজ চিনতে পারছে না। এক অদ্ভুত নির্মম সত্য তাকে ভাবাচ্ছে।

ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই বড় আপুর কান্নামিশ্রিত কণ্ঠ কানে বাজল, 'রাহাত, ভাই আমার! তুই প্লিজ মায়ের লাশটার কাছে যাস না। বাবা আর তোর দুলাভাই পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসে মায়ের লাশটা নিয়ে যাবে।'

কথা শেষ না হতেই ফোনটা কেটে দিল রাহাত। সদ্য অপরিচিত হয়ে ওঠা এই পৃথিবীটার সাথে নিজেকেও কেমন যেন অপরিচিত লাগল। এক কঠিন উপলব্ধির মুখোমুখি দাঁড়িয়ে সে: সূর্যটা ডুবে গিয়ে অমাবস্যা দেখে কষ্ট পেলেও মানুষ সব সময় নিজেকেই ভালোবাসে।


[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: info@onnoalo.com, alimazij@gmail.com]