আমাদের ছোটবেলায় আঙুর ছিল বেশ দুর্লভ ফল। রাস্তার পাশে একটা–দুটো অভিজাত ফলের দোকানে সুতায় বেঁধে থোকায় থোকায় ঝুলিয়ে রাখা হতো একে। ফলে সাধারণ মানুষের কাছে আঙুর ফল তখন হয়তো টকই ছিল। হাতের নাগালের বাইরে থাকায় আমাদের চোখেও তখন আঙুর একটা বিশেষ ধরনের সমীহ জাগানো লোভনীয় ফল হিসেবেই বিবেচিত হতো, বাড়িতে নিজেদের খাওয়ার জন্য সচরাচর যা কেনা হতো না। সাধারণত গুরুতর অসুস্থ কোনো রোগী দেখতে গেলে পথ্য হিসেবে আঙুর ফল কেনা হতো উপহার হিসেবে সঙ্গে নেওয়ার জন্য।
একবার আমার নানা খুব অসুস্থ হয়ে পড়লেন। নেত্রকোনা থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তখন মুঠোফোন তো দূরের কথা, টিঅ্যান্ডটি ফোনেও লাইন পাওয়া কঠিন। আগে সম্ভবত টেলিফোন এক্সচেঞ্জে ফোন করে অপারেটরকে নম্বর দিতে হতো, তারপর অপারেটর সেখান থেকে নির্দিষ্ট নম্বরে সংযোগ দিতেন। অপর প্রান্তের কথাও অত স্পষ্ট শোনা যেত না। রিসিভারে কখনো শাঁ শাঁ, শোঁ শোঁ; কখনো চিঁ চিঁ শব্দের মধ্যে দূর থেকে ভেসে আসা কথা বুঝে নিতে হতো। একে বলা হতো ট্রাঙ্কল। টেলিফোনেরও একটা মিষ্টি বাংলা নাম ছিল—দূরালাপনী।
‘জামাই শোনেন, আপনের এত শরম পাওয়ার কিছু নাই। একটা ভুল হইছে, বুঝতে পারতেছি। কিন্তু এই ঘটনার জন্য আপনে আমার মেয়েকে কিচ্ছু বলবেন না! ওর ওপরে কোনো রাগ দেখাবেন না। বকাবকি করবেন না। আপনের কাছে এইটা আমার অনুরোধ।’
আঙুরের গল্প করতে এসে টেলিফোনের গল্প আর বেশি না করি। বিষয়টা হলো, নানার অসুখের খবর আব্বার অফিসে তার বসের টেবিলে রাখা দূরালাপনী যন্ত্রের মাধ্যমে ট্রাঙ্কল করে জানানো হয়েছিল।
আম্মা হলেন নানার বড় মেয়ে। তাঁর অতি প্রিয় আদরের সন্তান। পিতার অসুখের খবর শুনে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, ‘এই জন্যই তো কয় দিন ধরে আমার মনটা কু–ডাক ডাকতেছে। ঘুমের মধ্যে শুধু খারাপ স্বপ্ন দেখি। বুকটা কেমন জানি হাহাকার করে। এখন না বুঝলাম, এই সবের কারণ কী...কেন আমার এমন লাগে! আমার বাপের যে অসুখ, আমার মন তো আগেই সেটা টের পাইছে...’
টেলিফোন–টেলিগ্রাম না থাকার সময় মানবসমাজে টেলিপ্যাথি সম্ভবত অনেক শক্তিশালী ছিল। আব্বা সান্ত্বনা দিয়ে বললেন, ‘চিন্তা কোরো না। অবস্থা এখন ভালো। আমি কাল–পরশু সময় করে গিয়ে আব্বাকে দেখে আসব।’
আমাদের দুই বোনের তখন স্কুল ফাইনাল চলছে। ছোট ভাইটাও খুবই ছোট। তাই ইচ্ছা থাকলেও নানাকে দেখতে যাওয়ার আকুল আগ্রহ থেকে আম্মা বহু কষ্টে নিজেকে নিবৃত্ত করলেন।
আব্বা অফিস থেকে ছুটি নিয়ে ময়মনসিংহে যাওয়ার প্রস্তুতি নিলেন। রোগী দেখতে যাওয়া উপলক্ষে যথারীতি বাদামি কাগজের ঠোঙায় করে আধা সের পরিমাণ মালাকাইটের পাথরের মতো হালকা সবুজ রঙের টসটসে আঙুর ফল কিনে আনা হলো। আম্মা ততোধিক যত্নে আমাদের তৃষিত চোখের সামনে সেই ফল মিটসেফে ভরে রাখলেন। পরদিন ভোরের ট্রেনে আব্বা সেই আঙুরের ঠোঙা ব্যাগে ভরে অসুস্থ শ্বশুরকে দেখতে ময়মনসিংহে রওনা দিলেন।
নানার শরীর তখন আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে উঠেছে। হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, দু–এক দিনের মধ্যে তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন। হাসপাতালের কেবিনে নানার রোগশয্যা ঘিরে ছিলেন কাছের–দূরের কয়েকজন আত্মীয়স্বজন। নানার সঙ্গে নানিও আছেন হাসপাতালে। এ রকম সময়ে আব্বা গিয়ে দাঁড়ালেন তাঁর অসুস্থ শ্বশুরের শয্যাপাশে।
‘আরে ঢাকা থেকে বড় জামাই আসছে।’
‘আসেন বাবা বসেন, বসেন।’
আত্মীয়দের কেউ একটা চেয়ার এগিয়ে দেয়। নানার শরীরের ভালো–মন্দ খোঁজখবর নেন আব্বা। নানা–নানি তাঁদের মেয়ে আর নাতি–নাতনিদের কুশল জানতে চান।
আব্বা অতঃপর তাঁর ব্যাগ খুলে আঙুর ফলের বাদামি ঠোঙাটি সন্তর্পণে বের করে আনেন এবং সেটা নানির হাতে দিয়ে বলেন, ‘আব্বার জন্য একটু আঙুর আনছিলাম। কয়েকটা আঙুর ধুইয়া আব্বাকে দেন, খাক, অসুখের মুখে টক–মিষ্টি স্বাদটা ভালো লাগবে।’
‘কষ্ট করে এসব আনার আবার কী দরকার ছিল বাবা?’ ভাব করে নানি ঠোঙাটা হাতে নেন।
নানা বিছানায় শোয়া থেকে উঠে বসেন। আত্মীয়দের মধ্যে কেউ একজন একটা প্লেট জোগাড় করে আনে। নানি এবার ঠোঙার মুখ খুলে ভেতরে তাকান। তাঁর ডান হাতের আঙুলগুলো বাঁকা হয়ে প্রস্তুতি নেয় আঙুরগুলোকে প্রকাশ্যে বের করে আনার জন্য আর হঠাৎই কেমন বিব্রত ভঙ্গিতে থমকে যান নানি।
‘জামাই...বাবাজি...ইয়ে মানে, আপনে কি আঙুর আনছিলেন?’ নানি এবার ইতস্তত করে জানতে চান।
‘হ্যাঁ, আম্মা। কেন? শান্তিনগর বাজারের খুব বড় ফলের দোকান থেকে আনছি। একদম ফ্রেশ। টাটকা।’
‘কিন্তু...মানে...বাবা...এই ঠোঙায় তো দেখি আঙুর নাই...’
‘কী?’
আব্বা তড়াক করে চেয়ার ছেড়ে লাফ দিয়ে ওঠেন। হাসপাতালে উপস্থিত আত্মীয়স্বজনও উৎকর্ণ হয়।
‘হ্যাঁ, বাবা, ঠোঙাভর্তি তো দেখি আদা।’
‘আদা? বলেন কী আম্মা? এইটা কীভাবে সম্ভব? আমি তো নিজে গিয়ে দেখেশুনে আঙুর ফল কিনছিলাম! সেটা এক রাত্রের মধ্যে আদা হয়ে গেল? কীভাবে? আহ্–হা!’ কপাল চাপড়ে বলেন আব্বা, ‘এই যে দেখেন আপনাদের মেয়ের কাণ্ড! এটা তারই ভুল! একটা সামান্য কাজও সে ভালোভাবে করতে পারে না...আমাকে কেমন লজ্জায় ফেলল দেখেন দেখি...ছি ছি ছি...’
আব্বা খুবই বিব্রত, লজ্জিত, সংকুচিত।
এদিকে আব্বা স্টেশনে চলে যাওয়ার কিছুক্ষণ পরই রান্না করার জন্য মিটসেফে আদা খুঁজতে গিয়ে আম্মা টের পেলেন, কী ভয়ানক একটা অঘটন ঘটে গেছে! প্রায় একই রকম বাদামি কাগজের দুটো ঠোঙা পাশাপাশি থাকায় তাড়াহুড়া করে তিনি আঙুরের বদলে আদার ঠোঙা আব্বার ব্যাগে ভরে দিয়েছেন।
‘হায়! হায়! এইটা আমি কী করলাম! ব্যাগে ভরার আগে একটু যদি ঠোঙার মুখটা খুলে দেখে নিতাম! ইশ্শ! কেমনে এত বড় ভুলটা করতে পারলাম! আমার হাতেও একটু আন্দাজ পাইল না! এখন কী হবে! নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছা করতেছে আমার! উফ্... তোমাদের আব্বার যা মেজাজ, উনি তো আমার ওপর খুব রাগ করবেন!’
আম্মা একা একাই আফসোস করেন, অসহায়ের মতো কাঁদেন, মনটা খুব খারাপ হয়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গে আমরা দুই বোনও মন খারাপ করি। ছোট বোন শুকনো মুখে ফিসফিস করে জিজ্ঞেস করে, ‘এখন কি তাহলে আঙুর ফলগুলো আমরা খেতে পারব, আম্মা?’
আম্মা সে প্রশ্নের উত্তর দেন না, তাঁর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। তিনি একটু পরপর আহাজারি করতেই থাকেন।
ওদিকে হাসপাতালে মুখ টিপে হাসা আত্মীয়স্বজনের সামনে স্বাভাবিকভাবেই আব্বা মহাবিব্রত, মহালজ্জিত, সেই সঙ্গে প্রচণ্ড রাগান্বিত। তাঁর স্ত্রী যে কোনো কাজের না, একটা সামান্য জিনিস ঠিকমতো গুছিয়ে দেওয়ার যোগ্যতাও রাখে না, সেসব বলে তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছেন। এতক্ষণ নানা চুপ করেই ছিলেন। এবার তিনি বিছানা থেকে নেমে একটু এগিয়ে গিয়ে আব্বার দুই হাত চেপে ধরলেন।
‘জামাই শোনেন, আপনের এত শরম পাওয়ার কিছু নাই। একটা ভুল হইছে, বুঝতে পারতেছি। কিন্তু এই ঘটনার জন্য আপনে আমার মেয়েকে কিচ্ছু বলবেন না! ওর ওপরে কোনো রাগ দেখাবেন না। বকাবকি করবেন না। আপনের কাছে এইটা আমার অনুরোধ। বাপের অসুখের কথা শুইনা আমার মেয়েটা মাথা ঠিক রাখতে পারে নাই। ভুল কইরা নিজেই হয়তো কষ্ট পাইতেছে। আপনে এইটার জন্য তাকে আর কষ্ট দিবেন না, বাবা...।’
বড় হয়ে আম্মার মুখে বহুবার এই গল্প শুনেছি আমরা। এখনো বাসায় আঙুর কেনা হলে গল্পটা মনে পড়ে যায় আমার। কখনো ভাবি, ঘটনাটা নানার সঙ্গে না হয়ে যদি দাদাবাড়ির সঙ্গে ঘটত! যদি দাদার রোগশয্যায় আম্মা ভুল করে আঙুরের বদলে আদার প্যাকেট পাঠাতেন! পুত্রবধূর সেই অনিচ্ছাকৃত ভুলকে কি তখন এত সহজে ক্ষমা করা হতো?
এটা আমার শ্বশুরবাড়ির অঞ্চলের গল্প। সেখানেও রোগশয্যায় কিংবা আরেকটু বাড়িয়ে বললে মৃত্যুশয্যায় পথ্য হিসেবে আঙুর ফল নিয়ে যাওয়ার চল ছিল। এখনো হয়তো আছে। একবার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি।
আমার শাশুড়ি এসে খুব সিরিয়াসভাবেই বললেন, ‘কুতুব তো আর বাঁচত না। একবারে বিছানায় পড়ে গেছে। অনেক অসুখ করছে ওর। তোমরা গিয়ে একবার শেষ দেখা দেখে আসো।’
কুতুব পাশের বাড়ির সজ্জন প্রতিবেশী গোত্রের লোক। বয়স খুব বেশি নয়। কিন্তু তাঁর নাকি হার্টে সমস্যা। শহরের চিকিৎসক বলে দিয়েছেন, আর বেশি দিন বাঁচার আশা নেই।
যথারীতি শহর থেকে রোগীর জন্য আঙুর ফল কিনে আনা হলো। সেই আঙুর সঙ্গে নিয়ে আমরা কুতুবকে দেখতে গেলাম। গায়ে একটা চাদর জড়িয়ে বিছানায় পা তুলে হাঁটু ভেঙে বসে আছেন কুতুব আলী। আর গ্রামবাসীদের যে–ই তাকে দেখতে আসছে, তার কাছ থেকেই ক্ষীণ কণ্ঠে শেষ বিদায় নিচ্ছেন।
‘মাফ কইরা দিয়ো গো বুবু, আমি তো আর বাঁচতাম না। মউতের অপেক্ষায় আছি।’
‘মনে কুনো কষ্ট রাইখ্যো না গো চাচা, দোষত্রুটি ক্ষমা কইরা দিয়ো। আমার তো আর বেশি দিন আয়ু নাই।’
কেউ একজন আমাদের নেওয়া আঙুরগুলো ধুয়ে প্লেটে করে এনে কুতুবকে খেতে দিল। কুতুব চাদরের ভেতর থেকে তাঁর শীর্ণ আঙুল বের করে একটা আঙুর ফল তুলে মুখে দিয়ে চোখ বুজে আস্বাদ নিয়ে বললেন, ‘খুবই সুমিষ্ট রসাল ফল! আমার তো হায়াত নাই। মরণের আগে মুখে আঙুরের স্বাদটা লাইগ্যা থাকব গো মাইয়ো। দোয়া কইরো আমার লাইগ্যা।’
পরের বছর শীতকালে বাড়িতে গেলাম। ওমা, দেখি লাঠিতে ভর দিয়ে কুতুব আলী গ্রামের পথে টুকটুক করে হাঁটছেন।
‘কেমন আছেন কুতুব মামু?’
তিনি কাঁচুমাচু হয়ে কুণ্ঠিত ভঙ্গিতে বললেন, ‘আছি গো মাইয়ো, ভালাই। অহনো দো মরছি না...’
তারপরের বছর। হঠাৎ করেই আমার শাশুড়ি তেমন কোনো অসুখ–বিসুখ ছাড়াই হার্ট অ্যাটাকে মারা গেলেন। তাঁর স্মরণে বাড়িতে মিলাদ পড়ানো হচ্ছে। দেখি গ্রামবাসীর সঙ্গে কুতুব আলীও এসেছেন সেই মিলাদে শরিক হতে।
‘ভালো নি গো মামু?’
‘আছি গো, মাইয়ো...মালেকুল মউতের অপেক্ষায় আছি...কবে তিনি আসবেন জানা নাই...’
হাতে জিলাপির ঠোঙাটা নিয়ে গ্রামের পথে ধীর পদক্ষেপে মিলিয়ে যান লজ্জিত, সংকুচিত কুতুব আলী।