গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

দেশে–বিদেশে

ইংরেজি ভাষার বুকারের দীর্ঘ তালিকায় যে ১৩ উপন্যাস

বিশ্বসাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি বুকার। প্রতিবছরের মতো এবারও ইংরেজি ভাষার সাহিত্যের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের তালিকায় একদিকে আছেন দুই বিজয়ী ডগলাস স্টুয়ার্ট ও মারলন জেমস, তেমনি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন একঝাঁক নতুন লেখক।

এবারের দীর্ঘ তালিকায় রয়েছে ১৩টি উপন্যাস। তিনটি মহাদেশের সাতটি দেশের লেখক এতে স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনই প্রথমবার বুকারের দীর্ঘ তালিকায় এলেন। তিনজনের ক্ষেত্রে আবার প্রথম উপন্যাস, যথাক্রমে কেনান ওরহান, রেবেকা পেরি ও জামেল হোয়াইট।

বিচারক প্যানেলের সভাপতি ছিলেন মেরি বেয়ার্ড। প্যানেলে তাঁর সঙ্গে যোগ দেন পাল্প ব্যান্ডের প্রধান গায়ক জার্ভিস ককার। মেরি বেয়ার্ড বলেন, নির্বাচিত প্রতিটি বই পাঠককে নতুনভাবে ভাবতে শেখাবে এবং পরিচিত পৃথিবীকে ভিন্ন দৃষ্টিতে দেখতে উদ্বুদ্ধ করবে। বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উডও মনে করেন, এ বছরের তালিকায় সাহসী ও মৌলিক গল্পগুলোই উঠে এসেছে।

এ বছর মোট ১৬৩টি উপন্যাস থেকে ১৩টি বই বেছে নেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে সংক্ষিপ্ত তালিকা, আর ৯ নভেম্বর জানা যাবে ২০২৬ সালের বুকারজয়ীর নাম।

২০১৫ সালের বিজয়ী মারলন জেমস তাঁর পঞ্চম উপন্যাস দ্য ডিজঅ্যাপিয়ারার্স দিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন। আর ২০২০ সালে এই পুরস্কার জিতেছিল ডগলাস স্টুয়ার্টের শুগি বেইন। এবার তাঁর তৃতীয় উপন্যাস জন অব জন তালিকায় জায়গা করে নিয়েছে। দুজনের কেউ জিতলে বুকারের ইতিহাসে দুবার পুরস্কারজয়ী মাত্র পঞ্চম লেখক হবেন।

এলিজাবেথ স্ট্রাউট এবার দ্য থিংস উই নেভার সে উপন্যাসের জন্য তৃতীয়বারের মতো দীর্ঘ তালিকায় আছেন।

এবারের দীর্ঘ তালিকায় থাকা উপন্যাসগুলো হলো ক্লোয়ি আরিদিজের দ্য শ্যাডো অব দ্য অবজেক্ট, এমা ক্লাইনের সুইটজি, ম্যাকেনা গুডম্যানের হেলেন অব নোওয়্যার, এম. জন হ্যারিসনের দ্য এন্ড অব এভরিথিং, মারলন জেমসের দ্য ডিজঅ্যাপিয়ারার্স, লিউক কেনার্ডের ব্ল্যাক ব্যাগ, কেনান ওরহানের দ্য রেনোভেশন, রেবেকা পেরির মে উই ফিড দ্য কিং, গোয়েনডোলিন রাইলির দ্য পাম হাউস, এলিজাবেথ স্ট্রাউটের দ্য থিংস উই নেভার সে, ডগলাস স্টুয়ার্টের জন অব জন, জামেল হোয়াইটের অল দেম ডগস, মিসৌরি উইলিয়ামসের দ্য ভিভিসেটরস

বয়সের দিক থেকেও তালিকাটি বৈচিত্র্যময়। ৮১ বছর বয়সী এম জন হ্যারিসন প্রথমবারের মতো দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন, আর মাত্র ২৮ বছর বয়সী আইরিশ লেখক জ্যামেল হোয়াইট সবচেয়ে তরুণ প্রতিযোগী।

এ বছর মোট ১৬৩টি উপন্যাস থেকে ১৩টি বই বেছে নেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে সংক্ষিপ্ত তালিকা, আর ৯ নভেম্বর জানা যাবে ২০২৬ সালের বুকারজয়ীর নাম।

সূত্র: বুকারের ওয়েবসাইট

গ্রন্থনা: রবিউল কমল