
ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’ নিয়ে বাংলাদেশের মানুষও সরব। কিন্তু এই চলচ্চিত্র আমাদের কী বার্তা দেয়। কেন পারমাণবিক বোমার বিস্ফোরণের পর মানুষের অপরিমেয় ধ্বংস দেখেও আনন্দিত হয়ে উঠি আমরা?
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ কেন এত বড় হামলার ইঙ্গিত পেল না বা আটকাতে পারল না? এর কারণ অনুসন্ধানে ২০০২ সালে গঠিত হয় নাইন–ইলেভেন কমিশন। তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে বলেছিল ‘ফেইলিওর অব ইমাজিনেশন’ বা ‘কল্পনার ব্যর্থতা’। এই ‘কল্পনার ব্যর্থতা’ বলতে তাঁরা বুঝিয়েছেন এমন এক পরিস্থিতিকে, যেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আঁচ করা গিয়েছিল এবং তা সম্ভাব্য ছিল, কিন্তু সেটা ঠেকানোর কোনো পরিকল্পনা করা যায়নি।
ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘ওপেনহাইমার’ দেখার পর সেটাই মনে হলো—‘কল্পনার ব্যর্থতা’। পৃথিবীর বিনাশের সব লক্ষণ দেখতে পেলেও তা ঠেকানোর কোনো পরিকল্পনাই কেউ করতে পারেনি। ‘ওপেনহাইমার’ সিনেমার অন্তিম দৃশ্যে আবার ফিরে আসে আলবার্ট আইনস্টাইন ও জে রবার্ট ওপেনহাইমারের কথোপকথন, যা দেখানো হয় সিনেমার শুরুর দিকে। তবে তখনই আমরা জানতে পারি, কী কথা হয়েছিল তাঁদের। পারমাণবিক বোমার নির্মাণকালে তাঁরা এই ভেবে ভয় পাচ্ছিলেন যে এই বোমা ধারাবাহিক ঘটনার সূত্রপাত হতে পারে, যা শেষে ব্রহ্মাণ্ডের সমূহ বিনাশ ডেকে আনবে। ওপেনহাইমার আইনস্টাইনকে বলেন, ‘আমার মনে হয় আমরা তা–ই করেছি।’ তাহলে কি যে যুদ্ধে বিজয় সুনিশ্চিত, সে যুদ্ধ জয়ে গণবিধ্বংসী অস্ত্র তৈরি অবশ্যম্ভাবী ছিল?
ক্রিস্টোফার নোলানের সিনেমায় ওপেনহাইমারের মানসিক গঠন দেখানো হয় সুচারুভাবেই। একজন ইহুদি হিসেবে জার্মানিতে তাঁর বিচ্ছিন্নতা ও একাকিত্ব তাঁর মতাদর্শিক অবস্থান জানান দেয়। মহাজাগতিক নানা রহস্যের সমাধানে তিনি উদ্গ্রীব। সংগীত ও চিত্রকলার প্রতি অনুরাগী এবং আত্ম–অনুসন্ধানে ক্ষেত্রে তিনি এক ‘আদর্শ আধুনিক’ মানুষও বটে। বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যে আধুনিক মানুষের জন্ম, সেখানে মানসিক বৈকল্যও থাকে—জার্মান দার্শনিক নিৎশে তাঁর বিভিন্ন লেখাজোকায় বিষয়টি খোলাসা করেছেন। ‘ওপেনহাইমার’ সিনেমার নাম–চরিত্র ওপেনহাইমারের খানিকটা মানসিক বৈকল্যেরও পরিচয় মেলে তাঁর শিক্ষককে বিষ প্রয়োগের চেষ্টায়। যদিও পরে তা তিনি নিজেই পণ্ড করেন। ওপেনহাইমারের মনোবিদ—যিনি নিজেই বিষণ্নতায় আক্রান্ত, কমিউনিস্ট পার্টির সদস্য এবং তাঁর প্রেমিকা—তিনি তাঁকে পরামর্শ দেন এমন কিছু না করতে, যাতে যে গুটিকয় মানুষ তাঁকে বোঝেন, তাঁরাও যেন মুখ না ফিরিয়ে নেন তাঁর কাছ থেকে। অন্য অর্থে এই কথার মানে হলো, ওপেনহাইমারকে বোঝার সাধ্য নেই জনসাধারণের; এবং তিনি স্বতন্ত্র এক সত্তা। তবে দেশের ও নিজের কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও আনুগত্যের প্রমাণ সিনেমাটিতে বারবার দেওয়া হয়, নানাজনের বয়ানে।
এ সিনেমায় পারমাণবিক অস্ত্রের উদ্ভব তাই খুব স্বাভাবিক মনে হয় ঘটনাপরিক্রমায়। ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাস্ত করতে হলে এই মহাস্ত্র ছাড়া গতি নেই’—এই বয়ান ধীরে ধীরে পাল্টে যায় ‘রাশিয়া বসে থাকবে না’—এ ধরনের বয়ানে। ঘুরেফিরে কথা থাকে একটাই, আমরা না বানালে অন্য কেউ তো বানাত। আর এভাবেই হলভর্তি দর্শক টান টান উত্তেজনা নিয়ে ধাপে ধাপে পৃথিবীর প্রথম পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘটনা, নানা প্রতিবন্ধকতা এবং সেগুলো উতরে যাওয়ার গল্প উপভোগ করতে থাকেন। আর সেটা এতটাই উপভোগ্য হয়ে ওঠে যে ‘ম্যানহাটান প্রজেক্ট’–এর আওতায় নিউ মেক্সিকোর লস আলামসের বিরানভূমিতে যখন প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়, বড় পর্দায় সেই দানবীয় আগুন দেখে দর্শকেরা হাততালি দেন, আনন্দঘন নানা আওয়াজ করেন।
হিরোশিমা আর নাগাসাকিকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া এবং তেজস্ক্রিয়তার কারণে বছরের পর বছর বিকলাঙ্গ ও বিকৃত মানবজন্মের কারণ হওয়া সেই বোমার জন্মকথা আজ উদ্যাপিত হয় বড় পর্দায়। এ সময়ে এসে উদ্যাপনটি আরও অর্থবহ হয়ে ওঠে। কেননা বিশ্বের আটটি রাষ্ট্রের হাতে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও বিশ্বের পারমাণবিক অস্ত্রের মোট মজুতের ৯০ শতাংশের বেশি এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। পারমাণবিক বোমার ধারাবাহিক বিস্ফোরণে পৃথিবী ধ্বংসের বয়ান এখন আর কল্পিত নয়, ঘটমান বর্তমান। আর এই বিকল্পহীন স্থির বাস্তবতাকে বলা চলে ‘ক্যাপিটালিস্ট রিয়েলিজম’ বা ‘পুঁজিবাদী বাস্তবতা’।
ব্রিটিশ লেখক ও তাত্ত্বিক মার্ক ফিশার ‘ক্যাপিটালিস্ট রিয়েলিজম, ইজ দেয়ার নো অল্টারনেটিভ?’ বইয়ের বিস্তার ঘটিয়েছেন এ ধারণার। তাঁর বইয়ের প্রথম অধ্যায়ের নাম পৃথিবীর ধ্বংস কল্পনা করা, পুঁজিবাদের ধ্বংস কল্পনা করার চেয়ে সহজ। মার্ক্স ও এঙ্গেলস ‘দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো’তে বলছেন, [পুঁজি] ধর্মীয় উত্তেজনার অধিকাংশ স্বর্গীয় সুখ, বীরোচিত উদ্দীপনা, মানবসেবার অনুভূতির বোধকে অহং–এর হিসাব–নিকাশের বরফজলে ডুবিয়ে দিয়েছে। ব্যক্তির মূল্যকে লেনদেনের মূল্যে পরিণত করেছে এবং সংখ্যাহীন, অবিভাজিত হিসেবে সনদপ্রাপ্ত মুক্তির জায়গায় একক, অচিন্তনীয় মুক্তিকে প্রতিষ্ঠা দিয়েছে, যা হলো মুক্ত বাণিজ্য। এক শব্দে বললে, ধর্মীয় ও রাজনৈতিক ভ্রান্তির চাদরে ঢাকা শোষকের জায়গা নিয়েছে নগ্ন, নির্লজ্জ, সরাসরি, নিষ্ঠুর শোষণ।
হিরোশিমা আর নাগাসাকিকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া এবং তেজস্ক্রিয়তার কারণে বছরের পর বছর বিকলাঙ্গ ও বিকৃত মানবজন্মের কারণ হওয়া সেই বোমার জন্মকথা আজ উদ্যাপিত হয় বড় পর্দায়। এ সময়ে এসে উদ্যাপনটি আরও অর্থবহ হয়ে ওঠে। কেননা বিশ্বের আটটি রাষ্ট্রের হাতে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও বিশ্বের পারমাণবিক অস্ত্রের মোট মজুদের ৯০ শতাংশের বেশি এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে। পারমাণবিক বোমার ধারাবাহিক বিস্ফোরণে পৃথিবী ধ্বংসের বয়ান এখন আর কল্পিত নয়, ঘটমান বর্তমান। আর এই বিকল্পহীন স্থির বাস্তবতাকে বলা চলে ‘ক্যাপিটালিস্ট রিয়েলিজম’ বা ‘পুঁজিবাদী বাস্তবতা’।
ফিশারের বিশ্লেষণে উঠে আসে বিশ শতকের পর পুঁজিবাদ যেভাবে সব বিশ্বাসের গোড়া নাড়িয়ে দেওয়া শুরু করেছে, সেই বিষয়গুলো। এ ক্ষেত্রে তাঁর ভাষ্য হলো, পুঁজিবাদ বলছে, স্বতন্ত্র ব্যক্তির ক্রয়ক্ষমতাই তাঁর যোগ্যতার একমাত্র পরিমাপক। আর এই বিশ্বাসে তাকে অটল রাখতে কাজ করছে নানা ধরনের ‘মেকানিজম’। সংস্কৃতি আর ঐতিহ্য ক্রমেই প্রাসঙ্গিকতা হারাচ্ছে। উত্তর–আধুনিককালে কোনো কিছুর নতুনত্ব নেই। এ সময় ফরাসি তাত্ত্বিক আলা বাদিউকে উদ্ধৃত করেন ফিশার, ‘একটি পাশবিক রাষ্ট্রতন্ত্র, গভীরভাবে অসম—যেখানে সব অস্তিত্বের মূল্যায়ন কেবল টাকা দ্বারাই—আমাদের কাছে আদর্শ হিসেবে উপস্থাপিত হয়…আমাদের গণতন্ত্র নিখুঁত নয়। কিন্তু তা স্বৈরাচারতন্ত্রের চেয়ে ঢের ভালো। পুঁজিবাদ ন্যায় করে না। কিন্তু স্তালিনবাদের মতো অপরাধী নয়। আমরা এইডসে লাখ লাখ আফ্রিকানকে মরতে দিই, কিন্তু মিলোশেভিকের মতো বর্ণবিদ্বেষী জাতীয়তাবাদী ঘোষণা তো দিই না। আমরা আমাদের বিমান দিয়ে ইরাকি মারি, কিন্তু রুয়ান্ডার মতো চাপাতি দিয়ে তাদের গলা কাটি না।’
এভাবেই আমাদের জন্য পুঁজিবাদী বাস্তবতাই সেরা ‘মন্দের ভালো’ ব্যবস্থা হয়ে ওঠে। ফলে আমাদের সামনে আর কোনো বিকল্প থাকে না। আর সে জন্য এখন আগের মতো কোনো মতাদর্শিক প্রচারের ওপরের নির্ভরতারও প্রয়োজন পড়ে না। আপাতপুঁজিবাদবিরোধী বক্তব্যনির্ভর চলচ্চিত্রও ব্যক্তির স্বকীয়তার বিজ্ঞাপন হয়ে ওঠে; এবং এই প্রক্রিয়াতেই ব্যক্তিকে বিচ্ছিন্ন করে ফেলে। ঠিক যেমনভাবে ‘ওপেনহাইমার’ সিনেমার ওপেনহাইমার বিচ্ছিন্ন। শুধু তা–ই নয়, আমরা যারা তাঁকে দেখছি শেষ বিচারে আমরাও তো বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতায় একজন ‘দর্শক’—কেবল ‘ক্রেতা’। এ ছাড়া তার কোনো ভূমিকা এই পুঁজিবাদী এখন আর অবশিষ্ট আছে কি? নেই। তাই পারমাণবিক বোমার জনক যখন তাঁর প্রেমিকার মৃত্যুতে ভেঙে পড়েন, তখন তাঁর স্ত্রী তাঁকে মনে করিয়ে দেন, ‘সবার ওপরে কাজ’। এই কাজটা কী?
এই কাজ হলো তাঁর রাষ্ট্রকে পরাশক্তি হিসেবে আর্থ–রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে সাহায্য করা। কোনো না কোনো রাষ্ট্রযন্ত্রের অধীন হিসেবে সবার ঊর্ধ্বে আমাদের এই কাজ, পৃথিবী ধ্বংসের পরও যা অক্ষয় থাকবে। এবং ‘ওপেনহাইমার’–এর মতো চলচ্চিত্রগুলোয় পারমাণবিক ধ্বংস দেখতে দেখতে দর্শক হিসেবে কেবল হাততালিই দিতে থাকব আমরা।