রফিকুন নবীর ছবি ও শিল্পকর্ম অবলম্বনে
রফিকুন নবীর ছবি ও শিল্পকর্ম অবলম্বনে

মহাফেজখানা থেকে

রফিকুন নবীর লেখা: কাগজের মানুষ

১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম আলো যাত্রা শুরু করে। সেই উদ্বোধনী সংখ্যায় ছিল চিত্রশিল্পী রফিকুন নবীর এই লেখা। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ রফিকুন নবীর জন্মদিনে অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

কার্টুন, ইলাস্ট্রেশন ইত্যাদি আঁকা এবং মাঝেমধ্যে লেখাজোখার কারণে অনেকেই মনে করেন, আমি সংবাদপত্রের কেউ একজন। পেশায় সাংবাদিক। ওই ক্ষেত্রেই আমার বিচরণ। জীবিকা, প্রতিষ্ঠা। কথাগুলো আংশিক সত্য বটে। এসবের সঙ্গে আমার সম্পৃক্ততা কম দিনের নয়। অনেক উঠতি-পড়তিও দেখেছি। অনেক দিনের অভিজ্ঞতা।

বহুকাল আগের কথা। তখন স্কুলের মাঝামাঝি কোনো ক্লাসে পড়ি। ওই সময় আমাদের পাড়ার কোনো এক অনুষ্ঠানে এক বক্তাকে ‘কাগজের মানুষ’ কথাটি উচ্চারণ করতে শুনেছিলাম। তাঁর বক্তব্যটি ছিল প্রায় এই রকম, ‘আমাদের এ পাড়া নানাভাবে সমৃদ্ধ। দেশের অনেক জ্ঞানী-গুণী এখানকার বাসিন্দা। অনেকের সঙ্গে আমরা পেয়েছি শ্রেষ্ঠ কয়েকজন “কাগজের মানুষ”কেও...ইত্যাদি ইত্যাদি। পরে ওই শব্দ নিয়ে তো চিন্তা করে হয়রান। কী হতে পারে ওটা? অর্থটাই বা কী? মানুষ যে কাগজের হতে পারে না, তা বুঝতাম বটে, কিন্তু আসল ঘটনাটি তাহলে কী? ব্যাপারটি খোলাসা করার জন্য কাউকে জিজ্ঞাসা করাটা যদি খুবই বোকামি ঠাহর করে কেউ, তাই পাড়ায় সে পথেও যেতে পারিনি। শেষতক পরদিন স্কুলের এক স্যারকে জিজ্ঞাসা করেছিলাম। স্কুলের স্যারকে বেছে নেওয়ার কারণ ছিল, তাঁদের কাছে যেকোনো রকম বোকার মতো প্রশ্ন করা যেতো। কারণ, তাঁরা ওই বয়সী আমার মতো ছাত্রদের বোকার হদ্দই ভাবতেন। গাধা পিটিয়ে মানুষ করাই ছিল তাঁদের কাজ। অতএব তাঁদের কাছে ‘গাধা-বোকা’ ইত্যাদি বনে যাওয়ায় কোনো অসম্মান ছিল না। তো, স্যার ‘কাগজের মানুষ’ কী, তা ব্যাখ্যা করে দিয়েছিলেন।

পুরান ঢাকার আমার সেই পাড়ার কাগজের মানুষগুলোকে আমি তখন অবাক হয়ে দেখতাম। পাড়ার নাম নারিন্দা। সেই বক্তার কথাটি সত্যিই ছিল বটে। একেবারে সাংবাদিক পাড়াই ছিল যেন। ইত্তেফাকের সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন, কচিকাঁচার আসর সম্পাদক রোকনুজ্জামান খান দাদাভাই, সাপ্তাহিক বেগম সম্পাদক নূরজাহান বেগম, তোয়াহা খান, মন্টু খানসহ আরও অনেকে ছিলেন এখানকার বাসিন্দা। আবার তাঁদের কাছে হরহামেশা দেশের, সমাজের উঁচু অবস্থানের মানুষদের আসা-যাওয়া হতো। এসব ছিল নিত্যদিনের ব্যাপার।

সে সময় পত্রপত্রিকা অথবা সংবাদপত্র কোনোটি সম্বন্ধেই তেমন কোনো ধারণা ছিল না। বিশেষ করে এসবের খুঁটিনাটিসম্পর্কিত ব্যাপারগুলো রীতিমতো ধাঁধা মনে হতো। ব্যাপারটি কী করে ঘটে, এর সঙ্গে জড়িত মানুষদের কর্তব্য কী, কেমন করেই বা ছাপা হয়, এসবের কিছুই জানা ছিল না। দেশি-বিদেশি পত্রপত্রিকা বাসায় দেখতাম। সেসব সুযোগ পেলে পড়তামও। বিশেষ করে ছোটদেরগুলো। কিন্তু পাঠকের হাতে আসার আগমুহূর্ত পর্যন্ত যে অনেক অনেক ধাপ পার হয়ে ওই পরিপাটি চেহারাটি পায় এবং এর পেছনে যে বিশাল ব্যাপারস্যাপার রয়েছে, তা অবশ্য ভাবনায় আসত।

তো, পুরান ঢাকার আমার সেই পাড়ার কাগজের মানুষগুলোকে আমি তখন অবাক হয়ে দেখতাম। পাড়ার নাম নারিন্দা। সেই বক্তার কথাটি সত্যিই ছিল বটে। একেবারে সাংবাদিক পাড়াই ছিল যেন। ইত্তেফাকের সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন, কচিকাঁচার আসর সম্পাদক রোকনুজ্জামান খান দাদাভাই, সাপ্তাহিক বেগম সম্পাদক নূরজাহান বেগম, তোয়াহা খান, মন্টু খানসহ আরও অনেকে ছিলেন এখানকার বাসিন্দা। আবার তাঁদের কাছে হরহামেশা দেশের, সমাজের উঁচু অবস্থানের মানুষদের আসা-যাওয়া হতো। এসব ছিল নিত্যদিনের ব্যাপার। খুব কাছ থেকে এ আনাগোনা দেখেছি। প্রথিতযশা বহু সাংবাদিক, রাজনীতিবিদ তো বটেই, কবি-শিল্পী, সাহিত্যিকদেরও অনেককেই তখন দেখে দেখে চিনে ফেলেছিলাম।

শিল্পী রফিকুন নবী

যে সময়ের কথা বলছি, তা ছিল আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশকের মাঝামাঝি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তখন সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনগুলো দানা বাঁধতে শুরু করেছে। সে সুবাদে আমাদের পাড়ায়ও অনেক কর্মকাণ্ডের আয়োজন হতো। সেসবের অভিভাবকত্ব বা পৌরহিত্ব করতেন এই সাংবাদিক ও গুণীজনদের অনেকেই। সাংস্কৃতিক সংগঠন তৈরি করে এই সব কর্মকাণ্ড পরিচালিত হতো। আমি সেসবে সক্রিয় কর্মী হওয়ার সুযোগ পাই, যা পরবর্তী সময়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পাড়ায় চারুকলার ছাত্র হওয়ার পরও বহুকাল পর্যন্ত অব্যাহত ছিল। এসবের কর্মী হিসেবে পত্রপত্রিকায় আমার ঘোরাঘুরি শুরু হয় স্কুলের শেষ ধাপের দিকে এসেই। সে সময়ই পত্রপত্রিকার ভেতরের ঘটনাগুলো টের পাই। বিশেষ করে ইত্তেফাকে রোকনুজ্জামান খান দাদাভাইয়ের কাছে আসা-যাওয়া করতে করতে। তখনই জানতে পারি, একটি পত্রিকার পেছনে কত ধরনের কাজে পারদর্শী মানুষদের প্রয়োজন হয় এবং তাঁরা কেমন গলদঘর্ম হয়ে চব্বিশ ঘণ্টায় একবার করে পত্রিকা বের করেন সফলতার সঙ্গে।

আসলে আপাতক্ষেত্রে চিরকালই পত্রিকা অফিসকে, বিশেষ করে দৈনিক পত্রিকার অফিসকে আমার মনে হয়েছে আড্ডার জায়গা, নানা ধরনের লোকজনের ভিড়ভাড়ে গ্যাঞ্জামি–দপ্তর। সেসবের মধ্যেই, ওইভাবেই যার যার কাজ করে, লেখালেখি করে দিব্যি, পরদিন সাতসকালে পাঠকের হাতে একটি সম্পূর্ণ কাগজ পৌঁছে দেওয়া আমার কাছে আজও বিস্ময়ের। তো, ওই সব অফিসে, পরিবেশে আমার যাতায়াত স্কুলজীবনের শেষ ধাপে শুরু হলেও আর্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র থাকাকালীন বেশ ঘনিষ্ঠভাবেই বিভিন্ন সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সঙ্গে জড়িয়ে পড়ি, ছবি আঁকার সুবাদে ষাটের দশকের শুরুতে। কী দুরবস্থাই না ছিল তখন ছাপাখানার কাজকর্মের! তখনকার কাঁচা প্রিন্টিং টেকনোলজির সঙ্গে মিলমিশ খাটিয়ে চলা চাট্টিখানি কথা ছিল না। সেইভাবে নকশা আঁকতে হতো। সুযোগ-সুবিধার যেটুকু কমতি ছিল, তার সঙ্গে ‘কমপ্রোমাইজ’ করে চলতে গিয়ে, কী নিদারুণ সব অবস্থায় যে পড়তে হতো, তা মনে করলে এখন হাসি পায়। অবাক লাগে।

রফিকুন নবী

এ সময় চলন্তিকা নামে ওয়াইজঘাট থেকে একটি পত্রিকা বের হতো। এইখানে কবি ও কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের সঙ্গে পরিচিত হই। তাঁর ‘শীতের শেষ রাত, বসন্তের প্রথম দিন’ উপন্যাসটি ছাপাবার কাজ চলছিল। আমি ছিলাম আঁকিয়ে। পত্রিকাটির ধরন ছিল রম্য। পাঁচমিশালিও। গল্প, উপন্যাস, কবিতার পাশাপাশি সিনেমাসহ দেশ-বিদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবরাখবর, আলোচনা-সমালোচনা ইত্যাদি থাকত। বেশির ভাগ পত্রপত্রিকার ধরনই ছিল তখন এ রকমের। আদর্শ গ্রহণ করা হতো কলকাতার ঘরোয়া, জলসা, উল্টোরথ, সচিত্র ভারত ইত্যাদি থেকে। অবশ্য এসবের বাইরে শুধু সাহিত্যকে আশ্রয় করেও সমকাল, পূবালীসহ বেশ কয়েকটি অত্যন্ত সিরিয়াস পত্রিকা বের হতো। এগুলোর বেশির ভাগই মাসিক, ত্রৈমাসিক হলেও মাঝেমধ্যেই অনিয়মিত হয়ে পড়ত। কবি ও নাট্যকার সিকান্দর আবু জাফর সম্পাদিত সমকাল ছিল এ রকম একটি। এ সময়ের সবচেয়ে রুচিশীল একটি পত্রিকা। পত্রিকাটিতে নিয়ম চালু ছিল যে প্রতি সংখ্যায় একজন শিল্পীর আঁকা প্রচ্ছদ ছাপানো। শুধু তা–ই নয়, আঁকাটি বিমূর্ত অথবা আধা বিমূর্ত হতে হতো। আঁকাও অত্যন্ত রুচিশীল হওয়া বাঞ্ছনীয় ছিল। প্রচ্ছদ ও লেখালেখির ব্যাপারে নামীদামি বড় শিল্পীদের নকশা এবং প্রথিতযশা লেখকদের লেখাকে উপজীব্য করে যেমন এ পত্রিকা নিজ মর্যাদা প্রতিষ্ঠা করেছিল, তেমনি অনেক তরুণ লেখক, কবি, শিল্পী পত্রিকাটিকে কেন্দ্র করে নিজেদের মর্যাদা অর্জন করেছিলেন।

সমকালের কর্তৃপক্ষের সঙ্গে আমার সম্পৃক্ততা ঘটে আরও অনেক পরে। তখন পত্রিকাটির দুর্দিন চলছে। প্রকাশ খুবই অনিয়মিত। সে সময় জাফর ভাইয়ের দপ্তরে উদয়ন চৌধুরী বসেন নিয়মিত (ইসমাইল মোহাম্মদ)। বলা বাহুল্য, তিনি ছিলেন দেশের নাটক-সিনেমার সঙ্গে জড়িত প্রথিতযশা ব্যক্তিত্ব। কলকাতা থেকেই তাঁর ওই নামটি প্রতিষ্ঠিত ও পরিচিত। তিনি জাফর ভাইয়ের ‘সিরাজদ্দৌলা’ নাটকটি মঞ্চস্থ করেন পরিচালক হিসেবে। আমার সহপাঠী শিল্পী হাসান আহমদ আর আমার ডাক পড়ে সেই নাটকের মঞ্চসজ্জার জন্য। ওই সব করতে গিয়ে সমকাল পত্রিকার সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ি।

সমকালের কর্তৃপক্ষের সঙ্গে আমার সম্পৃক্ততা ঘটে আরও অনেক পরে। তখন পত্রিকাটির দুর্দিন চলছে। প্রকাশ খুবই অনিয়মিত। সে সময় জাফর ভাইয়ের দপ্তরে উদয়ন চৌধুরী বসেন নিয়মিত (ইসমাইল মোহাম্মদ)। বলা বাহুল্য, তিনি ছিলেন দেশের নাটক-সিনেমার সঙ্গে জড়িত প্রথিতযশা ব্যক্তিত্ব। কলকাতা থেকেই তাঁর ওই নামটি প্রতিষ্ঠিত ও পরিচিত। তিনি জাফর ভাইয়ের ‘সিরাজদ্দৌলা’ নাটকটি মঞ্চস্থ করেন পরিচালক হিসেবে। আমার সহপাঠী শিল্পী হাসান আহমদ আর আমার ডাক পড়ে সেই নাটকের মঞ্চসজ্জার জন্য। ওই সব করতে গিয়ে সমকাল পত্রিকার সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ি। শিল্পীদের প্রচ্ছদসংক্রান্ত আরেকটি ঘটনা উল্লেখ করার ইচ্ছা দমন করতে পারছি না। অর্থাৎ সেই যে রুচিশীল প্রচ্ছদের ব্যাপার, সেটির আরও একধরনের দৃষ্টান্ত উল্লেখ করতে ইচ্ছা হচ্ছে।

নিজ স্টুডিওতে শিল্পী রফিকুন নবী

তখন রেলওয়ে থেকে একটি টাইম টেবিল প্রকাশিত হতো। বেশ মোটাতাজা একটি সুরম্য গ্রন্থ। তাতে বহু বিজ্ঞাপনও যুক্ত হতো। এখন এ রকম কিছু আছে কি না, জানি না। না থাকারই কথা। কারণ চালচলন, নিয়মানুবর্তিতা মোটেও সে রকম টাইম টেবিল মাফিক চলার মতন নয়। তো সেই বইয়ের প্রচ্ছদ হতো খুবই রুচিশীল এবং তা প্রতিযোগিতার মাধ্যমে হতো। দেশের খ্যাতিমান শিল্পীসহ আর্ট কলেজের ছাত্রদেরও অংশগ্রহণ করতে দেখতাম। বলা বাহুল্য, আমি যখন প্রচ্ছদ ও ইলাস্ট্রেশনের প্রতি খুবই আসক্তি বোধ করতে শুরু করেছি, মনোযোগী হয়েছি এবং এসব ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হচ্ছে, ঠিক তখন এসব নিয়ম বন্ধ হয়ে যায়। টাইম টেবিলটি খুবই সাধারণ চেহারা ধারণ করে। অতএর ‘অভাগা যেদিক চায়, সাগর শুকিয়ে যায়’ দশা আমার। সেসবে আর অংশগ্রহণ করা হয়ে ওঠেনি। একইভাবে সমকাল পত্রিকাটিতেও আমার বা আমাদের সমসাময়িকদের আর সুযোগ আসেনি প্রচ্ছদ আঁকার।

যা–ই হোক, সেই চলন্তিকা আমলে যাই আবার। প্রথম যে প্রচ্ছদ করতে দেওয়া হয়, তা নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছিলাম। অদ্ভুত এক জটিল নকশা করে ফেলেছিলাম আবেগতাড়িত হয়ে। কাজটি চার রঙের ছিল। তখনকার যন্ত্রপাতিতে আবেগপ্রসূত কোনো নকশা বা ছবি প্রশ্রয় পেত না। এতই সীমিত সব ‘স্কোপ’ ছিল তখন যে নিয়ম ভেঙে বের হবার উপায় থাকত না। প্রচ্ছদটি আঁকতে সময় লেগেছিল আধঘণ্টা মাত্র। কিন্তু ‘কি-ড্রইং’ করতে পুরো ১০ দিন। তখন ‘লাইন-ডিজাইনে’ ‘কি-ড্রইং’ ছাড়া ব্লক তৈরির উপায় ছিল না। তখন ব্লক প্রসেসের ব্যাপারস্যাপার ছিল অত্যন্ত কাঁচা ধরনের। প্রখর রোদকে ব্যবহার করে মেটালে ট্রান্সফার করতে হতো নকশা বা ছবিকে। উল্লেখ্য যে তখন লেটার প্রেস ও লিথো প্রেসের পাশাপাশি কোনো কোনো সংস্থায় অফসেট মাত্র শুরু হয়েছে। সেসবের অফসেট ছাপা তখন এত দামি যে তাতে কোনো কিছু ছাপতে যাওয়া মোটেই সহজ ছিল না।

শিল্পকলায় অনন্য অবদানের জন্য রফিকুন নবী ১৯৯৩ সালে একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া পেয়েছেন চারুকলায় জাতীয় সম্মাননা শিল্পকলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার

ছাপাখানাসংক্রান্ত ব্যাপারস্যাপার তখনো আর্ট কলেজে শেখানো হতো না। ‘কমার্শিয়াল’ বিভাগে ‘কি-ড্রইং’, ‘হাফ-টোন’ও টাইপোগ্রাফি বা লেটারিং ছাড়া প্রিন্টিং টেকনোলজির সঙ্গে জড়িত আর কিছু টেকনিক্যাল বিষয় শেখানো হতো না। আমি ছিলাম ‘সুকুমার-কলা’ (এখন যাকে ড্রইং পেইন্টিং বলা হয়) বিভাগের ছাত্র। সেখানে এত সবও ছিল না। অতএব আর্ট কলেজের কমার্শিয়াল বিভাগে মাঝেমধ্যে গিয়ে, ব্লক-কোম্পানি আর ছাপাখানাগুলোয় গিয়ে এ সম্পর্কে ধাতস্থ করতে হয়েছিল নিজে নিজে। নিজের গরজে। বলতে গেলে ওই মাসিক পত্রিকা দিয়ে আমার পত্রপত্রিকার সঙ্গে সম্পৃক্ততার শুরু। পরবর্তীকালে এবং আজ অবধি কত যে দৈনিক, সাপ্তাহিক, মাসিক এমনকি লিটল ম্যাগাজিনের সঙ্গেও জড়িত হয়েছি, তা গোনা মুশকিল। আসলে জীবনে শিল্পী হতে যখন আর্ট কলেজে ভর্তি হয়েছিলাম, তখন শিল্পীদের রুজি-রোজগারের যে কটি দিক উন্মোচিত হয়েছিল, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল পত্রপত্রিকা আর বইপত্রের ছবি আঁকা। ঘুণাক্ষরেও তখন শিক্ষক হবার কথা মাথায় আনিনি। কারণ, সেটি ছিল অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে নাজুক। কিন্তু, যার কপালে যা লেখা, খণ্ডায় কে? আমাকে শেষ পর্যন্ত শিক্ষকই হতে হয়েছে। যার বেতন ছিল এক শ আশি টাকা। বছরে দশ টাকা করে ইনক্রিমেন্ট। অথচ তাতে যোগ দেওয়ার আগে খণ্ডকালীন চাকরিতে ছিলাম দু শ পঞ্চাশ টাকা বেতনে চিত্রালী- পূর্বদেশে। এসব উনিশ শ তেষট্টি-চৌষট্টির কথা। সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই আসলে আমার নানান দিকে নাক গলানো। অবজারভার গ্রুপের শিল্পী হিসেবে যোগদানের জন্যে তার কর্মকর্তা (সম্ভবত ম্যানেজিং এডিটর) কবি আবদুল গনি হাজারী একটি মুচলেকামতন কথা আদায় করেন যে আর্ট কলেজের ফাইনাল পরীক্ষায় পাস দিয়েই সেখানে ‘ফুলটাইম’ শিল্পী হিসেবে যোগ দেব। এসবের একটা কারণ ছিল। তা হলো এই যে কোনো শিল্পীই তখন ওই প্রতিষ্ঠানে দীর্ঘকাল চাকরি করতেন না। আসলে বিভিন্ন সরকারি–আধা সরকারি দপ্তরে তখন শিল্পীদের নতুন নতুন আকর্ষণীয় চাকরির সুযোগ তৈরি হতে শুরু করেছে। অতএব সবাই সুযোগ পেলেই সেসব দিকে চলে যেতেন। বেতনের অঙ্কটা অবশ্য তখনকার দিনকাল অনুযায়ী বেশ লোভনীয়ই ছিল। যেমন ফুলটাইমার হিসেবে যোগ দিলে আমার আপাতত বেতন সাত শ–মতন হবে বলে হাজারী ভাই কথা দিয়েছিলেন।

কাইয়ুম চৌধুরী চলে গেলে তাঁর স্থলাভিষিক্ত হন শিল্পী কালাম মাহমুদ। কাইয়ুম ভাইয়ের জন্যে তৈরি নিয়মকানুন কালাম মাহমুদকে মেনে নিতে হয়। কিছুকাল পরে কালাম মাহমুদ চলে যান তখনকার নতুন পত্রিকা দৈনিক পাকিস্তানে। পুরো পত্রিকাটি ছিল নতুন উদ্ভাবিত বা ঢাকায় আমদানি করা লাইনো টাইপে। বেশ হইচই ফেলে পত্রিকাটি শুরু হয়। শিল্পী কালাম মাহমুদের মতো অন্যান্য পত্রিকার বহু বাঘা সাংবাদিক এবং সংবাদপত্র প্রকাশনা ও পরিচালনার ক্ষেত্রে সিদ্ধহস্ত অনেকেই চলে আসেন। যা–ই হোক, শিল্পী কালামের স্থলাভিষিক্ত হই আমি চিত্রালী-পূর্বদেশে।

যা–ই হোক, ওই প্রতিষ্ঠানে চাকরির ব্যাপারটি ছিল অনেকটা সেই বড় ভাইয়ের জামা ছোট ভাইকে পরতে হয়, এমন। প্রথমে ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। যতদূর জানি, তিনি আর্ট কলেজের শিক্ষকতা ছেড়ে অবজারভার সম্পাদক আবদুস সালাম ও হাজারী ভাইয়ের কথায় সেখানে শিল্পী হিসেবে যোগদান করেন। কবছর পর আধা সরকারি দপ্তর ডিজাইন সেন্টারে চলে যান শিল্পী কামরুল হাসানের আহ্বানে। শিল্পী কামরুল হাসানও তখন আর্ট কলেজের চাকরি ছেড়ে ওখানে সদ্য যোগ দিয়েছিলেন প্রধান নকশাকার হিসেবে।

কাইয়ুম চৌধুরী চলে গেলে তাঁর স্থলাভিষিক্ত হন শিল্পী কালাম মাহমুদ। কাইয়ুম ভাইয়ের জন্যে তৈরি নিয়মকানুন কালাম মাহমুদকে মেনে নিতে হয়। কিছুকাল পরে কালাম মাহমুদ চলে যান তখনকার নতুন পত্রিকা দৈনিক পাকিস্তানে। পুরো পত্রিকাটি ছিল নতুন উদ্ভাবিত বা ঢাকায় আমদানি করা লাইনো টাইপে। বেশ হইচই ফেলে পত্রিকাটি শুরু হয়। শিল্পী কালাম মাহমুদের মতো অন্যান্য পত্রিকার বহু বাঘা সাংবাদিক এবং সংবাদপত্র প্রকাশনা ও পরিচালনার ক্ষেত্রে সিদ্ধহস্ত অনেকেই চলে আসেন। যা–ই হোক, শিল্পী কালামের স্থলাভিষিক্ত হই আমি চিত্রালী-পূর্বদেশে। সেই আবার কালামের জন্যে তৈরি নিয়মকানুনকে গ্রাহ্য করে। যদিও ছিলাম খণ্ডকালীন। সেই আমার বড় পত্রিকার সঙ্গে জড়িত হবার প্রথম সোপান।

শিল্পী রফিকুন নবী বেশি পরিচিত রনবী নামে

অত্যন্ত মজাদার ছিল সংবাদপত্রগুলোর পরিবেশ। এমনিতেও নানা কারণে সময়ে-সময়ে বিভিন্ন পত্রিকায় যেতাম। এইভাবে সংবাদের শহীদুল্লা কায়সার, রণেশ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত, ইত্তেফাকের সিরাজ ভাই, তালেব ভাইসহ অনেকের সঙ্গেই পরিচিত হই এবং একসময় তাঁরা অত্যন্ত কাছের মানুষ হয়ে যান। রণেশদা আর সন্তোষদা তো শিল্পকলা নিয়ে তখনো লেখালেখি করতেন। তো এই পূর্বদেশ-চিত্রালী নিয়ে বলতে গেলে আমার বহু নস্টালজিক স্মৃতি জড়িত। তা ছাড়া শিল্পী হবার লক্ষ্যে যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেছিলাম উনষাটে, সে ব্যাপারে হঠাৎ একটি ‘ব্রেক’–মতন ছিল ওই চাকরি। তখন অবশ্য যতই সামনের দিকে এগোচ্ছিলাম, ততই আশার দিগন্তে সূর্যোদয়ের মতন আলোর বিচ্ছুরণ দেখতে শুরু করেছিলাম। সেটা কম পাওয়া ছিল না। অন্ধকার ভবিষ্যৎ জেনেও আর্ট কলেজে ভর্তির পর যে টাকাপয়সা প্রাপ্তির ক্ষেত্র, রুজি-রোজগার বা চাকরিবাকরির পথ খুলে যাচ্ছিল ক্রমেই শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং তাঁর অগণ্য সহকর্মীর প্রচেষ্টায়, তা ছিল অভাবনীয় একেকটি ঘটনা।

যা–ই হোক, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে, জনসন রোডের মোড়ে, একটি দোতলা এবং অতি পুরোনো দালানে ছিল ওই অফিস। একই কক্ষে লাইন করা টেবিল-চেয়ার পাতা দুটি পত্রিকার অফিস। দুটিই সাপ্তাহিক। পূর্বদেশের সম্পাদক ছিলেন কাজী মোহাম্মদ ইদ্রিস, চিফ রিপোর্টার ছিলেন ফয়েজ আহমেদ (ফয়েজ ভাই), ছিলেন মওলা ভাই এবং তারা ভাই অর্থাৎ ফউজুল করিম। চিত্রালীতে ছিলেন সম্পাদক এস এম পারভেজ, সৈয়দ শামসুল হক, ফজল সাহাবুদ্দিন, এ টি এম আবদুল হাই, মিসেস লায়লা সামাদ এবং আমার মতো নতুন রিক্রুট রশীদ হায়দার। কী দারুণ আড্ডাই না হতো! একদিকে সিনেমা আর সাংস্কৃতিক ক্ষেত্রের মানুষদের আসা-যাওয়া, অন্যদিকে সব বয়সী শিল্পী-সাহিত্যিক, কবি, সাংবাদিক আর রাজনীতির লোকজনের আনাগোনা। রীতিমতন গুলজার অবস্থা বিরাজ করত সব সময়। এত হুলস্থুলের মধ্যে কখন যে কাজ হতো এবং ঠিক সময়মতো পত্রিকা বের হতো, তা বোঝাই যেত না। এই যে এত সব গুণীর টানে আরও গুণীর আগমন ঘটত এবং তাঁদের সাহচর্যের মধ্যে, নানা ধরনের বিষয়, হরেক আলোচনার মধ্যে, সম্পৃক্ত হতে পারার মধ্য দিয়ে পরবর্তীকালের রসদ সঞ্চিত হয়েছে অভিজ্ঞতায়, এ কথা আজও স্বীকার করি, স্মরণ করি।

এত বছরে পৃথিবী পাল্টেছে, দেশের নাম পাল্টেছে। পরাধীনতা থেকে মুক্ত হয়েছে দেশ, জীবন বদলেছে, শিল্পকলা, বিজ্ঞান, চালচলন, চলনবলন ইত্যাদি সবকিছুই পাল্টেছে আমূল। পরিবর্তন ঘটেছে প্রযুক্তির, আধুনিক থেকে অত্যাধুনিক হয়েছে যন্ত্রপাতি, ছাপাখানা। এসেছে কম্পিউটার, এসেছে স্ক্যান করার চমত্কার সব যন্ত্র। পাইকা, মনো, লাইনোর যুগের পরিবর্তে এসেছে কম্পিউটার-প্রসূত আধুনিক সব টাইপোগ্রাফির যুগ। এসেছে সিস্টেমের প্রযুক্তি। দারুণ আনন্দেরই ব্যাপার বটে। এসবকে নিয়ে এখন পত্রপত্রিকার চেহারা হয়ে উঠেছে প্রসাধন নেওয়া সুন্দরীদের মতো ঝকঝকে, চকচকে। আমাদের মেয়েরা যেমন সাজতে শিখেছে এখন আধুনিক সাজে, তেমনি যেন। কিন্তু সেই কম সুযোগ-সুবিধার মধ্য থেকে পত্রিকাকে সুন্দর করে বের করার যে প্রাণান্তকর চেষ্টা, সেই ফেলে আসা যুগের জন্যে মন খারাপ লাগে। সেই সঙ্গে ভর করে নস্টালজিয়া।