স্বর্ণ, এই ধাতুর সঙ্গে মানুষের আবেগের সম্পর্কটা বেশ প্রাচীন আবার অদ্ভুতও। সোনার দাম বাড়লে সংসারের হিসাবের খাতায় দীর্ঘশ্বাস জমে। দাম কমলে বহুদিনের অপূর্ণ শখ আবার মাথা তোলে। কারও মনে পড়ে মেয়ের বিয়ের গয়না, কারও মায়ের পুরোনো হার, কারও আবার সামান্য সঞ্চয়ের কথা। অথচ এই সোনার গল্প গয়নার দোকান, বিয়ের বাজার বিনিয়োগের হিসাব ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত হয়েছে। সোনার ইতিহাস ছড়িয়ে আছে মহাবিশ্বের জন্মকথায়। মানুষের সভ্যতার উত্থানে। রাজা-বাদশাহর ক্ষমতায়। সাহিত্যের কল্পলোকে। আধুনিক অর্থনীতির অন্ধকার অলিগলিতে।
চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার টাকারও বেশি হয়েছিল। ২৯ জানুয়ারি দাম পৌঁছেছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়। এরপর আন্তর্জাতিক বাজারের দরপতন ও স্থানীয় বাজারের সমন্বয়ে দফায় দফায় দাম কমেছে। ২২ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম নেমে আসে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। পরদিন আবার বাড়ে, ২৫ নভেম্বর কমে দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ একসময় যে সোনা মধ্যবিত্তের নাগালের প্রায় বাইরে চলে গিয়েছিল, তার দাম এখন দুই লাখ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। তবে বাজারের এই ওঠানামা এখনো থামেনি।
এদিকে শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম।
দাম কমার খবরে বিয়ের আনুষ্ঠানিকতার অপেক্ষায় থাকা পরিবারগুলো কিছুটা স্বস্তি পেতে পারে। যে মা–বাবা মেয়ের বিয়ের জন্য কয়েক ভরি সোনা কেনার কথা ভেবে দীর্ঘদিন ধরে সঞ্চয়ের হিসাব কষছিলেন, তাঁদের কাছে কয়েক হাজার টাকার দরপতনও কম কথা নয়। যে গৃহিণী বহুদিন ধরে নিজের জন্য একটি ছোট্ট আংটি অথবা কানের দুল কেনার ইচ্ছা পুষে রেখেছেন, তাঁর কাছেও এই দরপতনের আলাদা অর্থ আছে। তবে গয়নার দোকানের ঘোষিত দরই শেষ কথা নয়। গয়না তৈরির মজুরি, নকশা ও প্রযোজ্য অন্যান্য খরচ যোগ হলে ক্রেতার প্রকৃত ব্যয় আরও বাড়ে।
আমাদের সমাজে সোনাকে সাধারণ একটা ধাতু হিসেবে ভাবা হয় না। কখনো তা মেয়ের বিয়ের উপহার, কখনো মা, নানি–দাদির রেখে যাওয়া স্মৃতি। কখনো বিপদের দিনের সঞ্চয়। কারও কাছে সোনা সাজসজ্জার উপকরণ হলেও অনেক পরিবারের কাছেই সংসারের কঠিন সময়ে ভরসা করার মতো একটি সম্পদ। আবার কারও কাছে সেটি বহু বছরের শ্রম, আত্মসংযম ও অপূর্ণ ইচ্ছার ছোট্ট পুরস্কার।
সোনার এই আবেগের উৎস অবশ্য মানবসভ্যতারও অনেক আগে।
দাম কমার খবরে বিয়ের আনুষ্ঠানিকতার অপেক্ষায় থাকা পরিবারগুলো কিছুটা স্বস্তি পেতে পারে। যে মা–বাবা মেয়ের বিয়ের জন্য কয়েক ভরি সোনা কেনার কথা ভেবে দীর্ঘদিন ধরে সঞ্চয়ের হিসাব কষছিলেন, তাঁদের কাছে কয়েক হাজার টাকার দরপতনও কম কথা নয়। যে গৃহিণী বহুদিন ধরে নিজের জন্য একটি ছোট্ট আংটি অথবা কানের দুল কেনার ইচ্ছা পুষে রেখেছেন, তাঁর কাছেও এই দরপতনের আলাদা অর্থ আছে। তবে গয়নার দোকানের ঘোষিত দরই শেষ কথা নয়। গয়না তৈরির মজুরি, নকশা ও প্রযোজ্য অন্যান্য খরচ যোগ হলে ক্রেতার প্রকৃত ব্যয় আরও বাড়ে।
নক্ষত্রের ভেতর জন্ম পৃথিবীর বুকে মানুষের আকাঙ্ক্ষা এই সোনা।
বিজ্ঞানীরা মনে করেন, সোনা পৃথিবীতে তৈরি হওয়া কোনো সাধারণ ধাতু নয়। এর পরমাণুর জন্ম হয়েছিল মহাবিশ্বের অত্যন্ত শক্তিশালী ও বিরল মহাজাগতিক ঘটনাগুলোর মধ্যে। বিশেষ করে নিউট্রন নক্ষত্রের সংঘর্ষের মতো প্রচণ্ড শক্তির ঘটনায় বিপুল পরিমাণ ভারী মৌল তৈরি হতে পারে। ২০১৭ সালে দুটি নিউট্রন নক্ষত্রের সংঘর্ষ পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা এমন ঘটনার সঙ্গে সোনা, প্লাটিনামসহ ভারী মৌল তৈরির যোগসূত্রের শক্ত প্রমাণ পান।
অর্থাৎ আমাদের আঙুলের আংটি, গলার হার কিংবা গয়নার বাক্সে রাখা সোনার পরমাণুগুলোর ইতিহাস পৃথিবীর চেয়েও প্রাচীন। একসময় মহাকাশের কোনো এক ভয়ংকর মহাজাগতিক ঘটনায় তৈরি হওয়া সেই উপাদান দীর্ঘ পথ পেরিয়ে পৃথিবীর অংশ হয়েছে। ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় পৃথিবীর বিভিন্ন স্তরে সোনা জমা হয়েছে। আর মানুষের খনন ও অনুসন্ধানের মধ্য দিয়ে তা একদিন উঠে এসেছে সভ্যতার ব্যবহারে।
ভাবলে বিস্ময় জাগে, যে ধাতু আজ বিয়ের গয়নায় ব্যাংকের ভল্টে বন্দী, তার জন্মের পেছনে রয়েছে নক্ষত্রের সংঘর্ষের মতো মহাজাগতিক ঘটনা।
মানুষ সোনাকে এত ভালোবাসে কেন? এর উত্তর সৌন্দর্যে বন্দী নয়। সোনায় সহজে মরিচা ধরে না। সাধারণ পরিবেশে ক্ষয় হয় না। সহজে গলিয়ে নতুন আকার দেওয়া যায়। খুব অল্প পরিমাণ ধাতু দিয়েও আকর্ষণীয় গয়না তৈরি করা সম্ভব। এটি তুলনামূলক বিরল। দীর্ঘদিন টেকসই। পৃথিবীর প্রায় সব সমাজেই পরিচিত। তাই হাজার হাজার বছর ধরে অলংকার, বিনিময়, সম্পদ সংরক্ষণ ও ক্ষমতার প্রতীক হিসেবে সোনার ব্যবহার গড়ে উঠেছে।
প্রাচীন মিসরের ফারাওদের সমাধি থেকে শুরু করে মেসোপটেমিয়া, ভারতীয় উপমহাদেশ, চীন, গ্রিস ও রোমের সভ্যতায় সোনার উপস্থিতি দেখা যায়। রাজমুকুট, ধর্মীয় প্রতীক, মন্দিরের অলংকার, মুদ্রা এবং রাজকীয় উপহারে সোনা ছিল ক্ষমতা ও মর্যাদার ভাষা।
স্বর্ণকে দেবত্ব, অমরত্ব ও শাশ্বত জীবনের প্রতীক মনে করা হতো। প্রাচীন অনেক রাজপরিবারের চিকিৎসা ও আচার-অনুষ্ঠানে স্বর্ণের ব্যবহার ছিল।
কিছু রাজদরবার ও আলকেমি-চর্চায় স্বর্ণ ও স্বর্ণজাত পদার্থকে দীর্ঘায়ু লাভের উপাদান মনে করা হতো। আয়ুর্বেদে স্বর্ণভস্ম নামে পরিশোধিত স্বর্ণের গুঁড়ার উল্লেখ আছে।
এ ছাড়া স্বর্ণের পাত্রে খাবার ও পানীয় পরিবেশন ছিল আভিজাত্য ও ক্ষমতার প্রদর্শন। স্বর্ণের পাত ও গুঁড়া মিশিয়ে খাবার সাজানোর রীতিও ছিল।
আমাদের আঙুলের আংটি, গলার হার কিংবা গয়নার বাক্সে রাখা সোনার পরমাণুগুলোর ইতিহাস পৃথিবীর চেয়েও প্রাচীন। একসময় মহাকাশের কোনো এক ভয়ংকর মহাজাগতিক ঘটনায় তৈরি হওয়া সেই উপাদান দীর্ঘ পথ পেরিয়ে পৃথিবীর অংশ হয়েছে। ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় পৃথিবীর বিভিন্ন স্তরে সোনা জমা হয়েছে। আর মানুষের খনন ও অনুসন্ধানের মধ্য দিয়ে তা একদিন উঠে এসেছে সভ্যতার ব্যবহারে।
পরে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় স্বর্ণমানের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের সোনার মজুত এবং আন্তর্জাতিক অর্থনীতিতে সোনার ভূমিকা তাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।
সোনার জনপ্রিয়তার পেছনে তাই কয়েকটি বিষয় একসঙ্গে কাজ করেছে। এর বিরলতা, স্থায়িত্ব, সৌন্দর্য, সহজে বহনযোগ্যতা, সাংস্কৃতিক বিশ্বাস এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সামাজিক আস্থা। তবে সোনা সব সময় নিরাপদ নিশ্চিত মুনাফার বিনিয়োগ নয়। এর দামও ওঠানামা করে। বাজারের চাহিদা, সুদের হার, মুদ্রার শক্তি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের আচরণ সোনার দরকে প্রভাবিত করে।
সোনার ভেতরে মানুষের গল্পই আসল গল্প।
বিশ্বসাহিত্যে সোনা কখনো লোভের প্রতীক, কখনো ক্ষমতার, কখনো অভিশাপের। আবার কখনো মানুষের স্বপ্নের রূপক হয়ে এসেছে।
গ্রিক পুরাণের রাজা মিদাসের গল্পটি মনে করা যাক। তিনি এক বর চেয়েছিলেন, যাতে তাঁর স্পর্শে সবকিছু সোনায় পরিণত হয়। ইচ্ছা পূরণ হয়েছিল মিদাসের। কিন্তু সেই আশীর্বাদই হয়ে উঠেছিল অভিশাপ। খাবার, পানীয়, এমনকি প্রিয়জনের স্পর্শও সোনায় পরিণত হয়ে যাওয়া তাঁকে বুঝিয়ে দিয়েছিল, জীবনের সবকিছুর মূল্য ধনসম্পদ দিয়ে মাপা যায় না। হাজার বছর আগের এই গল্প আজও মানুষের সীমাহীন লোভের বিরুদ্ধে এক অনন্ত সতর্কবাণী।
শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অব ভেনিস নাটকে সোনা ও রুপার বাক্সের নির্বাচন মানুষের বাহ্যিক চাকচিক্য আর প্রকৃত মূল্যবোধের পার্থক্যকে সামনে আনে। সেখানে সোনার ঝলক সব সময় সঠিক সিদ্ধান্তের পথ দেখায় না। আবার জে আর আর টলকিনের দ্য হবিট ও দ্য লর্ড অব দ্য রিংস কাহিনিতে সোনার পাহাড়, ড্রাগনের সম্পদ ক্ষমতার আংটি মানুষের লোভ, অধিকারবোধ ও ধ্বংসাত্মক আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে।
সোনার আরেকটি পরিচিত সাহিত্যিক রূপ হলো ‘গোল্ডেন ফ্লিস’ অর্থাৎ সোনালি পশমের পুরাণ। জেসন ও আর্গোনটদের সেই অভিযানে সোনালি পশম ক্ষমতা, অভিযান ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ধরা দেয়।
আধুনিক সাহিত্যেও দেখা যায় সোনার ঝলক মানুষের ভেতরের অন্ধকারকে উন্মোচন করতে।
বাংলা সাহিত্যে সোনার অর্থ আরও অন্তরঙ্গ, মানবিক আরও বেশি মাটির কাছাকাছি।
গ্রিক পুরাণের রাজা মিদাসের গল্পটি মনে করা যাক। তিনি এক বর চেয়েছিলেন, যাতে তাঁর স্পর্শে সবকিছু সোনায় পরিণত হয়। ইচ্ছা পূরণ হয়েছিল মিদাসের। কিন্তু সেই আশীর্বাদই হয়ে উঠেছিল অভিশাপ। খাবার, পানীয়, এমনকি প্রিয়জনের স্পর্শও সোনায় পরিণত হয়ে যাওয়া তাঁকে বুঝিয়ে দিয়েছিল, জীবনের সবকিছুর মূল্য ধনসম্পদ দিয়ে মাপা যায় না। হাজার বছর আগের এই গল্প আজও মানুষের সীমাহীন লোভের বিরুদ্ধে এক অনন্ত সতর্কবাণী।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতায় সোনা ধাতব সম্পদের নাম নয়। সেখানে কৃষকের কষ্টে ফলানো সোনার ধান, জীবনের শ্রম ও প্রাপ্তির প্রতীক। কৃষক তার সারা বছরের ফসল নিয়ে অপেক্ষা করে। তরী আসে, ফসল তুলে নেয়। কিন্তু কৃষকের নিজের জন্য জায়গা থাকে না। সোনার সেই ফসলের ভেতর দিয়ে কবি মানুষের অর্জন, বিচ্ছিন্নতা ও অপূর্ণতার এক গভীর রূপক নির্মাণ করেন।
‘আমার সোনার বাংলা’য় সোনা হয়ে ওঠে মাতৃভূমির প্রতি ভালোবাসার বিশেষণ। বাংলার প্রকৃতি, বাতাস, মাঠ, ধান ও মাটির সঙ্গে মিশে যায় সোনার অনুভূতি। এখানে সোনা সিন্দুকে বন্দী সম্পদ নয়। মানুষের হৃদয়ে বহন করা এক ভূখণ্ডের নাম।
জীবনানন্দ দাশের কবিতায় বাংলার প্রকৃতি বারবার ফিরে আসে ধানখেত, নদী, কুয়াশা, হেমন্তের আলো ও গ্রামীণ সৌন্দর্যের মধ্য দিয়ে। তাঁর কবিতার সেই সোনালি আভায় অলংকারের ঝলক নেই। আছে বাংলার মাটির নিজস্ব আলো।
আমরা দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তাঁর সমসাময়িক
কথাসাহিত্যে সোনার গয়না, সংসার ও সামাজিক মর্যাদার সম্পর্ক। সমকালীন বাংলা গল্প-উপন্যাসের নারীদের জীবনে অলংকার ভালোবাসা ও সামাজিক স্বীকৃতির চিহ্ন। অভাবের সংসারে শেষ সম্বল। আবার কখনো পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের নীরব সাক্ষী। সোনার গয়নাকে নারীর সাজের বস্তু থেকে হয়ে উঠেছে নারীর সীমিত আর্থিক স্বাধীনতা ও সামাজিক অবস্থানের প্রতীক।
সাহিত্যে সোনার এই বহুরূপী উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, একই ধাতু মানুষের কাছে একই অর্থ বহন করে না। কারও কাছে তা ভালোবাসা, কারও কাছে নিরাপত্তা, কারও কাছে ক্ষমতা, আবার কারও কাছে ধ্বংসের কারণ।
বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারে সোনার সঙ্গে আবেগের পাশাপাশি অর্থনৈতিক বাস্তবতাও জড়িয়ে আছে। অনেকেই সোনাকে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের একটি মাধ্যম মনে করেন। বিশেষ করে মুদ্রাস্ফীতির এই সময়ে নগদ টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থেকে কেউ কেউ সোনার দিকে ঝোঁকেন।
তবে সোনাকে নিশ্চিত লাভের বিনিয়োগ ভাবার কারণ নেই। বাজারদর কমলে কেনা সোনার মূল্যও কমে যেতে পারে। গয়না কিনলে মজুরি ও অন্যান্য খরচ থাকে। বিক্রি আর বদলের সময়ও নির্দিষ্ট নিয়মে মূল্য কাটা হতে পারে। ফলে গয়না কেনা এবং বিনিয়োগের জন্য স্বর্ণবার আর মুদ্রা কেনা এক বিষয় নয়।
বাস্তবতা হলো, দাম কমুক বা বাড়ুক—চোরাচালান সিন্ডিকেটগুলো বাজারের চক্রে তাল মিলিয়ে নেয়। তারা নিজেদের পুঁজি, রুট ও লেনদেনের হিসাব বদলে নেয়। তাই বাজারদরের ওঠানামার চেয়েও জরুরি হলো সীমান্তের রুট, হুন্ডির লেনদেন এবং আড়ালের মূল অর্থদাতাদের ‘মানি ট্রেইল’নজরে রাখা। যাতে গয়নার সোনালি আভা সাধারণ মানুষের শখ ও সঞ্চয়েই সীমাবদ্ধ থাকে। অন্ধকার কারবারে নয়।
তবু মানুষের আবেগের জায়গাটি আলাদা। মা তাঁর মেয়েকে যখন একটি সোনার চেইন উপহার দেন তার সঙ্গে দেন স্মৃতি, সম্পর্ক ও আশীর্বাদের এক দৃশ্যমান চিহ্ন। বিয়ের গয়নায় পরিবারের সামর্থ্য, সামাজিক প্রত্যাশা ও দীর্ঘদিনের সঞ্চয় একসঙ্গে এসে মিশে যায়। তাই দাম কমলে সোনার বাজারে ক্রেতা বাড়ে। অনেক ঘরে পুরোনো স্বপ্নের কথাও নতুন করে আলোচনায় আসে।
আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে সোনার সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব আরও বিস্তৃত। সেখানে বিয়ে, পূজা-পার্বণ, মন্দিরের অর্পণ, উৎসব, পারিবারিক উপহার এবং গ্রামীণ সঞ্চয়ের ঐতিহ্যে সোনার গভীর উপস্থিতি রয়েছে। বিশ্ব স্বর্ণ পরিষদের তথ্যেও দেখা যায়, ভারত ও চীন বিশ্বে গয়নার সোনার বড় বাজারগুলোর মধ্যে রয়েছে। দাম বেড়ে গেলে গয়নার পরিমাণ কমতে পারে। কিন্তু সাংস্কৃতিক চাহিদা পুরোপুরি থেকে যায়।
এই বিপুল চাহিদার পাশাপাশি দেশভেদে আমদানি শুল্ক, কর, মুদ্রার বিনিময় হার ও বাজারদরের পার্থক্যও সোনার আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলে। আর সেখানেই বৈধ বাণিজ্যের পাশাপাশি অবৈধ কারবারের ব্যাপারটিও আমাদের সামনে চলে আসে।
সোনার বাজারের গল্পের একটি অন্ধকার অধ্যায় রয়েছে আমাদের সীমান্তে। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বিদেশি সোনা চোরাচালানের ঘটনা বহুদিনের পুরোনো। এবং সবার জানা।
সোনার দাম কমে যাওয়ায় সীমান্তের অন্ধকার সিন্ডিকেটগুলো এখন নতুন করে হয়তো ক্যালকুলেটর নিয়ে বসেছে। দাম কমলে ওজন বাড়িয়ে পুষিয়ে নেওয়া যাবে কি না? নাকি হুন্ডির রেট আর ক্যারিয়ারের কমিশন নতুন করে কষতে হবে?
বাস্তবতা হলো, দাম কমুক বা বাড়ুক—চোরাচালান সিন্ডিকেটগুলো বাজারের চক্রে তাল মিলিয়ে নেয়। তারা নিজেদের পুঁজি, রুট ও লেনদেনের হিসাব বদলে নেয়। তাই বাজারদরের ওঠানামার চেয়েও জরুরি হলো সীমান্তের রুট, হুন্ডির লেনদেন এবং আড়ালের মূল অর্থদাতাদের ‘মানি ট্রেইল’নজরে রাখা। যাতে গয়নার সোনালি আভা সাধারণ মানুষের শখ ও সঞ্চয়েই সীমাবদ্ধ থাকে। অন্ধকার কারবারে নয়।
কথ্য ভাষায় আমরা লোভী স্বভাবের মানুষকে ‘গোল্ড ডিগার’ বলি। কারও লোভ হয়তো চকচকে গয়না আর সাজানো বিত্তের পেছনেই ছোটে। কিন্তু আমাদের সমাজের আসল গোল্ড ডিগার হচ্ছে সেই ছায়া অর্থনীতির ছায়া মানবেরা। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার সেই অন্ধকার পথ।
সেখানে কোনো গয়নাপ্রেমী নেই। সীমান্তের চোরাই রুট, হুন্ডির খাতা আর বেনামি টাকার খনি খোঁড়ার কারিগরেরাই সত্যিকারের ‘গোল্ড ডিগার’। সোনার দাম যতই ওঠানামা করুক, গয়নার সিন্দুকের চেয়ে অন্ধকার মুনাফার খনিতেই এদের লোভের কোদালটা সব সময় সচল থাকে। আর নিচুতলার বহনকারীরা শুধু সেই খনির ধুলো গায়ে মেখে সামনের সারিতে ধরা পড়ে।
সোনার সবচেয়ে বড় বৈপরীত্য বোধ হয় এখানেই। মহাবিশ্বের এক ভয়ংকর নক্ষত্রীয় সংঘর্ষে যার জন্ম। মানুষের হাতে এসে তা হয়ে যায় ভালোবাসা আর সৌন্দর্যের স্মারক। কখনো নিরাপত্তার আশ্রয়। কখনো ক্ষমতার প্রতীক। আবার কখনো লোভের অন্ধকার খনি হয়ে ওঠে।
সোনার রং একই থাকে। বদলে যায় মানুষের ব্যবহার, উদ্দেশ্য আর বিবেক।