
কত কিছুই তো লেখার বাকি রয়ে গেছে! এ নিয়ে আমার আক্ষেপের শেষ নেই। অনেক দিনের ইচ্ছা, শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখব। কিন্তু কী লিখব? বন্দনাগীতি বা জীবনী লেখার ইচ্ছে নেই। শেষমেশ লিখেই ফেললাম একটা কিছু। বইটি বেরোবে শিগগিরই। এতে থাকছে মুজিবজীবনের এক গুরুত্বপূর্ণ ও অনাবিষ্কৃত অধ্যায়, যেখানে তুলে ধরা হয়েছে একাত্তরের মার্চ থেকে বাহাত্তরের জানুয়ারি পর্যন্ত সময়টিকে, যখন বাংলাদেশ এবং শেখ মুজিব পড়েছিলেন একটা ঘূর্ণিঝড়ের মধ্যে। এ ছাড়া একাত্তর নিয়ে বড় ক্যানভাসে লেখার ইচ্ছে ছিল। দেশটা নানান টানাপোড়েনের মধ্য দিয়ে, মার্কিন-সোভিয়েত ছায়াযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন হয়েছে। সেটি ছেঁকে তোলার চেষ্টা করেছি। এই দুটো বই–ই প্রকাশ করবে প্রথমা প্রকাশন।
মাওলানা ভাসানীকে আমার খুব ক্যারিশম্যাটিক নেতা মনে হয়। বর্ণাঢ্য তাঁর জীবন। তাঁর রাজনীতি নিয়ে তৈরি করছি বড়সড় একটা পাণ্ডুলিপি। এটির প্রকাশক বাতিঘর।
পরিকল্পনায় আছে আরও কয়েকটা বিষয় বা থিম। আমার মা ও আমি—দুজনের শৈশব নিয়ে লিখতে শুরু করেছি। এটি একটু অন্য ধারার বই হবে। দুই প্রজন্মের, দুই সময়ের দুজন এক মোহনায় এসে মিশে যাবে। স্মৃতি থেকে উৎসারিত হবে বিশ শতকের ঘটনাবহুল একটা পর্ব।
আমার ইতিহাসচর্চায় ১৯৪৭-পরবর্তী কাল উঠে এসেছে বেশ কয়েকটি বইয়ে। ভাবছি আরও পেছনে ফিরে যাব। আমাদের জনপদে বড় রকমের বাঁকবদল হয়েছিল ১৭৫৭, ১৮৫৭ ও ১৯৪৭ সালে। এসব নিয়ে লিখতে গেলে একটা বিশাল পুরাণ হয়ে যাবে। মনটাকে গোছাচ্ছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবির্ভাব থেকে সাতচল্লিশের দেশভাগ পর্যন্ত যে সময়টি আমাদের অনেকের অজানা-অচেনা, তাকে দুই মলাটের মধ্যে তুলে ধরতে। এটা হবে এই জনপদের, এই ভূমির মহাকাব্য। মসনদ নিয়ে দেশীয় শাসকদের খুনোখুনি, বিদেশি বেনিয়াদের ঝোপ বুঝে কোপ মারা আর ইতিহাস ও মানচিত্র বদলে যাওয়ার কাহিনি তুলে ধরব। এ সময়ের মধ্যে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুটি দুর্ভিক্ষ আর দেশভাগের কারণে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীর স্রোত। আমি এই পর্বটিকে ছুঁতে চাই।
আমাকে অনেকেই বলেন, আওয়ামী লীগ, বিএনপি আর জাসদকে নিয়ে লিখলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে লিখছেন না কেন? রাজনৈতিক দল নিয়ে লিখতে হলে ওই দলের অনেকের সাক্ষাৎকার দরকার হয়। মুশকিল হলো, জামায়াতের নেতারা বেশির ভাগই হয় মাটির নিচে, অথবা জেলে, কিংবা পলাতক। বাকিদের চিনি না। কার সঙ্গে কথা বলব? তারপরও এটা আমার পরিকল্পনায় আছে।
আমার শপিং লিস্টটা বেশ বড় হয়ে গেল। শরীর বশে থাকে না। চেষ্টা করব, যতটুকু পারি এ বছর লিখে ফেলব। জানি না, কত দূর যেতে পারব।