সুখী সুখী আলাপের প্যাটার্ন বদলে গেছে

এ বছর কী লিখব—বছরের শুরুতে তা জানাতে গিয়ে বিব্রতবোধ করছি। ভাবছি ‘এখন যা যা লিখব’ বলব, তা কি লিখতে পারব? পেছন থেকে তাড়া করাই হয়তো এ প্রতিশ্রুতির সার হবে। তা ছাড়া লেখালেখির তাড়নাটা মনে হয় আসে অন্য জায়গা থেকে। 

এখন সবকিছুই অনিশ্চিত। আর অনিশ্চয়তার ঘন কুয়াশা আমাদের ঘিরে রেখেছে। তাই বছর শেষ বা শুরুর হালখাতার হিসাব চুকানোর সুখী সুখী আলাপের প্যাটার্নটাই যেন বদলে গেছে। অতিমারি-উত্তর শোক, শূন্যতার মাঝে একান্তে জীবনের অর্থ খোঁজা, নাড়ি টিপে পালস অনুভব করা বা মানসিক বৈকল্য প্রাণপণে ঠেকানোর জন্যই হাতে কলম তুলে নেওয়া—হ্যাঁ, লেখালেখির প্রেরণা সত্যিকারে এমন বিপজ্জনক প্রান্তে পৌঁছে গেছে। দিস্তা–দিস্তা অবিচুয়ারি লেখার ফরমাশ। আর তা লিখতে না পারার গ্লানি বা মনোবেদনা। এখানে পেছনের কথা একটু বলি। গত বছর জুলাই মাসে প্রথমা থেকে প্রকাশিত আমার এক শ এক রাতের গল্প উপন্যাস লেখাকালে এ শোক-শূন্যতা-বেদনা পুরোদস্তুর জারি থেকেছে। 

ভবিষ্যতে কি বদলাবে?

ধ্বংসোন্মুখ, মৃত্যুময় পৃথিবীতে কী-ইবা বদলাতে পারে!

তবু আশার প্রদীপ তো জ্বালিয়েই রাখতে হয়!

সে রকম আশাবাদ না হোক, জীবনপ্রদীপ বলে যে প্রতীকী শব্দ চালু আছে, এর সুবাদে কিছু তো জ্বলবেই। আমরা বিশ্বাস করি বা না করি আলোর পিঠে যেমন অন্ধকার, অন্ধকারের পিঠে তেমনি আলো থাকে। অতিমারির সময়কার বিশুদ্ধ বাতাস আর পরিষ্কার নীলাকাশ ভোলার মতো নয়। অনেক কোণঠাসা প্রাণীর অভয়ারণ্যে পরিণত হয়নি কি এ মুমূর্ষ পৃথিবী! বিপুল ক্ষমতাধর সেই ভাইরাস আমাদের বহির্মুখিতায় রাশ টেনে ধরেনি! আর মনের মরচে পড়া বন্ধ কুঠুরিগুলো কি খুলে দেয়নি! যদিও এই সবকিছুই সাময়িকভাবে ঘটেছিল। আর এসব রূপকথার গল্প আমরা ভুলতেও বসেছি।

আবুল আলা আল-মা’আরির কবিতার দুটি প্রিয় পঙ্​ক্তি: ‘দুর্ভাগ্য আমাদের এমনভাবে চুরমার করেছে যেন আমরা কাচের তৈরি

আর ভাঙা সেই টুকরাগুলো কখনোই জোড়া লাগেনি।’

এ বছর সেই ভাঙা কাচের গল্পই হয়তো লিখব। টুকরা টুকরা গল্প। হয়তো উপন্যাস লেখার আয়োজনে নুড়ি কুড়িয়ে বেড়াব কল্পনা আর বাস্তবের উষর জমিনে।