কত অজানারে

তাঁরা ফুটবলার, আবার লেখকও

বিশ্বকাপ ফুটবলের এই প্রহরে মেসি থেকে নেইমার—বিভিন্ন তারকা ফুটবলারকে নিয়ে চলছে মুখরোচক আলোচনা। তবে সব ফুটবলার কি কেবল খেলোয়াড়ই হতে চেয়েছিলেন? বিশ্বের এমন কিছু খেলোয়াড় আছেন, খেলার পাশাপাশি যাঁরা লেখকও বটে।

ডেভিড বেকহামের বই টুইন ট্রাবল, গর্ডন উইলিয়ামসের সঙ্গে মিলে টেরি ভেনাবলস লিখেছেন দে ইউজড টু প্লে অন গ্রাস ও ডেভিড ইচকের বই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডিজাসটার: হোয়াই দ্য অফিশিয়াল স্টোরি অব ৯/১১ ইজ আ মনুমেন্টাল লাই
ডেভিড বেকহামের বই টুইন ট্রাবল, গর্ডন উইলিয়ামসের সঙ্গে মিলে টেরি ভেনাবলস লিখেছেন দে ইউজড টু প্লে অন গ্রাস ও ডেভিড ইচকের বই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডিজাসটার: হোয়াই দ্য অফিশিয়াল স্টোরি অব ৯/১১ ইজ আ মনুমেন্টাল লাই

ডেভিড বেকহাম

ডেভিড বেকহামকে কে না চেনে! ১৯৭৫ সালে জন্ম নেওয়া ব্রিটিশ এই ফুটবলারের সাহিত্য জগতের বাসিন্দা হওয়ার বাসনা ছিল। সে কারণে ২০০৯ সালে তিনি লিখেছিলেন টুইন ট্রাবল নামে একটি বই। বইয়ের গল্পটি দুই জমজ ভাইকে কেন্দ্র করে। একজন খুব মেধাবী, অপরজন অপেক্ষাকৃত কম মেধাবী। বেকহাম যখন বইটি লিখছেন, তখন গুজব ছড়িয়েছিল, এই বই বাজারে আসবে না। শেষ পর্যন্ত বইটি বের হয়েছিল। অনেকে বইয়ের প্রশংসাও করেছিলেন। তবে বেকহামের লেখা বইটি সমলোচনার শিকারও হয়েছিল। সমালোচনা করে কেউ কেউ বলেছিলেন, বইটি বাচ্চারা পছন্দ করলেও বড়দের জন্য এটা খুব একটা উপভোগ্য নয়।

পেপে মেলে

স্প্যানিশ তারকা ফুটবলার পেপে মেলের জীবনে একবার চক্কর দিলেই দেখা যাবে, লেখক হওয়ার আকাঙক্ষা আছে তাঁরও। তাই তিনি লিখেছন একাধিক উপন্যাস। এখন পর্যন্ত তাঁর দুটি বই বের হয়েছে—দ্য লায়ার ও দ্য রোড টু দ্য আফটারলাইফ। দ্য লায়ার উপন্যাসটি থ্রিলার ঘরোনার। ক্যাথলিক চার্চের একটি পাণ্ডুলিপি চুরিকে কেন্দ্র করে এগিয়েছে গল্পটি। মেলে মূলত শখের লেখক। লেখালেখি প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এটা আমাকে প্রশান্তি দেয় এবং প্রতিটি পৃষ্ঠায় রোনালদোকে আমি থামিয়ে দিই—এমনটাই ভাবি লেখার সময়।’

টেরি ভেনাবলস

টেরি ভেনাবলস ছিলেন ইংল্যান্ডের ফুটবলার। ক্রীড়া লেখক গর্ডন উইলিয়ামসের সঙ্গে মিলে তিনি লিখেছিলেন দে ইউজড টু প্লে অন গ্রাস। বইটি বের হয়েছিল ১৯৭১ সালে। টেরি আর উইলিয়ামস মিলে একটি সফল গোয়েন্দা সিরিজও লিখেছিলেন। পরবর্তী সময়ে তা থেকে নির্মাণ করা হয় টিভি সিরিজ। সিরিজটি ‘হাজেল সিরিজ’ নামে পরিচিত। 

ফ্রাঙ্ক ল্যাম্পার্ড

ইংল্যান্ডের আরেক ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। শিশুদের জন্য তিনি লেখেন ফ্রাঙ্কিস ম্যাজিক ফুটবল সিরিজ। তাঁর দুজন এজেন্ট এ সিরিজ সম্পর্কে বলেন, সিরিজটি খুবই উপভোগ্য ও রোমাঞ্চকর। এই সিরিজে ফ্রাঙ্কি তার বন্ধু ও পোষা কুকুর ম্যাক্সকে নিয়ে বিভিন্ন ধরনের মিশনে বের হয়। বইটি নিয়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কথা, ‘চরিত্রগুলোর সবই আমার বন্ধু এবং দলের সদস্যদের থেকে নেওয়া, তাদের সঙ্গে বহুদিন একসঙ্গে খেলেছি আমি।’

প্রকাশের সঙ্গে সঙ্গে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের বইগুলো বেশ জনপ্রিয় হয়েছিল।

ডেভিড ইচকে

ইংলিশ ফুটবলার ডেভিড ইচকে ছিলেন গোলকিপার। তবে তিনি বর্তমানে ষড়যন্ত্রতাত্ত্বিক হিসেবে বহুল পরিচিত। বড় বড় রাজনীতিবিদের নিয়ে মন্তব্য করে থাকেন তিনি। তাঁদের ষড়যন্ত্র নিয়ে কথা বলেন। ইতিমধ্যে তাঁর বেশ কিছু বই পাঠকমহলে সমাদৃত হয়েছে। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে দ্য পারসেপশন ডিসেপশন ও অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডিজাসটার: হোয়াই দ্য অফিশিয়াল স্টোরি অব ৯/১১ ইজ আ মনুমেন্টাল লাই।

স্টিভ ব্রুস

যেসব খেলোয়াড় বই লিখেছেন, তাঁদের মধ্যে স্টিভ ব্রুস অন্যতম। তিনিও ইংলিশ ফুটবলার। তবে তিনি মার্ডার মিস্ট্রি লিখে বেশ জনপ্রিয় হয়েছিলেন। ১৯৯৯ সালে লেখেন প্রথম উপন্যাস স্ট্রাইকার। বইটি বের হওয়ার পর পাঠকেরা খুব ভালোভাবে এটিকে গ্রহণ করেন। এর পর থেকে স্টিভ ব্রুস লিখে যাচ্ছেন একটানা। তাঁর অন্য বইগুলো হলো: সুয়েপার এবং ডিফেন্ডার, হেডিং ফর ভিক্টোরি ইত্যাদি।

সূত্র: বলস ডট আই ই, নাইটিনমিন ডটকম