কুমিল্লা সিটি করপোরেশনের আওতাভুক্ত বিশ্বরোড চৌরাস্তার পাশে ‘আহম্মদনগর পোস্ট অফিসটি’ এত ছোট যে বাথরুম এর চেয়ে বড়। নেই কোনো বসার চেয়ার, জানালা; লোকজনকে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। টিনশেড ছোট ঘর, নেই কোনো বৈদ্যুতিক ফ্যান। প্রচণ্ড গরমের সময় স্বয়ং পোস্টমাস্টার অসহ্য হয়ে বাইরে দাঁড়িয়ে বা বসে থাকেন। কক্ষটি এত ছোট যে পিয়ন ও পোস্টমাস্টারের বসার জায়গা নেই। আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজন প্রয়োজনে এখানে আসেন। কুমিল্লা বিশ্বরোড চৌরাস্তায় শত শত অফিস-আদালত রয়েছে। ব্যস্ততম বিধায় বিভিন্ন শ্রেণীর লোকজন প্রয়োজনে এখানে আসেন। তাই পোস্ট অফিসটি আরও বড় করা প্রয়োজন।
এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
ছালেহ আহমেদ
কুমিল্লা পবিস-২।