প্র তি ক্রি য়া

ফোন

সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদ

ফোনে কথা বলার স্বাভাবিক প্রক্রিয়া এ রকম: রিসিভার বা সেটটি এক হাতে ধরে আরেক হাতে নম্বর ঘুরিয়ে অথবা টিপে সংযোগ স্থাপন। ও-প্রান্তের ফোনসেট ব্যস্ত না থাকলে সেটি বেজে উঠবে। বাজার শব্দ শোনা গেলে কেউ তা ধরে কানে লাগাবেন। তারপর যদি সেটটিতে ঘ্যাড় ঘ্যাড় শব্দ না করে, দুই দিকের কথাই দুই প্রান্তের ব্যক্তি শুনতে পাবেন। বক্তব্য শ্রুতিমধুর বা শ্রুতিকটু হতে পারে, প্রীতিকর অথবা অপ্রীতিকর হতে পারে। সেটা পরের বিবেচ্য বিষয়।
যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণের আগে দ্বিতীয় মহাযুদ্ধের অক্ষশক্তি বা মিত্রশক্তির নেতাদের মধ্যে যে ফোনালাপ হয়েছিল, তার পটভূমি আমাদের আলোচ্য অথবা ঐতিহাসিক ফোনটির মতো দীর্ঘ ছিল না। আগের দিন ঘোষিত হলো ফোন করবেন। পরদিন যখন মানুষের উৎকণ্ঠার পারদ ওপরের দিকে উঠছে, তখন এক মন্ত্রী বললেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রধানমন্ত্রী ফোন করবেন।’ দুপুরে টেলিভিশনের স্ক্রলে দেখা গেল, ফোন করেছেন, কিন্তু কোনো সাড়া নেই। ফোনটি ও-প্রান্ত থেকে রিসিভ করা হয়নি।
ও-প্রান্তের মুখপাত্র জানালেন, লাল টেলিফোনটি ডেড। অন্য টেলিফোনে কথা হতে পারে রাতে গুলশান কার্যালয়ে। ফোনটি সত্যি ডেড কি না, তা পরীক্ষার জন্য টিঅ্যান্ডটির লোক ছুটলেন। টেলিফোন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বললেন, ফোন ঠিক আছে। তারপর আরও কয়েকটি পর্যায় পার হলো। শেষ পর্যন্ত দেশবাসী ও সংবাদমাধ্যমকর্মীদের রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটে। ফোনে কথা হয় দীর্ঘ সময়।

কোটি কোটি মানুষ যে ফোনকলটি থেকে একটি ইতিবাচক ফলাফল আশা করে, সেই ফোন নিয়ে এই দীর্ঘসূত্রতা, এই নাটকীয়তা! এ তো ১৬ কোটি মানুষের সঙ্গে পরিহাস করারই নামান্তর। তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাব এ জন্য যে ফোন তিনি শেষ পর্যন্ত করেছেন। বিরোধীদলীয় নেতাকে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন। যদি ওই ভোজ হয়, তা হলে সেখানে ভোজকারীদের চেয়ে তা উপভোগ করবে ১৬ কোটি মানুষ।

জনগণকে প্রবোধ দেওয়ার জন্যই হোক বা বৈদেশিক মিত্রদের মনোরঞ্জনের জন্যই হোক অথবা সদিচ্ছা থেকেই হোক, নৈশভোজটা যদি আদৌ হয়, তা হলে সংকটের সমাধানটা খুব দূরে থাকবে না। তবে ভোজ যদি না-ও হয়, দুই পক্ষের সংলাপটা হওয়া অতি জরুরি। যে সংকট তাঁরা নিজেরা সৃষ্টি করেছেন, তা আজ হোক কাল হোক, তাঁদেরই সমাধান করতে হবে। আমরা ফোনকলের শুভ পরিণতিই কামনা করি।