চি ঠি প ত্র

রেডিও উধাও

রেডিওর কথা আমরা অনেকেই ভুলে গেছি। ইন্টারনেট, কেব্ল টিভি, মোবাইল ফোনের জগতে রেডিওর ব্যবহার একেবারেই কমে গেছে। ইলেকট্রনিকসের বাজারে এই যন্ত্রটি এখন আর খুঁজে পাওয়া যায় না। সব বিক্রেতার একই কথা, রেডিওর দিন শেষ। বিশ্ববিখ্যাত রেডিও প্রস্তুতকারী কোম্পানিগুলো তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। ফলে ওই সব কোম্পানির আন্তর্জাতিক মানের রেডিও সেটগুলো বিলুপ্তির পথে।
চীন ও ভারতের কিছু কোম্পানি রেডিও উৎপাদন করে থাকে। সেই সব রেডিও সেট বড় শহরগুলোর কিছু দোকানে কদাচিৎ দেখা যায়। সাধারণ ক্রেতারা অন্তঃপুরীর সেই বিপণিগুলোতে পৌঁছাতে পারেন না। ইলেকট্রনিকস ব্যবসায়ীরা রেডিও পণ্যটিকে স্লো আইটেম হিসেবে বিবেচনা করেন বিধায় তাঁদের দোকানের শোকেসে পণ্যটি ঠাঁই পায় না।
রেডিও প্রযুক্তিকে বাঁচিয়ে রাখতে এখনো সরকারি উদ্যোগের একান্ত প্রয়োজন। কম্পিউটার পণ্যের মতো রেডিওকে করমুক্তকরণ দেশীয় প্রযুক্তিতে রেডিও প্রস্তুতের লক্ষ্যে বিনিয়োগকারীদের উৎসাহিতকরণের প্রস্তাব করছি। সরকারের তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফা সরকার
কিশোরগঞ্জ, নীলফামারী।