মতামত

একটি পথ দেখানো রায় ও ফেসবুক নিয়ে ৩টি সুপারিশ

‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে আমাদের দেশের মানুষের কাছে ফেসবুক ভীষণ জনপ্রিয়। মানুষে মানুষে যোগাযোগের অনন্য মাধ্যম ফেসবুক। মানুষ ফেসবুকের মাধ্যমে মুহূর্তে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারছে, প্রতিনিয়ত দেশ–বিদেশি নানা খবরাখবর পাচ্ছে এবং নিজেকে আপডেটেড রাখতে পারছে। ফেসবুকে মানুষ তাদের আনন্দ, বেদনা, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করছে। নতুন নতুন আইডিয়া নিয়ে প্রতিদিন তরুণেরা এগিয়ে আসছেন, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। কবিতা, গান, ফটোগ্রাফি, সিনেমাসহ নানা ক্ষেত্রে মানুষ নিজেকে সৃষ্টিশীল হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ পাচ্ছে। প্রান্তিক পর্যায়ের মানুষও এখন ফেসবুক, ম্যাসেঞ্জার ব্যবহার করছে।

নেপোলিয়নক্যাটের হিসাবমতে, জানুয়ারি ২০২২ পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৯০০ মানুষ, যা আমাদের মোট জনসংখ্যার ৩০ দশমিক ৩ শতাংশ। দিন দিন ফেসবুক, মেসেঞ্জার আরও শক্তিশালী ও প্রভাবশালী মাধ্যম হিসেবে জায়গা করে নিচ্ছে। ব্যবসার সঙ্গে সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীলতার জায়গা রয়ে যায়। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ভালো দিকগুলোর সঙ্গে কিছু নেতিবাচক দিকও উন্মোচিত হচ্ছে। রামু কক্সবাজার, নাছিরনগর সিলেট, বোরহানউদ্দীন ভোলাতে ফেসবুককেন্দ্রিক প্রকাশিত ও প্রচারিত কনটেন্টকে কেন্দ্র করে ঘৃণা, বিদ্বেষে রক্ত ঝরেছে, মুহূর্তে আগুনে জ্বলেছে শত শত ঘরবাড়ি, তাণ্ডবে গৃহহীন হয়েছে বহু মানুষ।

কিছু দুষ্ট মানুষের অশুভ কর্মকাণ্ডে বহু নারীর জীবন দুর্বিষহ হয়েছে, হচ্ছে। তাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও এই মাধ্যমে বিকৃত বা অপমানজনকভাবে প্রচার, প্রকাশ করা হয়েছে। আমাদের সমাজ, মানুষের বিশ্বাস, মূল্যবোধ, ধর্মীয় বোধ ও সংস্কৃতি, পারস্পরিক সম্পর্ক, সামাজিক রীতিনীতি উন্নত দেশের মতো করে একই নীতিতে মূল্যায়ন বাস্তবসম্মত নয়। তাই আমাদের সামাজিক ব্যবস্থা বিবেচনায় ফেসবুককে ‘পলিসি’ নিতে হবে।

কোনো সাইবার ক্রাইম হলে দায়িত্বশীলতার জায়গা থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তা একত্রে উন্মোচন, উদ্‌ঘাটন, দমন ও শাস্তি আরোপে পরস্পর নিবিড়ভাবে ফেসবুকের সহযোগিতা কাম্য। ফেসবুকের বহু ভালো দিকের পাশাপাশি এখনো কিছু জায়গা আছে, যা আরও সুরক্ষিত ও উন্নত হতে পারে। ব্যবসার পাশাপাশি সাইবার স্পেসকে আরও নিরাপদ রাখতে ফেসবুক কর্তৃপক্ষের দায়বোধের জায়গাও রয়ে গেছে।’

এই চমৎকার পর্যবেক্ষণ তুলে ধরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান গত মঙ্গলবার একটি রায় দিয়েছেন। এক কিশোরীর এডিট করা নগ্ন ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করার মামলায় এই বিচারক আসামিকে আট বছর সশ্রম কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করেছেন। রায়ে বিচারক পথ দেখিয়ে দিয়েছেন কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এসব ঘটনার ক্ষেত্রে আরও নিরাপদ থাকতে পারেন।

সার্বিক বিবেচনায় বিচারক গুরুত্বপূর্ণ তিনটি সুপারিশ করেছেন। এক. ‘ফেক আইডি’ হলো সাইবার অপরাধের সূতিকাগার। একই ব্যক্তি নামে–বেনামে একাধিক আইডি খোলার ‘অপসন’ চালু রাখা সাইবার নিরাপত্তার জন্য হুমকি। তাই ফেক আইডি প্রতিরোধে ফেসবুকের পক্ষ থেকে কার্যকর ভূমিকা কাম্য।

দুই. ফেসবুকে পোস্ট করা কোনো নারী ও শিশুর ছবি বা ভিডিও যাতে অনুমতি ছাড়া কেউ ডাউনলোড করতে না পারে, এমন সিকিউরিটি থাকতে হবে। নারী ও শিশুর ছবি বা ভিডিও বিকৃত করে কেউ যেন ফেসবুক বা মেসেঞ্জারে প্রকাশ ও প্রচার করতে না পারে বা অভব্য কমেন্ট বা শেয়ার না করতে পারে, সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিরাপত্তা ফিচার জোরদার জরুরি।

‘আমাদের সমাজবাস্তবতায় যৌন অপরাধের ক্ষেত্রে “ভিকটিম ব্লেমিং” বা ভুক্তাভোগী নারীকেই বেশি দায়ী করা হয়। এই দৃষ্টিভঙ্গি অপরাধকে খাটো করে দেখে, অপরাধীকে আড়াল করে রাখে এবং অপরাধকে উসকে দেয়। সামাজিকভাবে ভিকটিম একঘরে হয়ে পড়ে।’

তিন. কারও ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করতে পারে, এমন কোনো কনটেন্ট প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত উদ্‌ঘাটন করে প্রয়োজনে সেরূপ কনটেন্ট প্রকাশ ও প্রচারে বাধা দেওয়া এবং তা দ্রুত অন্তর্জাল থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া দরকার। সাইবার ওয়ার্ল্ডকে অস্বীকার করা যাবে না। ডিজিটাল প্ল্যাটফর্ম একটি বাস্তবতা। এটা দিনে দিনে আরও বৈচিত্র্যময় হবে। তাই নিরাপদ ও স্বাস্থ্যকর সাইবার স্পেসের জন্য শিক্ষা, সচেতনতা, প্রশিক্ষণ প্রয়োজন। সাইবার বুলিং প্রতিরোধে ফেসবুকের কাছে আরও কার্যকর ভূমিকা কাম্য। কোনটি বুলিং, কোনটি বুলিং নয়—এমন শিক্ষণীয় কনটেন্ট ফেসবুক প্রকাশ ও প্রচার করতে পারে। পাশাপাশি সিস্টেমে ‘আমি বুলিং করি না’ এমন ‘সেল্ফ ডিক্লারেসন জেনারেট’ করা উচিত, যা প্রত্যেক ব্যবহারকারী প্রতি ছয় মাস বা নির্ধারিত সময় পরপর করতে বাধ্য থাকবে, যা তাকে যত্নবান দায়িত্বশীলের মতো সুরক্ষা দেবে। ফেসবুকের উচিত নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কীভাবে করতে হয়, অন্তর্জালে কোনটা করা যায় আর কোনটা যায় না, কমেন্ট বা শেয়ার বা ট্যাগ কীভাবে আরও নিরাপদ করা যায়, তা সহজ ভাষায় সহজভাবে শিক্ষণীয় কনটেন্ট আকারে প্রকাশ ও প্রচার করা, যাতে ব্যবহারকারীরা দায়িত্বশীল নেটিজেন হতে পারেন।

রায়ে বিচারক আরও বলেছেন, ‘আমাদের সমাজবাস্তবতায় যৌন অপরাধের ক্ষেত্রে “ভিকটিম ব্লেমিং” বা ভুক্তাভোগী নারীকেই বেশি দায়ী করা হয়। এই দৃষ্টিভঙ্গি অপরাধকে খাটো করে দেখে, অপরাধীকে আড়াল করে রাখে এবং অপরাধকে উসকে দেয়। সামাজিকভাবে ভিকটিম একঘরে হয়ে পড়ে।’ তিনি আদালতের কার্যধারায় ভিকটিমের ‘কল্পনাম’ ব্যবহার করেছেন। মানুষ হিসেবে নারীর প্রতি সমাজের প্রকৃত সম্মানবোধের অভাব যৌন অপরাধের অন্যতম একটি কারণ বলে মতামত দিয়েছেন তিনি।

যখন ক্রমাগত সাইবার অপরাধ বাড়ছে, হেনস্তার শিকার হচ্ছে নারী ও তার পরিবার। সে সময় এ রায় আমাদের পথ দেখায়।

আবুল কালাম মুহম্মদ আজাদ: প্রথম আলোর সাংবাদিক