মতামত

বাজেটে সংবিধান ও আইনের ‘বরখেলাপ’

৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে দেশের মধ্যে থাকা কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও বিদেশে পাচার করা অর্থের ক্ষেত্রে এই সুযোগ এবারই প্রথম। বিষয়টি নিয়ে বিভিন্ন তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে বলা হয়েছে, এটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক—তিনভাবেই অগ্রহণযোগ্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, এটা স্পষ্টভাবে টাকা পাচারকারীদের জন্য অনৈতিক সুরক্ষা ও পুরস্কার। অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেন, বাজেটে অর্থ পাচারকে কার্যত উৎসাহিত করা হয়েছে।

বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ বৈধ করার সুযোগ দেওয়া নিয়ে এসব বক্তব্য এরই মধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর সঙ্গে কিছু সাংবিধানিক ও আইনি বিষয়ও জড়িয়ে আছে, যেটি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। সংবিধান এবং বিদ্যমান আইনের অধীনেই বিদেশে পাচার হওয়া অর্থ বৈধ করার সুযোগ নেই; বরং এ রকম কোনো সুযোগ দেওয়া হলে তা হবে সংবিধান ও আইনের ‘বরখেলাপ’।

বাংলাদেশের সংবিধানে বাজেট বলে কোনো কিছু নেই। সাধারণভাবে যেটাকে বাজেট বলা হয়, সংবিধানের ৮৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী তা হলো ‘বার্ষিক আর্থিক বিবৃতি’। সংবিধানে না থাকলেও সংসদের কার্যপ্রণালি বিধিতে বাজেট সম্পর্কে বলা হয়েছে। বিধির ১১১(১)-এ বলা হয়েছে, ‘সংবিধানের ৮৭ অনুচ্ছেদের বিধান অনুযায়ী বাংলাদেশ সরকারের প্রত্যেক অর্থবৎসরের বার্ষিক আর্থিক বিবৃতি বা প্রত্যেক অর্থবৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য অনুমিত আয় ও ব্যয় সংবলিত একটি বিবৃতি (যাহা অতঃপর বাজেট নামে উল্লিখিত হইবে) সংসদে উপস্থাপন করিতে হইবে।’ কার্যপ্রণালি বিধি ১১১(২) অনুযায়ী অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন। জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হয় ‘অর্থ বিল’ হিসেবে এবং অর্থ বিল বলতে কী বোঝায় তা সংবিধানের ৮১(১) অনুচ্ছেদে ব্যাখ্যা করা হয়েছে।

এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, বাজেট সরকারি দল কর্তৃক সংসদে উত্থাপিত হয় এবং সরকারের টিকে থাকার জন্য বাজেট অনুমোদন অপরিহার্য। তাই নিজ দলের এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী নিজের সংসদ সদস্যপদ রক্ষার স্বার্থেই সরকারি দলের সদস্যরা বাজেট অনুমোদনে বাধ্য। তাহলে বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে যেখানে এসে আপাতত থামতে হচ্ছে, তা হলো সংবিধানের ‘স্ববিরোধিতা’এবং সংসদ সদস্যদের ‘বাধ্যবাধকতা’।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত এই বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশে বিদ্যমান দুটি আইনের সঙ্গে সাংঘর্ষিক। এর একটি হলো, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং আরেকটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৭(১) ও ২৭(২) ধারা অনুযায়ী, অসাধু উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির দখলে রাখা বা মালিকানা অর্জন করা একটি দণ্ডনীয় অপরাধ। অপর দিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(১) ধারা অনুসারে, মানি লন্ডারিংও একটি দণ্ডনীয় অপরাধ। এই আইনের ২ (ক) ‘অর্থ বা সম্পত্তি পাচার’ বলতে বোঝানো হয়েছে, ‘(১) দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটাইয়া দেশের বাহিরে অর্থ বা সম্পত্তি প্রেরণ বা রক্ষণ; বা (২) দেশের বাহিরে যে অর্থ বা সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ রহিয়াছে যাহা বাংলাদেশে আনয়নযোগ্য ছিল, তাহা বাংলাদেশে আনয়ন হইতে বিরত থাকা; বা (৩) বিদেশ হইতে প্রকৃত পাওনা দেশে আনয়ন না করা বা বিদেশে প্রকৃত দেনার অতিরিক্ত পরিশোধ করা...।’

বাংলাদেশের সংবিধানে অবৈধ সম্পত্তি অর্জন এবং তা বিদেশে পাচার নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। সংবিধানে যেহেতু রাষ্ট্রের নীতি, আদর্শ, দর্শন, কাঠামো, পদ্ধতি ইত্যাদি উল্লেখ থাকে, তাই সাধারণত তাতে আইন, অপরাধ বা দণ্ড সম্পর্কে বলা থাকে না। তবে আইনবহির্ভূতভাবে সম্পত্তি অর্জন এবং বিদেশে পাচার হওয়া অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়টি কোনোভাবেই সংবিধানের স্পিরিট বা চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এবারের বাজেটে দেওয়া ওই সুযোগ প্রায়োগিকভাবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিকও বটে। সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।’ তাহলে অতীতে যাঁরা বিদেশে অর্থ পাচারের দায়ে দণ্ডিত হয়েছেন, তাঁরা কি এই সুযোগ থেকে বঞ্চিত হলেন না? তা ছাড়া বিদেশে অর্থ পাচারের মামলায় অভিযুক্ত ব্যক্তিরা যদি এখন এই সুযোগ গ্রহণ করতে চান, তাঁদের ক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়েও জটিল আইনি প্রশ্ন তৈরি হবে।

বাজেট অর্থাৎ অর্থ বিল পাসের বিষয়ে সংবিধানের ৮১(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির সম্মতির জন্য তাঁহার নিকট পেশ করিবার সময়ে প্রত্যেক অর্থ বিলে স্পিকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেট থাকিবে যে, তাহা একটি অর্থ বিল এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হইবে এবং সেই সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না।’

ওপরের কথাগুলোর অর্থ হলো, বাজেটে সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ কিছু থাকলেও আদালতে এর প্রতিকার বা প্রতিবিধান পাওয়ার কোনো সুযোগ নেই। আরও স্পষ্ট করে বললে, সংবিধানে যে অঙ্গীকার করা হয়েছে, এ ক্ষেত্রে সংবিধান নিজেই সেই অঙ্গীকার বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, বাজেট সরকারি দল কর্তৃক সংসদে উত্থাপিত হয় এবং সরকারের টিকে থাকার জন্য বাজেট অনুমোদন অপরিহার্য। তাই নিজ দলের এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী নিজের সংসদ সদস্যপদ রক্ষার স্বার্থেই সরকারি দলের সদস্যরা বাজেট অনুমোদনে বাধ্য। তাহলে বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে যেখানে এসে আপাতত থামতে হচ্ছে, তা হলো সংবিধানের ‘স্ববিরোধিতা’এবং সংসদ সদস্যদের ‘বাধ্যবাধকতা’।

মনজুরুল ইসলাম সাংবাদিক