মতামত

রত্না কাঁদছেন, গিরিবালা নির্বাক, আমরা?

ভুবন চন্দ্র শীলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী রত্না রানী শীল ও মেয়ে ভূমিকা রানী শীল। গতকাল রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে।
ছবি: আশরাফুল আলম

শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন এবং তারিক সাঈদ মামুনের কথা রত্না চন্দ্র শীলের জানার কথা না। তবে এই দুই সন্ত্রাসী যে একসময় মূর্তিমান আতঙ্ক হয়ে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় দাপিয়ে বেড়াতেন; তাঁদের সন্ত্রাসী বাহিনীর নাম যে ‘ইমন-মামুন বাহিনী’ ছিল; এই দুই সন্ত্রাসীই যে চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছোট ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন, তার খোঁজখবর পুলিশের কাছে ছিল। সন্ত্রাসীদের কাছে ছিল। রত্নার কাছে ছিল না।

স্বামী ভুবন চন্দ্র শীল আর একমাত্র মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে নিয়ে ছিল রত্নার আটপৌরে গ্রামীণ গার্হস্থ্য স্বপ্নে মোড়া ছোট্ট ভুবন। স্বামী ভুবন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কয়েক দিন পরপর নোয়াখালীতে স্ত্রী-সন্তানের কাছে যেতেন। স্বামীর কল্যাণ কামনায় সিঁদুরে সিঁথি রাঙিয়ে তিনি নোয়াখালীর মাইজদীর একটি হাইস্কুলে রোজ ছাত্র পড়াতে যেতেন। গতকাল সোমবার সেই রত্নার সিঁথির সিঁদুর মুছে গেল। এক অনন্ত আগ্রাসী অন্ধকারে ডুবে গেল তাঁর ভুবন।

রত্না এতক্ষণে হয়তো তাঁর স্বপ্নের ভুবন তছনছ করা সন্ত্রাসী ইমন-মামুনের নাম জেনেছেন। কীভাবে ইমন-মামুনদের মতো ‘রাজায় রাজায় যুদ্ধ হয়’ আর কীভাবে সেই যুদ্ধের মাঝখানে পড়ে উলুখাগড়ার মতো ভুবনদের প্রাণ যায়, তা এতক্ষণে হয়তো তাঁর স্তব্ধ চেতনা উপলব্ধি করতে পেরেছে।

রত্না নিশ্চয়ই জানেন, স্বজন-সহমর্মীদের আর্তনাদ আর আইনশৃঙ্খলার সরদারদের কুম্ভীরাশ্রু বিসর্জনের আয়ুষ্কাল যতটা যৎসামান্য, একমাত্র সন্তানকে নিয়ে তিনি যে অনিশ্চয়তায় পড়েছেন, তার ব্যাপ্তি ততটাই বিশাল। রত্নার ভুবনে রাহুগ্রাস শুরু হয়েছিল ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে। ওই সময় একসময়কার ‘ইমন-মামুন বাহিনী’র মামুন তাঁর দুই সঙ্গী নিয়ে প্রাইভেট কারে তেজগাঁও এলাকা দিয়ে যাচ্ছিলেন। আচমকা চারটি মোটরসাইকেলে সাত-আটজন সন্ত্রাসী এসে মামুনকে লক্ষ্য করে গুলি করে। সেই গুলি মামুনের গায়ে লাগেনি। লেগেছে সেখান দিয়ে মোটরসাইকেলে যেতে থাকা ভুবন এবং আরেক পথচারী আরিফুলের গায়ে। গুলি থেকে বাঁচতে সন্ত্রাসী মামুন প্রাইভেট কার থেকে নেমে পালাতে যাচ্ছিলেন। তখন সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

‘হাই প্রোফাইল’ সন্ত্রাসী মামুন আদালতের নির্দেশে জামিনে থাকলেও এই ধরনের মানুষ মুক্ত অবস্থায় কতটা অপরাধবিযুক্ত থাকতে পারেন, স্বাভাবিকভাবেই সেটি প্রশ্নসাপেক্ষ। তিনি যেহেতু অপরাধজগতের ‘রাজা’, সেহেতু ‘রাজায় রাজায়’ যুদ্ধ হওয়ারই কথা। আর সেই ধরনের যুদ্ধে ‘উলুখাগড়া’র প্রাণে বাঁচার সম্ভাবনা স্বাভাবিকভাবেই ক্ষীণতর হয়ে থাকে।

পুলিশের সুবাদে জানা যাচ্ছে, একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইমন ও মামুন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থাতেই তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। মামুন জামিনে বের হওয়ার পর ইমন জেলে বসেই নিজের লোকজন দিয়ে এই হামলা করেন। বাস্তবতা হলো, সন্ত্রাসী মামুন সন্ত্রাসীদের বুলেট থেকে বেঁচে গেছেন। মারা গেছেন নিরপরাধ ভুবন। মারা গেছেন একজন দায়িত্বশীল স্বামী। মারা গেছেন একজন স্নেহশীল বাবা। বিধবা হয়েছেন একজন নারী। পিতৃহারা হয়ে ঘোর অনিশ্চয়তায় পড়েছে একজন কিশোরীর ভবিষ্যৎ।

ভুবন শীলের এই ঘটনাকে নিতান্ত বিচ্ছিন্ন ঘটনা কিংবা নিতান্ত দুর্ঘটনার তকমা দিয়ে হালকা করার সুযোগ কম। কারণ, এই ঘটনা খুব বিরল কিছু নয়। এর আগে রাজধানীতে এ ধরনের ঘটনা অনেকবার ঘটেছে। সন্ত্রাসীদের দুই পক্ষের পাল্টাপাল্টি গুলির মাঝখানে পড়ে মানুষ মরার ঘটনা ঘটেছে।

সর্বশেষ ২০২২ সালের ২৫ মার্চ রাতে এলোপাতাড়ি গুলিতে দুজন খুন হন। তাঁদের একজন ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু। অন্যজন ছিলেন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২)। ওই ঘটনায় সন্ত্রাসীরা জাহিদুলকে নিশানা করে গুলি করেছিল। কিন্তু প্রীতি তাদের লক্ষ্য ছিল না। এর আগে মুন্সিগঞ্জ সদরে দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন নামের এক পথচারী মারা যান। মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তি মারা যান।

রেকর্ডপত্র খোঁজাখুঁজি করলে এই ধরনের বহু ঘটনার কথা পাওয়া যাবে। পুলিশ বলতে পারে, এসব ঘটনা হয়তো বলেকয়ে ঘটে না, তাই আগেভাগে তা ঠেকানো কঠিন। কিন্তু কথা হলো যাঁরা এই ঘটনা ঘটান, এলাকায় তাঁদের অবস্থা ও তাঁদের মধ্যকার দলীয় কোন্দলের কথা পুলিশের অবিদিত না। এসব প্রকাশ্য দ্বৈরথ দীর্ঘদিনের দলাদলির বহিরঙ্গমাত্র। এর গভীরে থাকে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাজাত বৃহত্তর সংঘাত। সে কথা গোয়েন্দা সংস্থার জানা থাকার কথা। সে কথা তাদের না জানাটা এবং এই কদিনেও ভুবনের হত্যাকারীদের কাউকে গ্রেপ্তার করতে না পারাটা তাদের পেশাগত ব্যর্থতাকে উন্মোচিত করে দেয়।

‘হাই প্রোফাইল’ সন্ত্রাসী মামুন আদালতের নির্দেশে জামিনে থাকলেও এই ধরনের মানুষ মুক্ত অবস্থায় কতটা অপরাধবিযুক্ত থাকতে পারেন, স্বাভাবিকভাবেই সেটি প্রশ্নসাপেক্ষ। তিনি যেহেতু অপরাধজগতের ‘রাজা’, সেহেতু ‘রাজায় রাজায়’ যুদ্ধ হওয়ারই কথা। আর সেই ধরনের যুদ্ধে ‘উলুখাগড়া’র প্রাণে বাঁচার সম্ভাবনা স্বাভাবিকভাবেই ক্ষীণতর হয়ে থাকে।

রাজায় রাজায় হওয়া যুদ্ধে প্রাণ হারানো সর্বশেষ উলুখাগড়া ভুবনচন্দ্রের শ্যালক পলাশ প্রথম আলোকে বলেছেন, তিন–চার দিন হাসপাতালের বারান্দা ও সিঁড়িতে বসে থেকে অসুস্থ হয়ে পড়া তাঁর বোন রত্না ও ভাগনি ভূমিকা অনবরত কেঁদে চলেছেন। ভুবনের ৭৫ বছর বয়সী মা গিরিবালা শীল নির্বাক হয়ে গেছেন।

আমরা এসব অশ্রুপতন ও নির্বাক মুখের শোকাতুর অভিব্যক্তি দেখতে দেখতে অনুভূতিশূন্য পাথর হয়ে যাচ্ছি। এ বড় ভয়ের কথা।

● সারফুদ্দিন আহমেদ প্রথম আলোর সহকারী সম্পাদক

sarfuddin2003@gmail.com