
ধরুন, কোনো একটি উন্মুক্ত মাঠে মোটরসাইকেল প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ইয়াকুব ও দবির নামের দুই ব্যক্তি। ইয়াকুবের মোটরসাইকেল থাকলেও দারিদ্র্যর কারণে দবিরের নেই, তবে তার একটি বাইসাইকেল আছে। দবির জানে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া মানে নিশ্চিত হেরে যাওয়া, এরপরও যেহেতু আয়োজকেরা তাকে সুযোগ দিয়েছে, তাই সে তার বাইসাইকেল নিয়েই প্রতিযোগিতায় অংশ নেবে। তীব্র মানসিক শক্তিতে ভরপুর এই দবির যখন ইয়াকুবের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় অংশ নিল এবং সে হেরে গেল।
ঠিক একই ঘটনা ঘটছে, আমাদের উচ্চশিক্ষালয়ে। এই দেশের উচ্চশিক্ষার সুষম মান নিয়ে আমরা বরাবরই কথা বলে আসছি, কিন্তু কেউ কর্ণপাত করছে না। বিস্তর তফাত চলছে উচ্চশিক্ষায়। অনেকটা তামাশা করে, উচ্চশিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীকে এক কাতারে প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছে। সেটি হলো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা। ইয়াকুবের মতো মোটরসাইকেল পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক বা স্নাতকোত্তর পেরিয়ে আসা ছেলে-মেয়েদের সঙ্গে হতভাগা দবিরের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একই প্রতিযোগিতায় সুযোগ দিয়ে, বোঝানো হচ্ছে উচ্চশিক্ষা তুমি যেখান থেকে যেভাবেই নাও, চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তোমাকে দেওয়া হচ্ছে, মানে মোটরসাইকেল প্রতিযোগিতায় নামানো হচ্ছে, সেখানে তুমি মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করবে, না বাইসাইকেল নিয়ে অংশ নেবে, সেটির বিবেচনার দায়িত্ব তোমার আর তোমার সামর্থ্যের।
ওপরের এ আলোচনার হেতু হয়তো অনেকের কাছে বোধগম্য নয়। তবে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে ১৫ সেপ্টেম্বর প্রথম আলোর একটি প্রতিবেদনের দিকে চোখ রাখা যাক। প্রতিবেদনটি বলছে, অর্ধশতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকার শিক্ষার্থীপিছু যে বার্ষিক বরাদ্দ দিয়েছে, সেখানে শীর্ষে রয়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকার ৭ লাখ ৫২ হাজার ৬৯৭ টাকা ব্যয় করছে, আর সর্বনিম্নে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীর পেছনে খরচ মাত্র ১ হাজার ১৫১ টাকা। নব্য ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদি না–ও তুলনা করি, দেশের প্রধানতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সার্বিক শিক্ষার ব্যয় ধরা হয়েছে বার্ষিক ১ লাখ ৮৫ হাজার ১২৪ টাকা। হিসাব অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ে ১৬০ গুণ বেশি।
একজন কৃষক যখন পাশাপাশি দুই খণ্ড জমিতে ধান চাষ করে, তখন তার খেয়াল থাকে, দুটিই তার জমি, তাই সার বা সেচ দেওয়ার সময় তাকে সমান চোখে সমহারে বণ্টন করতে হয়। আর সেটি করে বিধায় তার খেতে ফলনও একই হয়। আমরা যদি এ বিষয়টিকে উচ্চশিক্ষার সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যাবে, সরকার উচ্চশিক্ষা গ্রহণেচ্ছুদের পেছনে বার্ষিক যে বরাদ্দ দিচ্ছে, তার বৈষম্যের খেসারতে আমাদের শিক্ষার মান কখনোই সমান হচ্ছে না। ফলে চাকরির বাজারে এক দল সেই মোটরসাইকেলওয়ালার মতো টান দিচ্ছে, আর এক দল বাইসাইকেলওয়ালার মতো যাচ্ছে অপেক্ষাকৃত ধীরগতিতে। ফলে চাকরির বিজ্ঞপ্তিতে বৈষম্য না রাখলেও বাস্তবতায় হেরে যাচ্ছে এই দল।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার এই মাথাপিছু বরাদ্দ বলে দিচ্ছে, আমরা কাকে কী ধরনের শিক্ষা দিচ্ছি। অনেকটা ধনী-গরিবের বৈষম্যের মতো দাঁড়িয়েছে। শিক্ষার কারিকুলাম থেকে শুরু করে পড়াশোনার ধাঁচের পার্থক্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এক হাজার টাকা মাথাপিছু খরচ পাওয়া শিক্ষার্থীদের মানসিক বিকাশ কতটা বিকশিত হচ্ছে, তা সরকার ভালো বলতে পারবে।
এ দেশের সব শ্রেণির মানুষের করে চলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার এই মাথাপিছু বরাদ্দ বলে দিচ্ছে, আমরা কাকে কী ধরনের শিক্ষা দিচ্ছি। অনেকটা ধনী-গরিবের বৈষম্যের মতো দাঁড়িয়েছে। শিক্ষার কারিকুলাম থেকে শুরু করে পড়াশোনার ধাঁচের পার্থক্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এই তফাতকে মাইনোরটি ভাবার কোনো সুযোগ নেই। এক হাজার টাকা মাথাপিছু খরচ পাওয়া শিক্ষার্থীদের মানসিক বিকাশ কতটা বিকশিত হচ্ছে, তা সরকার ভালো বলতে পারবে। কারণ, ২ লাখ টাকা বরাদ্দ পাওয়া শিক্ষার্থী ও ১ হাজার টাকা বরাদ্দ পাওয়া শিক্ষার্থী উভয় এই দেশের জন্য কাজ করবেন।
এর কারণ সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেই। অনেকটা বাঁশের চেয়ে কঞ্চি দড় হওয়ার গল্পের মতো। দেহের চেয়ে মাথার ভর যখন বেশি হবে, তখন সেটির অবস্থা মুখ থুবড়ে যাওয়ার মতো হবে, সেটাই স্বাভাবিক। আর হচ্ছেও তা–ই। খবর জানাচ্ছে, ২ হাজার ২৫৭টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে রয়েছে, যেখানে পৌনে ৩০ লাখ ছেলে-মেয়ে পড়াশোনা করছে। বাংলাদেশ তো বটেই আমার বিশ্বাস পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যে ঢের বেশি হবে। আর হওয়ার কারণও মূলত আমাদের রাষ্ট্র। কারণ, আমাদের রাষ্ট্র মনে করছে, সবার জন্য উচ্চশিক্ষা প্রয়োজন, সেটি যেভাবেই হোক। শিক্ষার মান যেটাই হোক, কাগুজে সনদ পেয়েই সন্তুষ্ট করানো হচ্ছে, সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বেশি উচ্চশিক্ষা নেওয়া এই শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় নমনীয়তা থেকে শুরু হয় এই যাত্রা, যা শেষ পর্যন্ত ভারী হয়ে যায়।
বর্তমান বাজারে একজন মানুষ রেস্তোরাঁয় খেতে গেলেও ১ হাজার টাকার বেশি বিল আসে, সেখানে মাত্র ১ হাজার ১৫০ টাকা বরাদ্দ দিয়ে, সরকার যে আমাদের জনগোষ্ঠীকে শিক্ষিত করার দায়িত্ব নিয়েছে, সেটি করেই এই দেশের বেকারত্বের সংখ্যা বাড়িয়ে চলছে। চাকরির বাজারে লাখ লাখ পরীক্ষার্থী এলেও প্রাথমিক প্রতিযোগিতায় টিকছে মাত্র কয়েক হাজার। অর্থাৎ দেশের একটি বড় অংশ তরুণ-তরুণীর হাতে বিশ্ববিদ্যালয়ের সনদ জুটলেও শিক্ষার মানে ও গুণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কেবল প্রতিযোগিতায় দাঁড় করিয়ে প্রতিযোগিতার সংখ্যা বাড়ানো হচ্ছে, যা সত্যি বেমানান।
কালেভদ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ হওয়া কিছু অদম্য মেধাবী মূলধারার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে লড়ে টিকে থাকলেও সেটিকে পরিসংখ্যানের ভাষায় ‘আনডিস্টিংগুয়েশিবল’। মাথাপিছু ব্যয় মানে, আপনি সেই শিক্ষার মানসিক বিকাশে শিক্ষাব্যবস্থাকে কীভাবে কাজে লাগাবেন, তার একটি সুস্পষ্ট চিত্র বিশ্ববিদ্যালয়গুলোর কাছে চলে যায়। ফলে বিশ্ববিদ্যালয়গুলোও সেভাবে নিজেদের বিপণন সাজায়।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কারিকুলাম থেকে শুরু করে স্বতন্ত্র পরীক্ষাব্যবস্থা আর বৃহৎ জাতীয় বিশ্ববিদ্যালয় জনগোষ্ঠীর পড়াশোনার সিলেবাসের তফাত তৈরি হয় ওই বরাদ্দ থেকেই। একই বিষয়ে কোনো সিলেবাস পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক রকম, অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে রয়েছে ভিন্নতা। কেউ ইংরেজি বই পড়াচ্ছে, আবার কেউ বাংলা। পরীক্ষাগারগুলোও নিজেদের প্রস্তুত করে সেই আঙ্গিকে।
ফলে দুই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার স্বাদ পাচ্ছে ভিন্ন ভিন্নভাবে। বিসিএস কিংবা অ-বিসিএস পাস করা শিক্ষকেরা যে অভিজ্ঞতায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াচ্ছেন, সেই অভিজ্ঞতার ফোঁড়ে স্নাতক শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তাঁদের গবেষণার যে অভিজ্ঞতা, সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার অভিজ্ঞতায় রয়েছে তফাত। ফলে লব্ধ জ্ঞানের বিতরণে এই বৈষম্যের প্রভাব পড়ে সরকারের বার্ষিক বাজেটে। আর সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কপালে জোটে ১ হাজার ১৫০ টাকার বার্ষিক বাজেট, যা দিয়ে তাঁরা যে শিক্ষা পাচ্ছেন, তা দিয়ে মানসম্মত শিক্ষা শব্দটিও বেমানান বটে।
সরকারের এই পলিসির সংস্কার থাকা জরুরি। কারণ, আমাদের মনে রাখতে হবে, উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা সব তরুণ-তরুণী এই দেশের সম্পদ। তাঁদের ভালো করে গড়তে পারলেই আমাদের দেশ গড়বে। তা না করে, একদলকে যে সুযোগ-সুবিধা দেবেন আর একদলকে বঞ্চিত করবেন, তা দিয়ে কখনো শিক্ষার মানে সুষম বণ্টন হতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিশাল জনগোষ্ঠীর ভারে নুয়ে পড়ছে, তাঁকে সুচিকিৎসা দেওয়াও জরুরি। এই ক্ষেত্রে অধিভুক্ত কলেজগুলোয় উচ্চশিক্ষার নিবিড় পরিবেশে সৃষ্টি করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বটে।
যদিও উচ্চশিক্ষার ইউনিফায়েড সিলেবাস থাকে না, তবে মৌলিক শিক্ষার দিক থেকে আঠারো-উনিশ হতে পারে। আমাদের মনোযোগ কেবল মাথাপিছু ব্যয়ের দিকে নয়, মূলত এই জনগোষ্ঠীকে মূলধারার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে মার্জিনালাইজড করা যায়, তা নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন। তাহলে এই দেশ এগিয়ে যাবে, মৌলিক জ্ঞান আহরণ থেকে শুরু করে উচ্চশিক্ষায় সুষম মান বজায় থাকবে।
ড. নাদিম মাহমুদ গবেষক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। ই–মেইল: nadim.ru@gmail.com