মতামত

নীরবে চলছে ডলারের আধিপত্য কমানোর আয়োজন

বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে আমেরিকান ডলারের ওপর চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতি অনিবার্য ছিল। অর্থনীতিবিদেরা অনেক বছর ধরেই সতর্ক করে আসছিলেন ডলারের আধিপত্য স্থায়ী নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবল প্রতাপের কারণে এ সতর্কতাকে কেউ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেননি। 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতির রাশ টেনে ধরতে ব্যর্থ হয়। নতুন প্রশ্ন তৈরি হয়, বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের প্রভাবের বাইরে কীভাবে বিকশিত হবে। ব্রিকসের নতুন মুদ্রা চালু নিয়ে যে বিতর্ক, এ বিষয় তার পক্ষে যুক্তি তৈরি করে। ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকস। পশ্চিমা নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিকল্প হিসেবে ব্রিকস গড়ে উঠেছে। 

এই দেশগুলো একত্রে বিশ্ব অর্থনীতির বিশাল একটি অংশের প্রতিনিধিত্ব করে। গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বে ব্রিকসের প্রভাব বেড়ে চলেছে। এই দেশগুলোর জন্য একটি নিজস্ব মুদ্রা চালু হলে আন্তর্জাতিক বাণিজ্যের হাওয়া ঘুরে যেতে পারে। তাতে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের ওপর বিশাল চ্যালেঞ্জ তৈরি হবে। ব্রিকসের মুদ্রা বাস্তব রূপ পেতে এখনো অনেকটা পথ বাকি। কিন্তু বিশ্বে নীরবে ডলারের আধিপত্য কমানোর আয়োজন চলছে।

এ মাসে ভারত ও সংযুক্ত আরব আমিরাত দুই দেশ স্থানীয় মুদ্রায় বাণিজ্যের ব্যাপারে সম্মত হয়েছে। ভাসা-ভাসাভাবে দেখলে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে না-ও মনে হতে পারে। কিন্তু ছোট এই ঘটনা নিকট ভবিষ্যতে নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপকভাবে প্রসার হচ্ছে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৮৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর কারণ ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের রেমিট্যান্স আয়ের দ্বিতীয় বড় উৎস। প্রবাসে কাজ করা শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১-২২ অর্থবছরে ভারতে ৯০ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে, যা ছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

বৈশ্বিক রিজার্ভ হিসেবে ডলারের শক্তি কতটা, তা নির্ভর করে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মতো দেশগুলোর মধ্যে বাণিজ্য কোন মুদ্রায় হয়, তার ওপর। তেল-বাণিজ্যের ক্ষেত্রে এটা আরও স্পষ্ট করে প্রকাশ পায়। বিশ্বের সবখানেই তেলের বাণিজ্য ডলারে হয়। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার মতো অন্য দেশকেও ভূরাজনৈতিক কারণে শাস্তি দিতে চায়, তাহলে বিশ্বের তেল-বাণিজ্যে ডলারের ওপর নিয়ন্ত্রণ তাদের ধরে রাখতে হবে।  

দশকের পর দশক ধরে ডলারে রেমিট্যান্স পাঠানো ও তেল বিক্রি হয়ে আসছে। কিন্তু স্থানীয় মুদ্রার বিনিময়ের মাধ্যমে যে বাণিজ্য শুরু হলো, তাতে লেনদেনের ক্ষেত্রে ডলার ব্যবহারের পরিমাণ স্পষ্টভাবে কমবে। ভারতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের তেলের পাওনা প্রথমবারের মতো রুপিতে পরিশোধের প্রস্তুতি নিয়েছে ভারত। 

বৈশ্বিক রিজার্ভ হিসেবে ডলারের শক্তি কতটা, তা নির্ভর করে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মতো দেশগুলোর মধ্যে বাণিজ্য কোন মুদ্রায় হয়, তার ওপর। তেল-বাণিজ্যের ক্ষেত্রে এটা আরও স্পষ্ট করে প্রকাশ পায়। বিশ্বের সবখানেই তেলের বাণিজ্য ডলারে হয়। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার মতো অন্য দেশকেও ভূরাজনৈতিক কারণে শাস্তি দিতে চায়, তাহলে বিশ্বের তেল-বাণিজ্যে ডলারের ওপর নিয়ন্ত্রণ তাদের ধরে রাখতে হবে।  

এই একটি কারণে চীন এখন সক্রিয়ভাবে সৌদি আরবে বিনিয়োগ করছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন সৌদি আরবের সঙ্গে ডলারের পরিবর্তে ইউয়ানে তেল-বাণিজ্য করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের সঙ্গে চীন মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর অংশ কিনে নিয়েছে। সৌদি আরবের কোম্পানিগুলোকে তাদের দেশে বিনিয়োগে স্বাগত জানিয়েছে। এ ছাড়া সৌদি আরব অপরিশোধিত তেলের প্রাথমিক সরবরাহকারী হিসেবে ভারতকেও সুবিধা দিচ্ছে।

এসব ঘটনা আলাদা করে দেখলে ছোট বিষয় বলেই মনে হবে। কিন্তু একসঙ্গে বিবেচনা করলে তা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে বড় বাঁকবদল। ব্রিকসের আলাদা মুদ্রা চালু করার আগেই দক্ষিণ বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য চালু করছে এবং ডলারের ওপর নির্ভরতা কমাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের নতুন কৌশল প্রয়োজন। কিন্তু ওয়াশিংটনের দিক থেকে তেমন উদ্যোগ চোখে পড়ছে না।

এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিতভাবে অনূদিত

● জোসেফ ডানা দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিষয়ে লেখক