চিঠিপত্র

হলে সিট পেতে হলে রাজনীতি কেন করতে হবে?

একজন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে জয়ী হয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ আসে প্রত্যন্ত অঞ্চল থেকে। তাদের জন্য হলে আসন পাওয়া সবচেয়ে বেশি প্রয়োজন এবং সেটা প্রথম বর্ষ থেকেই। কারণ তাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্যই রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে আসেন।

তাঁদের অনেকেরই শহরে কোনো আত্মীয়-স্বজন নেই। তাই হলে আসন পাওয়া তাঁদের জন্য অতি আবশ্যক হয়ে ওঠে। আর এ সুযোগই নিয়ে থাকেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা হলে হলে সংকট তৈরি করে আসন বাণিজ্য করেন। হলে উঠতে হলে ছাত্রনেতাদের দ্বারস্থ হতে হয়। তাঁদের মিছিল-সমাবেশে যাওয়ার শর্ত সাপেক্ষে হলে সিট পাওয়া যায়। এর বাইরে কিছু কিছু ক্ষেত্রে ছাত্রনেতাদের টাকা দিয়েও হলে সিট পাওয়া যায়। তবে হলে সিট পেলেও কখনোই ছাত্রনেতাদের নির্দেশ কিংবা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যায় না।

বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিকভাবে খুব একটা আসন বরাদ্দ দেয়া হয় না। যে কোনো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই রাতারাতি বিশ্ববিদ্যালয়গুলোর হলের নিয়ন্ত্রণও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হাত চলে যায়। এরপর থেকে ওই হলের ছাত্র ওঠা থেকে শুরু করে যাবতীয় বিষয়ের নিয়ন্ত্রণ থাকে এসব সংগঠনের হাতে। অতীতে এ রকম নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।

ফলে সাধারণ শিক্ষার্থীরা হলে আসন না পেয়ে দ্বারস্থ হন হলের বড় ভাই, ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাদের। তাদের শিকার হতে হয় রাজনৈতিক ‘বাধ্যবাধকতার’। ছাত্রনেতাদের নাম মুখস্থ করা, তাদের সালাম দেয়া, এমনকি মধ্যরাতে মিছিল থেকে শুরু করে আরও কিছু ‘নিয়মকানুন’ মানতে হয় সাধারণ শিক্ষার্থীদের। কেউ যদি এসব নিয়মকানুন না মানে তাহলে তাঁকে নানাভাবে নির্যাতন করা হয়। ছাত্রসংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকবে।

সাধারণ শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করবে। এমটাই তো হওয়া উচিত ছাত্র রাজনীতির লক্ষ্য। কিন্তু এখন তার বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের অন্যতম ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়ে হলে উঠার সকল শিক্ষার্থীর অধিকার রয়েছে। এই অধিকার রক্ষা করতে হলে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত করতে হবে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিকভাবে আসন বরাদ্দ দেওয়া ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ইমরান হোসাইন
শিক্ষার্থী
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়