মতামত

তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়ে পাকিস্তানে যে জল্পনা–কল্পনা

অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পিএমএল-এন নেতা ইসহাক দারের নাম বারবার উঠে আসার বিষয়টি ইঙ্গিত দেয়, নির্বাচন ৬০ কিংবা ৯০ দিনের মধ্যে না–ও হতে পারে।
অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পিএমএল-এন নেতা ইসহাক দারের নাম বারবার উঠে আসার বিষয়টি ইঙ্গিত দেয়, নির্বাচন ৬০ কিংবা ৯০ দিনের মধ্যে না–ও হতে পারে।

পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নটি যদিও আজকাল প্রায় প্রতিটি রাজনৈতিক আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে, তথাপি বর্তমান সরকারের মেয়াদ যতই শেষ হওয়ার কাছাকাছি আসছে, ততই মনে হচ্ছে শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের পথে বাধার স্তূপ জড়ো করা হবে।

মনে হচ্ছে, সরকার তার ক্ষমতাকালের শেষ ভাগে এসে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আইন সংশোধন ও উন্নয়ন প্রকল্প পাসে আগ্রহী হবে; বিশেষ করে নির্বাচন আইনে বিতর্কিত সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতাকে সম্প্রসারিত করবে।

সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুসারে, ‘জাতীয় পরিষদ কিংবা প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার পরের ৬০ দিনের মধ্যে, যদি না পার্লামেন্টকে মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হয়।’ অনুচ্ছেদ ২২৪ (২) অনুসারে, মেয়াদ শেষের আগেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের নির্বাচন কমিশন পার্লামেন্ট ভাঙার ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করতে বাধ্য।

পাকিস্তান ইনস্টিটিউট ফর লেজিসলেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সির (পিলডাট) সভাপতি আহমেদ বিলাল মাহবুব বলেছেন, নির্বাচন বিলম্বিত করা হলে সেটি দেশকে ‘বিপজ্জনক অবস্থার মধ্যে’ ফেলে দেবে। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে (সাংবিধানিকভাবে যার আয়ুষ্কাল ৬০ অথবা ৯০ দিন) বিলাল মাহবুব বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিদ্যমান ক্ষমতাতেই জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখা আছে। তিনি মনে করছেন, নতুন সংশোধনীর উদ্যোগ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে।

ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) মনে করছে, মূলত তাদের নিশানা করেই নির্বাচন আইন সংশোধন করার পরিকল্পনা করা হচ্ছে। তারা মনে করছে, পিটিআই যাতে ফের ক্ষমতায় ফিরতে না পারে, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিলালের দৃষ্টিতে, ক্ষমতাসীন পিএমএল-এনের আইন সংশোধনের এই উদ্যোগে সামরিক প্রতিষ্ঠানের আশীর্বাদ রয়েছে বলে মনে হয় এবং পিপিপির মতো অন্য মিত্রদের এই বলয়ের বাইরে রাখা হতে পারে। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পিএমএল-এন নেতা ইসহাক দারের নাম বারবার উঠে আসার বিষয়টি ইঙ্গিত দেয়, নির্বাচন ৬০ কিংবা ৯০ দিনের মধ্যে না–ও হতে পারে। তিনি বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে পিএলএম-এন প্রধান নির্বাহীর চেয়ারে নিজেদের লোককেই রাখতে চাইবে এবং সেটিই যে তারা চাইবে, তা ইসহাক দারের নাম বারবার আলোচনায় তোলার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।

তবে ঘটনা যা–ই হোক না কেন, এটি স্পষ্ট হয়েছে যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারের নাম প্রস্তাব করার সম্ভাব্যতা জোরালো হওয়াটা হিতে বিপরীত হয়েছে এবং বিভিন্ন দলের অনেক নেতা এখনই তাঁর সম্ভাব্য প্রার্থিতার আগাম বিরোধিতা করছেন। গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ইসহাক দারের নাম প্রস্তাবও করা হয়নি, নাকচও করা হয়নি।’

পাঞ্জাবের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী হাসান আসকারি রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যর ‘বিশুদ্ধতা’ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং বলেছেন, নির্বাচন পেছানো হলে তা সংবিধানের লঙ্ঘন হবে।

তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে ৬০ অথবা ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা এবং এই সময়ে কোনো নতুন আন্তর্জাতিক চুক্তিতে তারা সই করতে পারবে না। সারা বিশ্বেই কোনো তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কোনো আন্তর্জাতিক সংস্থা চুক্তি করতে আগ্রহী হয় না।

তিনি মনে করেন, ৬০ অথবা ৯০ দিনের মধ্যে নির্বাচন হলে এ ধরনের সংশোধনীর কোনো কথা উঠত না। সময়ের সঙ্গে সঙ্গে মনে হচ্ছে, নির্বাচন ‘কাঙ্ক্ষিত ফলাফল’ না দিলে বিকল্পগুলো খোলা রাখার জন্য এটি করা হয়েছে। রিজভী মনে করেন, ক্ষমতাসীন দল ও সামরিক প্রতিষ্ঠান—উভয়েরই স্বার্থ ও উদ্দেশ্য এর মাধ্যমে সাধিত হবে।

ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) মনে করছে, মূলত তাদের নিশানা করেই নির্বাচন আইন সংশোধন করার পরিকল্পনা করা হচ্ছে। তারা মনে করছে, পিটিআই যাতে ফের ক্ষমতায় ফিরতে না পারে, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বলেছেন, দেশের অর্থনৈতিক নাজুক অবস্থাকে অজুহাত হিসেবে দেখিয়ে নির্বাচন পেছানো হতে পারে। তবে তিনি এটিও বলেছেন, সুপ্রিম কোর্ট শক্ত অবস্থানে থাকলে সরকারের পক্ষে নির্বাচন পেছানো সম্ভব হবে না।

 ডন থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিতভাবে অনূদিত

  • জুলকারনাইন তাহির পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক