রাষ্ট্রবিজ্ঞানী নিক চিজম্যান ও ব্রায়ান ক্লাস একটা বই লিখেছেন। বইয়ের নাম হাউ টু রিগ অ্যান ইলেকশন (ভোট কারচুপি করবেন কীভাবে)।
মজার কথা হলো, ওই বইতে তাঁরা বলতে চাইছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা দুনিয়ায় হরদম নির্বাচন হচ্ছে। আপনি গণতন্ত্র ও নির্বাচনের মান নিয়ে হাজারো কথা বলতে পারেন, সংখ্যা নিয়ে কোনো কথা হবে না। কারণ, কর্তৃত্বপরায়ণ সরকারগুলোও একধরনের নির্বাচন চায়। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের ‘সৃজনশীল’ ফন্দির কাছে গণতন্ত্র মার খায়।
আসুন দেখি, এই দুই রাষ্ট্রবিজ্ঞানী মোটাদাগে ভোট কারচুপির কী কী সৃজনশীল পদ্ধতির কথা বলেছেন।
এতে আপনার শ্যাম-কুল দুই-ই রক্ষা পাবে। আপনি জিতেও আসবেন, আবার নির্বাচনের বৈধতা নিয়েও কেউ প্রশ্ন তুলবেন না।
এদিক থেকে রাশিয়া রীতিমতো কামেল। ১৯৯৮ সালে সেন্ট পিটার্সবার্গে লোকাল অ্যাসেম্বলি ইলেকশনের কথা ধরুন। গভর্নর ভ্লাদিমির ইয়াকোলেভের, প্রতিদ্বন্দ্বী ওলেগ সের্গেইভ। গভর্নর মহাশক্তিধর, বুদ্ধিজীবীরা তাঁর পকেটে, সেপাই-সান্ত্রি, কোতোয়াল সবই পক্ষে। তবু ভ্লাদিমির প্রতিপক্ষকে হালকাভাবে নেননি।
নির্বাচনের বেশ আগে গুন্ডা লেলিয়ে বেদম ঠেঙালেন ওলেগকে। ওতেও দমেন না ওলেগ। ভ্লাদিমির এবার ওলেগ সের্গেইভ নামে আরও দুই লোককে খুঁজে বের করলেন। তাদের একজন পেনশনভোগী, অন্যজন ভবঘুরে। লোকজন ভোট দিতে গিয়ে একই নামের তিন প্রার্থী দেখে তালগোল পাকিয়ে ফেলল।
ধরা খেতে না চাইলে তিনটা কথা মাথায় রাখতে হবে, এক ভোটার নিবন্ধনে ঘাপলা করা, দুই বিরোধী প্রার্থী যেন কিছুতেই ভোটে না আসতে পারে, সে ব্যবস্থা করা এবং তিন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে ছলাকলা করা।
এই তিন কাজে যখন আপনি সফল হবেন, তখন না হবে আপনার সমালোচনা, না খাবেন নিষেধাজ্ঞা, না কোনো বিচার।
জানিয়ে রাখি, ভোট চুরির নানা পদ্ধতির জনক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কয়েক শ বছর আগে যুক্তরাজ্যে এক জমিদারির অধীন চাষাভুষা সব লোকের ভোট জমিদার পেতেন। ভোটে জিততে তারা জমিদারিতে লোকজন এনে বসাতেন।
জেরিম্যানডারিং বলে একটা কথা আছে। যাকে সোজা বাংলায় সীমানা পুনর্নির্ধারণের চক্কর বলা যায়। এর জনক এলব্রিজ জেরি। ১৮১০ সালে তিনি ছিলেন ম্যাসাচুসেটসের গভর্নর ও থমাস জেফারসনের দল ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির সদস্য।
দ্বিতীয় পদ্ধতি হলো ভোটার আইডিকার্ড বা জাতীয় পরিচয়পত্র নিয়ে ছলচাতুরী করা। কেনিয়া, মালাওয়ি ও তানজানিয়ায় এমন ঘটেছিল। দেশগুলোর বিরোধী দলের অভিযোগ ছিল, তাদের সমর্থকেরা পরিচয়পত্র ও ভোটার রেজিস্ট্রেশন কার্ড করতে পারেননি। ফলে তাঁরা ভোটও দিতে পারেননি।
নতুন যে টুলটি ব্যবহার করা হচ্ছে, তা হলো অপতথ্য ছড়ানো। কেনিয়ায় ২০১৭ সালে ভোটের আগে বিশ্বাসযোগ্যভাবে কিছু তথ্য উত্থাপন করা হয়। লোকজনকে বলা হয়, পছন্দের প্রার্থীর নামে টিক ও বাকিদের ক্রস চিহ্ন দিতে হবে। আসলে পছন্দের প্রার্থীর নামের নিচ টিক অথবা ক্রস দেওয়ার কথা। ব্যাপক ভিত্তিতে এই খবর ছড়ানোয় অনেকেই বিভ্রান্ত হয়। যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই।
২০০৮ সালে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট ঠেকাতে ভার্জিনিয়ায় ফ্লায়ার ছড়ানো হয়েছিল। দেখতে সরকারি নথির মতো। ওতে লেখা, ভোটারের সংখ্যা অনেক। তাই রিপাবলিকানরা ভোট দেবে ৪ নভেম্বর, আর ডেমোক্র্যাটরা ৫ নভেম্বর।
ঠিক নির্বাচনের আগে আগে টাকা ছড়ানোটা আজকাল আর কাজ করছে না। টাকা নিলেও ভোট কাকে দেবে, তার নিশ্চয়তা নেই। তার চেয়ে দুই নির্বাচনের মধ্যবর্তী সময়ে প্রভাবশালীদের হাত করুন, টাকা দিন-ব্যবসা দিন। তাঁরাও আপনার নির্বাচনী প্রচারে টাকা ঢালবেন।
আফ্রিকার বেশির ভাগ দেশের নির্বাচনী সংস্কৃতিতে অবশ্য ভোটের আগে টাকা ছড়ানোটা একরকম রেওয়াজ।
থাইল্যান্ডে ভোটকেন্দ্রে ভোটার আনতে কোনো কোনো দল তিন শ থেকে তিন হাজার বাথ পর্যন্ত খরচ করেছে, এমন নজির আছে।
কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ এই কৌশল কাজে লাগিয়েছেন। নিজেকে উদারপন্থী সংস্কারবাদী দাবি করতেন মুখে মুখে। ১৯৯৯ সালে সুইস ব্যাংকিং কর্মকর্তারা তাঁর নামে সাড়ে ৮ বিলিয়ন ডলারের সম্পদ খুঁজে পায়। আমেরিকার কুখ্যাত এক ব্যবসায়ী জেমস গ্রিফিনকে তেলক্ষেত্রের কাজ পাইয়ে দিতে এই টাকা নিয়েছিলেন তিনি।
এসব নিয়ে লেখালেখি করায় রিপাবলিকান পত্রিকার সম্পাদক আইরিনা পেট্রুশোভার বাড়ির সামনে কল্লাকাটা কুকুর ঝুলিয়ে রেখে যায় কে বা কারা। আর দরজার গোড়ায় ফেলে যায় একটা চিরকুট, ‘আরেকবার সুযোগ পাবেন না।’ তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জামানবেক নুরকাদিরভের বুকে দুটি, মাথায় একটা গুলি পাওয়া যায়। কাজাখস্তান সরকার জানায়, জামানবেক আত্মহত্যা করেছেন। ব্যস মামলা ডিসমিস।
ভোটে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, এমন বুঝলে জেলে পাঠান, এমনকি মফস্সলের নেতা হলেও। ইভগেনি আরলাশভকে ক্রেমলিনের পথে সবচেয়ে যোগ্য প্রার্থী হয়ে উঠছেন এমন প্রচার করছিলেন তাঁর এলাকার লোকজন। ঘুষ নেওয়া, বহুগামিতার অভিযোগে সাড়ে ১২ বছরের জেল হয়ে গেছে।
প্রধান প্রতিদ্বন্দ্বীকে যেকোনো উপায়ে দেশের ত্রিসীমানায় ঘেঁষতে দেবেন না। মাদাগাস্কারের মতো অতি দুর্বল রাষ্ট্রের কর্ণধার সৃজনশীল উপায়ে এই কাজ করেছে। ২০০২-০৯ সাল পর্যন্ত মাদাগাস্কারের প্রেসিডেন্ট ছিলেন মার্ক রাভালোমানানা। সাইকেলের পেছনে দই বিক্রি করতেন একসময়। রূপকথার মতো উত্থান। তো রাজ্য ছাড়বেন কেন?
সাবেক উপপ্রধানমন্ত্রী পিয়েরো রাজাওনারিভেলো যখন তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন ঘাড় ধরে দেশ থেকে বিদায় করে দিলেন। ২০০৬ সালে নির্বাচনের আগে তিনি দেশে ফেরার চেষ্টা করলেন। এয়ারপোর্টে তাঁর প্লেন নামতে দেননি প্রেসিডেন্ট। পাঁচ দিন বাদে মরিশাসের এক প্লেনে রওনা হওয়ার চেষ্টা করেন। মার্কের অনুরোধে মরিশাস পিয়েরোকে তোলেনি। তো হয়ে গেল টাটা বাই বাই, তুমি থাক আমি যাই।
ডিজিটাল দুনিয়ায় ডিজিটাল কারচুপি করুন। এই কাজে ভাড়া খাটার লোক পাওয়া যায়। আন্দ্রে সেপুলভেদাকে ডিজিটাল কারচুপির জনক বলা যায়। এখন কলম্বিয়ার বোগোটায় হাই সিকিউরিটি কারাগারে বন্দী আছেন।
২০০৫ সালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভার্চ্যুয়াল ফাইল চুরির মধ্য দিয়ে ক্যারিয়ারের শুরু। সে সময় ভোটার ও পার্টিকে যারা টাকা দেয়, শুধু তাদের তথ্য চুরি করতেন। পরে মাসিক ২০ হাজার ডলারের বিনিময়ে স্মার্টফোন, ই-মেইল সার্ভার হ্যাক করে ভুয়া তথ্য, অপতথ্য ছড়ানো শুরু করেন।
গুয়াতেমালা, ভেনেজুয়েলা, মেক্সিকো, হন্ডুরাস, এল সালভাদর, পানামা, নিকারাগুয়া, কোস্টারিকায় বামপন্থীদের বিরুদ্ধে কাজ করেছেন আন্দ্রে।
কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের আট কোটি ব্যবহারকারীর তথ্য ট্রাম্প শিবিরের হাতে তুলে দিয়েছিল। তাদের রুচি পছন্দ অনুযায়ী ট্রাম্পের নির্বাচনী শিবির প্রচার চালায়। ওই সময়ে হিলারি ক্লিনটনের ক্যাম্পেইন ম্যানেজার নিজের গুগল অ্যাকাউন্ট খোয়ান। ঠিক গুগলের মতো দেখতে একটা পেজ থেকে নোটিফিকেশন এসেছিল জি-মেইলের পাসওয়ার্ড পরিবর্তনের। পাসওয়ার্ড বদলে ধরা খান।
আন্দ্রে যেমনটি শিখিয়ে গেছেন, হাজার হাজার বট ছেড়ে দিন। রাজনৈতিক ইস্যুতে এসব বটকে প্রকৃত মানুষ ভেবে ভোটাররা কথা বলে। ইচ্ছেমতো ভুয়া খবর ছড়ান আর আক্রমণাত্মক অ্যাড চালাতে থাকুন।
মনে রাখবেন চতুর-কর্তৃত্বপরায়ণ শাসকেরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে না। তবে শেষ অস্ত্র হিসেবে ভোটের আগে-পরে কারচুপি করতে পারেন।
কেনিয়ায় কী করেছিল শোনেন, ক্ষমতাসীন এমোই কিবাকির বেশুমার টাকাপয়সা। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান, নির্বাচন অনুষ্ঠানের জন্য যাদের দরকার সব তাঁর পকেটে। শুধু মানুষ আর তাঁকে চাইত না।
ভোটের দিন রায়লা ওডিঙ্গার সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই। বিরোধী পক্ষ এগিয়ে যাচ্ছে। তারা বিজয় মিছিল বের করে করে এই অবস্থা।
হঠাৎ ভোট পড়ার গতি কমে যায়। ব্যাপক হল্লাচিল্লার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার স্যামুয়েল কিভুইতু জানান, রিটার্নিং কর্মকর্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথাও বসে ফল ‘বানাচ্ছে’। এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষকদের ভোটকেন্দ্র ছাড়া করা হয়ে গেছে। হঠাৎ এসে প্রধান নির্বাচন কমিশনার বললেন, আগের জনই ফার্স্ট হয়েছেন।
এই কাজে ভোটের দিন দলের লোকজন দিয়ে সমানে সিল মারা, প্রাপ্তবয়স্ক নয় এমন ছেলেমেয়েদেরও সিল মারানোর কাজে লাগানো হয়েছিল। আর ভোটের পর, ব্যালট বাক্স ভুয়া ভোটে ভরে ফেলা এবং ভোট আসলে কার পক্ষে বেশি পড়েছে, সেটা যেন কিছুতেই বোঝা না যায়, তা নিশ্চিত করা জরুরি।
বিশেষ দ্রষ্টব্য: ব্যালট বাক্স ঠেসে ভরতে হলে নির্বাচন কমিশনকে হাতে রাখা জরুরি।
পশ্চিমারা অন্য দেশের হালচাল খুব বেশি বোঝে না, মুখে যতই হাতিঘোড়া মারুক। তাই চিন্তা নেই। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গণতন্ত্র ও সুশাসনের কথা মুখে বলতেন, তাঁর অন্তরে বিষ। আড়াই লাখ ডলার বেতন ছাড়া কিছুই নেন না, বললেও তাঁর ১১ বছরের ছেলের নামে দুবাইয়ে ৪৪ মিলিয়ন ডলারের ফ্ল্যাট পাওয়া গিয়েছিল।
তিনি স্বচ্ছ নির্বাচনের জন্য জান কুরবান এমন একটা ধারণা দিলেন। সবাইকে বললেন একটা অ্যাপ ডাউনলোড করে নিতে। ভোট গণনা ওতে লাইভ দেখা যাবে।
উৎসুক জনতা ভোট শুরুর আগে পরীক্ষামূলকভাবে অ্যাপ চালু করে দেখে প্রেসিডেন্ট ও তাঁর লোকজনের পক্ষে ভোট পড়ে গেছে। সেই ভোট দিনে না রাতে ঢুকিয়ে রাখা হয়েছে বোঝা যায়নি, শুধু কারচুপিটা ধরা পড়ে যায়। কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি।
কারচুপির কারণে ভোটাররা ভোট দিতে যাননি, তাই ভোটকেন্দ্রের সামনে লোকসমাগম ছিল না। কিন্তু নির্বাচন পর্যবেক্ষক কংগ্রেস প্রতিনিধি মাইকেল ম্যাকমোহন লিখে দিলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচন পরিচালনাকারীরা এতটাই দক্ষ যে মানুষকে লাইনেই দাঁড়াতে হয়নি। আর লোকজনকে জেলে পাঠানোর পক্ষে কর্তৃত্বপরায়ণ সরকারগুলো যে যুক্তি দেয়, তা হলো, নির্বাচনের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ছাড়া উপায় ছিল না।
এই দুই লেখক যে ভোট কারচুপির পক্ষে বলেছেন, তা না। ভোট কারচুপির উপায় ও কী করে ঠেকানো যায় তাও বলেছেন। সেটা নিয়ে পরে কখনো লেখা যাবে। আর হ্যাঁ, যে দেশগুলোয় ভোট চুরি হয় সেগুলোয় সুশাসনের হাল কি তাও গভীরভাবে ভাবা দরকার।
শেখ সাবিহা আলম প্রথম আলোর সহকারী সম্পাদক। ই–মেইল: sabiha.alam@prothomalo.com