মতামত

নির্বাচন নিয়ে গিয়াস উদ্দিনদের ভুল তথ্য দিল কোন ‘দুষ্টু লোক’?

১৪ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, (গত নির্বাচনে) পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।’ তাঁর এ মন্তব্যে সরকার কতটা চটেছে, তার প্রমাণ একাধিক মন্ত্রীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। একে ‘অনাকাঙ্ক্ষিত’ অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এর পেছনে কী উদ্দেশ্য, তা খতিয়ে দেখা হবে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি।

এমনকি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি বন্ধুদের পরামর্শের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। শুধু জাপান নয়, কোনো রাষ্ট্রদূতের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এখানেই শেষ নয়, একজন নির্বাচন কমিশনার কূটনীতিকদের ‘ভেবেচিন্তে কথা’ বলার পরামর্শ দেন। পরে জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও।

সবশেষ ২৮ নভেম্বর জাপানের রাষ্ট্রদূতের ওই বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘ওকে (ইতো নাওকি) কোনো দুষ্টু লোক ভুল তথ্য দিয়েছে। তিনি সাদাসিধে মানুষ। বাংলাদেশের ভালো বন্ধু। তাঁকে বলা হয়েছে (দুষ্টু লোকের তথ্যমতে) পুলিশ এসে ভোট দিয়েছে। সে কথা তিনি বলে ফেললেন। তিনি ভালো মানুষ। এটা নিয়ে (রাষ্ট্রদূতের মন্তব্য) আমরা মোটেই উদ্বিগ্ন নই।’ ‘সরকারের চোখে’ দেশে দুষ্টু লোকের অভাব হয়তো নেই। সরকারের বিরোধিতায় তাঁরা দুষ্টুমি করে জাপানি রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়ে থাকতে পারেন বৈকি। কিন্তু নেত্রকোনার মদন উপজেলা সদরের বাসিন্দা ষাটোর্ধ্ব গিয়াস উদ্দিনের কান ভারী করলেন কারা? ২৫ নভেম্বর তিনি যে এই নিবন্ধকারকে বলেন, ‘ভোটার আইডি কার্ড করণের ফরে আমি একবারও ভোট দিতারলাম না।’

একজন কূটনীতিকের মন্তব্য এবং এর জেরে সরকারের প্রতিক্রিয়ায় যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়, তা থেকে উত্তরণে একটা পথের হদিস দিয়েছেন পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন। প্রথম আলোয় তিনি লেখেন, ‘এমন একটি শক্তিমান দেশে পরিণত হওয়া, যাতে পশ্চিমের দেশগুলোর আপত্তির তোয়াক্কা না করতে হয় এবং কোনো রাষ্ট্রদূত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করলে প্রথমে সতর্ক করা এবং পরে তাঁকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ঘোষণা করা যায়।’ তৌহিদ হোসেন এ-ও লিখেছেন, ‘যে বিষয়ে মন্তব্য নিয়ে এত হইচই, বাংলাদেশের নাগরিক সমাজের মনোভাবও কিন্তু অনেকটাই একই রকম। ২০১৮ সালের মতো আরেকটি নির্বাচন কি বাংলাদেশের মানুষ চায়? মানুষ চায়, ভোট গ্রহণ হবে উৎসবমুখর পরিবেশে, দিনের বেলায়, রাতে নয়। বুথের ভেতর কোনো দলের প্রতিনিধি ঢুকে বলে দেবে না ভোট কোন মার্কায় দিতে হবে।’

গিয়াস উদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন ঢাকার রায়েরবাজার এলাকায়। ঘুরে ঘুরে কবুতরের বাচ্চা বিক্রি করে সংসার চালান তিনি। সংগ্রামের বছরে (একাত্তরে) বয়স ১০ থেকে ১২ ছিল জানিয়ে বললেন, প্রায় আড়াই দশক ঢাকায় থাকলেও ভোটার হয়েছেন জন্মস্থান নেত্রকোনার মদন উপজেলায়। ভোটের সময় বাড়ি যান। তবে গত দুটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি।

গিয়াস উদ্দিন সাধারণ খেটে খাওয়া মানুষ। পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় তাঁকে ‘সাধাসিধে’ বলা অসংগত হবে না। কিন্তু কোনো দুষ্টু লোক তাঁকে ভুল তথ্য দেয়নি। তিনি নিজেই কেন্দ্রে গিয়ে ভোট দিতে ব্যর্থ হয়েছেন। তৌহিদ হোসেন সম্ভবত এসব সাধারণ মানুষের অভিজ্ঞতার নির্যাসকে ‘নাগরিক সমাজের মনোভাব’ হিসেবে ইঙ্গিত করে থাকতে পারেন।

গিয়াস উদ্দিন স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন ঢাকার রায়েরবাজার এলাকায়। ঘুরে ঘুরে কবুতরের বাচ্চা বিক্রি করে সংসার চালান তিনি। সংগ্রামের বছরে (একাত্তরে) বয়স ১০ থেকে ১২ ছিল জানিয়ে বললেন, প্রায় আড়াই দশক ঢাকায় থাকলেও ভোটার হয়েছেন জন্মস্থান নেত্রকোনার মদন উপজেলায়। ভোটের সময় বাড়ি যান। তবে গত দুটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। যদিও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার ‘ভাগ্য’ হয়েছে তাঁর। সংসদ নির্বাচনে কেন দিতে পারেননি? বললেন, কেন্দ্রে গিয়ে শোনেন তাঁর ভোট নাকি হয়ে গেছে। যাঁরা কাগজপত্র দেন (এজেন্ট), তাঁদের একজন কথাটা বললেন। তখন তিনি বলেন, ‘আমি আইলাম না তেও ভোট হইয়া গেল! এইডা কেমন কতা?’ তাঁর কথা শুনে পাশে থাকা পুলিশ সদস্যসহ অন্যরা হাসেন, জানান গিয়াস উদ্দিন।

২০১৮ সালের নির্বাচন মুক্ত ও ন্যায়সংগত হয়নি, এমন মত প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে। অন্যান্য আন্তর্জাতিক সংস্থারও গত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে। নানা সময়ে তা উত্থাপিতও হয়েছে। বিদেশিদের মন্তব্য, প্রশ্ন, বিবৃতিতে ‘অনাকাঙ্ক্ষিত’, ‘শিষ্টাচারবহির্ভূত’, এমনকি ‘ষড়যন্ত্র’ বলে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, ‘দুষ্টু লোকের ভুল তথ্য দেওয়ার’ তত্ত্ব খাঁড়া করা যায়, এমনকি ‘উদ্বিগ্ন নই’ বলেও সরকারের ‘দৃঢ়তা’ তুলে ধরা যায়, কিন্তু গিয়াস উদ্দিনদের মতো সাধারণ ভোটারদের কী বলে বুঝ দেবেন? নাকি তাঁদেরও উন্নয়নের ধারা, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের অগ্রযাত্রার ‘প্রতিপক্ষ’ হিসেবে দাঁড় করিয়ে ‘নিরুদ্বিগ্ন’ থাকবেন?

  • হাসান ইমাম প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক
    hello.hasanimam@gmail.com