লিবিয়ার বেনগাজি বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ডু্বে যায় রুশ যুদ্ধজাহাজ
লিবিয়ার বেনগাজি বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ডু্বে যায় রুশ যুদ্ধজাহাজ

মতামত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কি এবার পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে

কিয়েভ থেকে ১ হাজার ৩০০ মাইলেরও (২ হাজার ২০০ কিমি) বেশি দূরে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে নোঙর করা রাশিয়ার একেবারে নতুন একটি যুদ্ধজাহাজে সপ্তাহান্তে ইউক্রেনের নাটকীয় ও সফল ড্রোন হামলাটি আরও একবার প্রমাণ করল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এখন নিয়ন্ত্রণহীনভাবে বিস্তৃত ও তীব্রতর হচ্ছে।

গত সপ্তাহে বাল্টিক সাগরে একটি রুশ মালবাহী জাহাজ অকেজো করে দেওয়ার ঘটনার পরপরই যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার এই ঘটনা ঘটল; এর আগে কৃষ্ণ সাগর অঞ্চলে তেলবাহী ট্যাংকার এবং রুশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিতেও হামলা চালিয়েছিল ইউক্রেন।

অন্যদিকে, গত সপ্তাহে ন্যাটো সদস্য পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। কিয়েভে পশ্চিমা কূটনৈতিক কম্পাউন্ডগুলোতে ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগও উঠেছে মস্কোর বিরুদ্ধে। সাইবার হামলার মতো উসকানিমূলক ও ধ্বংসাত্মক রুশ ‘হাইব্রিড যুদ্ধ’ কার্যক্রমও এখন ইউরোপজুড়ে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

প্রায় পাঁচ বছরের বিরামহীন লড়াইয়ের পর, ইউক্রেন যুদ্ধটি বাইরের দর্শকদের কাছে একঘেয়ে ও গা-সওয়া বিষয়ে পরিণত হয়েছে। এই জটিল পরিস্থিতি থেকে শান্তিপূর্ণ উত্তরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া অসংখ্য আধাখেঁচড়া ও দায়সারা প্রচেষ্টার শোচনীয় ব্যর্থতা এখন আর কোনো খবরই নয়।

যুদ্ধটি অত্যন্ত জটিল ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণেই সম্ভবত অনেক ইউরোপীয় এবং আমেরিকানের কাছে এটি কম অগ্রাধিকারের বিষয় বলে মনে হচ্ছে। এটি একটি মারাত্মক ভুল। এই যুদ্ধ বৈশ্বিক রূপ নিলে যা ঘটবে তার তুলনায় এখন কিছুই হয়নি।

ভূমধ্যসাগর থেকে পূর্ব ইউরোপ হয়ে সুদূর উত্তরাঞ্চল পর্যন্ত সাম্প্রতিক এই উদ্বেগজনক হামলার ধারাবাহিকতা অবশেষে পশ্চিমা বিশ্বের নিস্তেজ ও সামষ্টিক আত্মতুষ্টিকে ভেঙে দেওয়া উচিত। ইউরোপীয় নেতারা বলছেন যে তাঁরা এই বিপদ সম্পর্কে পুরোপুরি সজাগ। গত সপ্তাহে বার্লিনে বৈঠকে ইউক্রেনপন্থী পশ্চিমা জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ ঘোষণা করেছে যে তারা ক্রেমলিনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত, এমনকি ইউরোপের বৃহত্তর সোভিয়েত-উত্তর নিরাপত্তাকাঠামো নিয়েও আলোচনা করতে তারা রাজি।

যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত—এই বিষয়ে একমত হওয়া আর তা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এক কথা নয়। আলোচনায় মধ্যস্থতাকারী কে হবেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সে বিষয়ে ইউরোপীয় কমিশনের সঙ্গে একমত হতেই হিমশিম খাচ্ছে। যুক্তিযুক্তভাবে এই দায়িত্ব পাওয়া উচিত ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের। রাশিয়ার দাবি, তাকে নিয়োগ দেওয়া হলে ভবিষ্যতের যেকোনো আলোচনা ভেস্তে যাবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

বরাবরের মতোই, কিয়েভের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে ইউরোপকে ইউক্রেন ইস্যুতে এক সুরে কথা বলতে হবে; এবং প্রস্তাব অনুযায়ী আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের একজন প্রতিনিধিসহ ইউরোপীয় প্রতিনিধিদল মস্কো সফরে গেলে, কে আলোচনা করবেন সে বিষয়ে ক্রেমলিনকে কোনোভাবেই ভেটো দেওয়ার সুযোগ দেওয়া চলবে না।

টেকসই কূটনৈতিক সাফল্যের কোনো সম্ভাবনা তৈরি করতে হলে আরেকটি সমান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সীমারেখা। কী চাওয়া হচ্ছে এবং কী ছাড় দেওয়া যাবে আর কী যাবে না—সে বিষয়ে ইউরোপ এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে আগে থেকেই একটি স্পষ্ট বোঝাপড়া থাকা। অন্যান্য অনেক আন্তর্জাতিক ইস্যুর মতোই এ ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্প একটি বোঝা।

গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং পুতিনের সঙ্গে শেনজেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের সময় ও পরে ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি অস্পষ্ট ‘মহা সমঝোতার’ ইঙ্গিত দিয়েছেন; আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর চলমান নির্মম হামলার বিরোধিতা করতে ব্যর্থ হয়েছেন। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।

যেকোনো আলোচনায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের যৌথ সমর্থনে যেসব ন্যূনতম দাবি থাকতে হবে, তার মধ্যে রয়েছে ইউক্রেন থেকে রুশ সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, ন্যাটোসমর্থিত নিরাপত্তার নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ এবং মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত।

ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বশে আনার চেষ্টা করা অর্থহীন। যুক্তরাষ্ট্রে আরও অনেক বুদ্ধিমান ও অবগত রাজনীতিবিদ আছেন যাঁরা মার্কিন স্বার্থ বোঝেন। শিগগিরই ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেবে। মার্কিন সরকারের অর্থের জোগান তারাই তদারকি করবে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতো শীর্ষস্থানীয় রিপাবলিকানরা যখন ট্রাম্পের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন, তখন ওয়াশিংটনে বার্নহ্যাম, মাখোঁ, মের্ৎস এবং ইইউ কমিশনের একটি দৃঢ় ও সমন্বিত কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের নীতিতে আরও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনতে পারে।

পুতিন নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। ট্রাম্প যুগ তাঁর জন্য এমন এক সুবর্ণ কূটনৈতিক সুযোগ এনে দিয়েছিল, যা আর কখনো ফিরে আসবে না। ইউক্রেন ইস্যুতে মুখ রক্ষার মতো একটি চুক্তি করার এবং নিজের রাজনৈতিক উত্তরাধিকার নিরাপদ করার সেই সুযোগ পুতিন নিজেই নষ্ট করছেন। মনে হচ্ছে লড়াই করতে করতেই তাঁর পতন অনিবার্য।

পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো যদি যৌথভাবে তাদের আলোচনার কৌশল ঠিক করতে ব্যর্থ হয়, তবে পুতিনের ক্রমবর্ধমান যুদ্ধের বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর আনুপাতিক কিন্তু আক্রমণাত্মক এবং স্বভাবতই ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ অনিবার্য হয়ে উঠবে।

  • সাইমন টিসডাল দ্য গার্ডিয়ান–এর কলাম লেখক

দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপে অনূদি