মতামত

মুশকিল আসানের রাজনীতি কিশোর প্রজন্ম নিয়ে ভাববে কি?

যে উদ্‌যাপনে কেউ শারীরিকভাবে আহত হতে পারে, তাতে মানসিক লাঞ্ছনা ও অপমানের বিষয় থাকে, সেই ধরনের উদ্‌যাপন আমাদের কিশোরেরা কোথা থেকে শিখল?
ছবি : প্রতীকী

দিন কয়েক আগের ঘটনা। সন্ধ্যায় অফিস শেষে বাংলামোটর মোড়ে দাঁড়িয়ে আছি এক বন্ধুর সঙ্গে। হঠাৎ ধর ধর চিৎকার। জনাকয়েক কিশোর আরেক কিশোরকে তাড়া করে আসছে। দুই দিক থেকে ঘিরে ধরে একসময় তাকে অন্য কিশোরেরা ধরে ফেলল। এরপর কেউ পকেট থেকে ডিম বের করে, কেউবা আবার হাতে ধরা ডিম দিয়ে কিশোরটির মাথা, ঘাড়, মুখ লক্ষ্য করে যেভাবে পারে সেভাবে ভাঙতে শুরু করল। তাদের গলায় বুনো উল্লাস। মুহূর্তেই কিশোরটির মাথা, চোখ, মুখ বেয়ে ডিমের সাদা অংশ আর কুসুম মাখামাখি। পেছনে থাকা আরেক কিশোর পলিথিন ব্যাগ থেকে মুঠো মুঠো ময়দা বের করে ছেলেটির মুখ-মাথা লক্ষ্য করে ছুড়তে লাগল। ডিম-ময়দায় মাখামাখি কিম্ভূত চেহারা নিয়ে অসহায় দাঁড়িয়ে রইল ছেলেটি। অন্য কিশোরেরা একটু দূরে দাঁড়িয়ে তাকে নিয়ে তখন হাসি-তামাশায় মত্ত।

পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুর কাছে জানতে পারলাম এটা জন্মদিন উদ্‌যাপন। যে কিশোরকে দাবড়ে ধরে মাথায় ডিম ভেঙে, ময়দা মাখিয়ে দেওয়া হলো, সেই ছেলেটার জন্মদিন। বন্ধুরা অদ্ভুত এই উপায়ে তার জন্মদিন উদ্‌যাপন করছে। কেক কেটে, হ্যাপি বার্থ ডে গেয়ে আমাদের এখানে জন্মদিন উদ্‌যাপনের রেওয়াজ খুব বেশি দিন আগের নয়। আবার জন্মদিন উদ্‌যাপন ঠিক এ রকমই হতে হবে, তারও কোনো বাধ্যবাধকতাও নেই। অবশ্য আমাদের কৃষিভিত্তিক সমাজে জন্মদিন পালনের নজিরও খুব একটা ছিল না। কিন্তু যে উদ্‌যাপনে কেউ শারীরিকভাবে আহত হতে পারে, তাতে মানসিক লাঞ্ছনা ও অপমানের বিষয় থাকে, সেই ধরনের উদ্‌যাপন আমাদের কিশোরেরা কোথা থেকে শিখল? সমাজ-রাষ্ট্র-সরকারের যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা আমাদের কিশোরদের, আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে চলেছেন? গত এক মাসে সংবাদমাধ্যমে কয়েকটি খবরের দিকে নজর দেওয়া যাক। আপাতভাবে বিচ্ছিন্ন এসব ঘটনায় কোথায় যেন একটা যোগসূত্র রয়ে যায়।

আমাদের কিশোরদের একাংশ ভয়ানক অপরাধে জড়িয়ে পড়ছে। ভালো-মন্দের বোধটাও অনেকের মাঝে গড়ে উঠছে না। রাজনৈতিক ডামাডোলের এসব দিনরাত্রিতে রাজনৈতিক নেতারা কি ভাবছেন আমাদের কিশোর, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা। ‘খেলা হবে’ কিংবা ‘মাঠে শক্তি দেখানোর’ জনপ্রিয় রাজনীতিতে তারা যে নাই সেটা জলবৎ পরিষ্কার। থাকবেই বা কি করে? কতজন শীর্ষ রাজনীতিক, কতজন আমলা, কতজন ব্যবসায়ী নেতার সন্তান–সন্ততি দেশে পড়ছে, দেশে থাকছে?

ঘটনা এক. কয়েক দিন আগে ধানমন্ডি লেকে সান্ধ্য ভ্রমণে গিয়ে নিখোঁজ হন একজন মেরিন প্রকৌশলী। মেয়ের পরীক্ষার জন্য তিনি দেশে এসেছিলেন। সাতপাঁচে না থাকা মানুষটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। ধানমন্ডি লেকে পাওয়া যায় তাঁর বিক্ষত মরদেহ। কয়েক দিনের মাথায় হত্যাকারীরা আটক হয়। তারা সবাই ছিনতাইকারী। বয়সে কিশোর। পুলিশের কাছে আটক এক কিশোর টেলিভিশন ক্যামেরায় ছিনতাই ও হত্যার বর্ণনা দিয়েছে। অনুশোচনা-অনুকম্পাহীন নির্বিকার বর্ণনা। লোডশেডিংয়ের অন্ধকারের সুযোগে মোবাইল ছিনতাইয়ের জন্য প্রকৌশলীকে ঘিরে ধরে তারা। মোবাইল দিতে না চাওয়ায় ছুরি দিয়ে প্রকৌশলীর শরীরে একাধিক আঘাত করে। ছিনিয়ে নেওয়া মোবাইলটি তারা ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করে এবং সেই টাকা দিয়ে তারা মাদক কেনে।

ঘটনা দুই. সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপের মাধ্যমে পরিচিত ঢাকার হাজারীবাগ এলাকার একদল কিশোর-কিশোরী ধামরাইয়ে একটি পিকনিক স্পটে ‘পুল’ পার্টিতে গিয়েছিল। ফেরার পথে বাসের মধ্যে জুনিয়র একটা গ্রুপ মাদক সেবন করতে চাইলে সিনিয়র গ্রুপের এক কিশোর তাতে বাধা দেয়। দুই পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে সিনিয়র কিশোর পকেট থেকে ছুরি বের করে। জুনিয়র গ্রুপের কিশোরেরা তার কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তার গায়েই আঘাত করে। বাস থামিয়ে তারা নেমে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরটির মৃত্যু হয়।

ঘটনা তিন. চট্টগ্রামের বাকলিয়ায় কর্ণফুলী নদীর পাড়ে বন্ধুদের হাতে খুন হয় এক কিশোর। নিহত কিশোর একটি টিকটক গ্রুপের সদস্য। সেই দলের এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্য বন্ধুরা এ ঘটনা মেনে নিতে পারেনি। ফেসবুকে ছুরি হাতে ‘খেলা হবে’ স্ট্যাটাস দেয় তাদের একজন। পরে সেই ছুরি দিয়েই বন্ধুকে হত্যা করে।

ঘটনা চার. কুষ্টিয়া জেলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক রোকসানা খানম তাঁর বাড়িতে নির্মমভাবে খুন হন। এ খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় সদ্য কৈশোর পেরোনো  তাঁর ভাতিজা নওরোজ কবিরকে। ২০১৩ সালে নওরোজের বাবা মারা যান। নিঃসন্তান রোকসানা তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। সম্প্রতি নওরোজ মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। রোকসানা সেটা জানতে পেরে তাকে শাসন করেন, টাকা দেওয়া বন্ধ করে দেন। এতে নওরোজ ফুফুকে হত্যা করার পরিকল্পনা করে। শিল-পাটার শিল দিয়ে মাথায় আঘাত করে রোকসানাকে হত্যা করে।

ভয়াবহ এ ঘটনাগুলো আমাদের কিশোর ও নতুন প্রজন্মের সামগ্রিক চিত্র নয়। কিন্তু যে বয়সটাতে অজস্র কল্পনা, অজস্র স্বপ্ন ডালপালা মেলে আকাশছোঁয়ার কথা, সেই বয়সটাতেই তাদের একটা অংশ ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে, তখন সমাজ ও রাজনীতির মধ্যে যে বড় রোগ দানা বেঁধেছে, সেটা স্পষ্ট। চারটি ঘটনার সঙ্গে জড়িত কিশোরেরা সমাজের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব করে। একসময় মনে করা হতো, মধ্যবিত্ত পরিবারগুলোতে শিশু-কিশোরেরা অপেক্ষাকৃত সংবেদনশীল পরিবেশে গড়ে ওঠে। কিন্তু গত কয়েক দশকে পুরোনো শিক্ষা-সংস্কৃতি-রুচিবোধসম্পন্ন মধ্যবিত্ত ভেঙে গিয়ে অর্থ আয়ের বিচারে নতুন যে মধ্যবিত্ত গড়ে উঠেছে, সেখানে সুকুমারবৃত্তি চর্চার জায়গা কোথায়?

কোভিড মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে অর্থনৈতিক সংকট যত ঘনীভূত হচ্ছে, রাজনীতির মাঠ ততই গরম হয়ে উঠছে। বাইরের চাপে হোক কিংবা দেশের ভেতরের বাস্তবতা হোক, রাজনীতি আবার এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সেই সূত্রেই আওয়ামী লীগ ও বিএনপি এখন মাঠে তাদের শক্তি প্রদর্শনে। সমাবেশগুলোতে কে কাকে ছাপিয়ে বেশি জমায়েত করতে পারে, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। দুই পক্ষেরই এক দফা-এক দাবি ক্ষমতা। প্রতিপক্ষ কতটা খারাপ আর নিজেরা কতটা ভালো, সেই ফিরিস্তি দুই দলের নেতারা তাঁদের কর্মী-সমর্থকদের কাছে পেশ করছেন। সংবাদমাধ্যম, সামাজিক মাধ্যম হয়ে সেগুলোর নানা ভাষ্য সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে। নেতাদের বক্তৃতায় একটা বিষয় পরিষ্কার, ক্ষমতায় বসতে পারলেই সব মুশকিল আসান।

মুশকিল আসান যে হয় না, তার নজির আমাদের ইতিহাসজুড়ে, তার নজির আমাদের বর্তমানে আর অনিশ্চিত ভবিষ্যতেও। যেকোনো বড় পরিবর্তন হতে গেলে রাজনৈতিকভাবেই সেই পরিবর্তনটা ঘটতে হয়। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের অঙ্গীকার যদি জনগণের কাছে হয়, তাহলে মানুষের জন্য তো কর্মসূচি থাকতে হবে। ১৯৫৪ সালের নির্বাচনের আগে যুক্তফ্রন্টের ২১ দফা, ৬৯-এর গণ-অভ্যুত্থানে ছাত্রসংগঠনগুলোর ১১ দফা ও আওয়ামী লীগের ৬ দফা, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময় তিন জোটের রূপরেখা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে রাজনৈতিক দলগুলোর চিন্তার সম্মিলন আমরা দেখেছি। জনগণের জন্য কর্মসূচি ছাড়া রাজনৈতিক দলের যেকোনো ‘এক দফা এক দাবি’ শেষ পর্যন্ত একচ্ছত্র ও জবাদিহিহীন ক্ষমতার কানা গলিতে যেতে বাধ্য। সেখানে জনগণ সব বিবেচনায় বাদ পড়ে যাওয়া বর্গ।

জনমিতিক হিস্যা বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে বড় অংশ এখন কিশোর ও তরুণ। যেকোনো জাতির জন্য এটা একটা বিশাল সুযোগ। কিন্তু আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর কর্মসূচি কোথায়? আমাদের কিশোরদের একাংশ ভয়ানক অপরাধে জড়িয়ে পড়ছে। ভালো-মন্দের বোধটাও অনেকের মাঝে গড়ে উঠছে না। রাজনৈতিক ডামাডোলের এসব দিনরাত্রিতে রাজনৈতিক নেতারা কি ভাবছেন আমাদের কিশোর, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যতের কথা। ‘খেলা হবে’ কিংবা ‘মাঠে শক্তি দেখানোর’ জনপ্রিয় রাজনীতিতে তারা যে নাই সেটা জলবৎ পরিষ্কার। থাকবেই বা কি করে? কতজন শীর্ষ রাজনীতিক, কতজন আমলা, কতজন ব্যবসায়ী নেতার সন্তান–সন্ততি দেশে পড়ছে, দেশে থাকছে?

  •  মনোজ দে প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক