মতামত

একটা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইউরোপ

রাশিয়া এখন ইউরোপের সঙ্গে একটা যুদ্ধে লিপ্ত। এই বাস্তবতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করার সময় এসেছে।
রাশিয়া এখন ইউরোপের সঙ্গে একটা যুদ্ধে লিপ্ত। এই বাস্তবতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করার সময় এসেছে।

২০০৩ সালে দার্শিনব ইয়েগেন হ্যাবেরমাস ও জ্যাক দেরিদা জার্মানি ও ফ্রান্সের কয়েকটি শীর্ষ পত্রিকায় একটি যৌথ নিবন্ধ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের সমালোচনা করে তাঁরা ইউরোপীয়দের এ যুদ্ধ থেকে ‘বাধ্যতামূলক দূরত্ব’ বজায় রাখার কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা নিয়ে হ্যাবেরমাস ও দেরিদার সমালোচনা ছিল যৌক্তিক। সেই লেখায় তাঁরা বলেছিলেন, সাম্রাজ্য–উত্তর ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেবে ইউরোপ। এটি অত্যন্ত সুন্দর ধারণা। কিন্তু আজ যখন ইউক্রেনের ওপর রাশিয়া গণহত্যামূলক আগ্রাসন চালাচ্ছে, তখন হ্যাবেরমাস ও দেরিদার বলা সেই সাম্রাজ্য–উত্তর বিশ্ব প্রতিষ্ঠা করা বাস্তবে কতটা সম্ভব?

হ্যাবেরমাস ও দেরিদার এমন একটা ইউরোপের কল্পনা করেছিলেন, যে ইউরোপ সংলাপ, পারস্পরিক আলাপ ও সব ধরনের ভিন্নতাকে আলিঙ্গন করে সামনে এগিয়ে যাবে। এটা নিশ্চিতভাবেই মর্যাদাকর একটি ধারণা। কিন্তু সমস্যা হলো, এই ধারণা মন্দ কিছুর মুখোমুখি হলেই ক্ষমতাহীন হয়ে পড়ে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে শান্তির ধারণাটিই মূল মনোযোগ পেয়েছে। এ ক্ষেত্রে কীভাবে শান্তির বিস্তার করা যায়, সেটাই প্রাধান্য পেয়েছে। কিন্তু সেই শান্তিকে কীভাবে সুরক্ষা দেওয়া হবে, সেটা ভাবা হয়নি। সবার মঙ্গলের জন্য, সবার ভালোর জন্য সীমানা খুলে দেওয়া হয়েছে, কিন্তু খারাপ শক্তির বিরুদ্ধে সীমানা কীভাবে শক্তিশালী করা যাবে, তা ভাবা হয়নি। ইউরোপ ভেবেছে, ভালোর আকর্ষণে মন্দও ভালো আচরণ করবে। সে কারণেই ইউরোপ (মূলত জার্মানি ও ফ্রান্স) রাশিয়ার সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে। এই সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউরোপ গ্যেটের ফাউস্ট–এর, একজন শয়তানের সঙ্গেও কাজ করার ধারণাটি লালন করেছে। কিন্তু ইউরোপ বেমালুম ভুলে গেছে, সে গল্পের শেষ পরিণতি কী হয়েছিল।

দুই ধরনের নৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে ইউরোপ গড়ে উঠেছে। প্রথম নৈতিক ব্যবস্থাটি হলো অ্যাগোরা, যা প্রাচীন গ্রিসের বাজার ও সমবেত হওয়ার স্থানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর মাধ্যমে আমাদের যা কিছু আছে, তা অন্যদের সঙ্গে বিনিময় করে আমরা আরও বেশি কিছু অর্জন করব। আমরা পণ্য, ভাবনা, জিনিসপত্র, গল্প ও অভিজ্ঞতা বিনিময় করি। অ্যাগোরা ইতিবাচক একটি বিনিময়ব্যবস্থা, যেখানে সবাই জিততে পারে।

দ্বিতীয় নৈতিক ব্যবস্থাটি হলো অ্যাগন। এটি হলো যুদ্ধক্ষেত্র। আমরা অ্যাগনে প্রবেশ করি বিনিময় করার জন্য নয়, লড়াই করার জন্য। আমরা এখানে জয়ের স্বপ্ন দেখি, কিন্তু পরাজয়ের জন্যও আমরা প্রস্তুত থাকি। এ ক্ষেত্রে এরও জয়, ওরও জয়—এ রকম কোনো সমাধান সম্ভব নয়। কেননা, একটি পক্ষকে অবশ্যই পরাজিত হতে হবে।

হ্যাবেরমাস ও দেরিদার মধ্যে দার্শনিক চিন্তায় পার্থক্য থাকলেও তাঁরা দুজন গুরুত্বপূর্ণ বিষয়ে একই ভাবনা তুলে ধরেছিলেন। তাঁরা মনে করেছিলেন, যুদ্ধকে হটিয়ে বিনিময় প্রতিষ্ঠা হওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে, তাঁরা যে সমস্যা ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তা হলো, যুদ্ধ ছাড়া বিনিময় অসম্ভব। সম্ভাব্য আক্রমণকারীর হাত থেকে নগর রক্ষার জন্য দুর্গ নির্মাণ না করে তাদের সঙ্গে অনন্তকাল ধরে সংলাপ চালিয়ে যাওয়া যায় না। তাঁরা দুজন ইউরোপকে যেভাবে গড়ে তোলার কল্পনা করেছেন, সেটা নিষ্পাপ কল্পনা ছাড়া কিছু নয়।

অনন্ত শান্তি ও সীমাহীন বিনিময়—ইউরোপ মহাদেশের এই ধারণার পেছনে একটি লুকানো ভণ্ডামি আছে। বাস্তবে সেটা ন্যাটোর নিরাপত্তা ছাতার নিচেই অর্জন করা সম্ভব। ইউরোপীয়দের লক্ষ্য যদি হয় একটি সাম্রাজ্য–উত্তর বিশ্ব প্রতিষ্ঠা করা, তাদের অবশ্যই ২০০৩ সালে ইরাকে আমেরিকার আগ্রাসনের সঙ্গে ২০০৮ সালে জর্জিয়ায়, ২০১৪ সালে ইউক্রেনে, ২০১৫ সালে সিরিয়ায় এবং ২০২২ সালে আবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তুলনা করতে শিখতে হবে। দুইয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ২০০৩ সালের যুদ্ধ ছিল গণতন্ত্রের নিজেই নিজেকে প্রতারিত করার ফল। সেটা ছিল মোহনীয় সব গণতান্ত্রিক বাগাড়ম্বরের মাধ্যমে সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে লুকিয়ে রাখার ঘটনা।

২০ বছর পর আমরা একটা ভিন্ন বাস্তবতায় বাস করছি। গণতন্ত্র এখন সরাসরি সাম্রাজ্যে রূপান্তরিত হচ্ছে না। এখন সাম্রাজ্যই গণতন্ত্রকে আক্রমণ করছে। এই সাম্রাজ্য ও এর কর্তৃত্ববাদী মিত্ররা দেখেছে যে গণতান্ত্রিক শিবির দুর্বল আর অরক্ষিত। আর তারা তাদের সেই অ্যাগন বা যুদ্ধের চেতনা হারিয়েছে। সে কারণে, তাদের আক্রমণ ও ধ্বংস করার সুযোগ এসেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের মানে হলো ইউরোপের ওপর আক্রমণ। রাশিয়া এখন ইউরোপের সঙ্গে একটা যুদ্ধে লিপ্ত। এই বাস্তবতাকে পরিপূর্ণভাবে গ্রহণ করার সময় এসেছে। বিনিময় নৈতিকতা এখন যথেষ্ট নয়। এখন সময় এসেছে, নিজেদের আত্মপরিচয়ের অংশ হিসেবে যুদ্ধ নৈতিকতার পুনর্জাগরণ ঘটানো।

দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপে অনূদিত

  • ভলোদিমির ইয়েরমোলেনকো ইউক্রেনীয় দার্শনিক ও লেখক