রোহিঙ্গা সংকট আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে থাকবে
রোহিঙ্গা সংকট আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে থাকবে

এম সাখাওয়াত হোসেনের কলাম

রোহিঙ্গা সংকটের সমাধান কোন পথে

মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো কঠোর রায় এলেও তা কার্যকর করার বাস্তব সীমাবদ্ধতা থাকবে। ফলে এ মামলার রায়ে বাংলাদেশের বিশেষ কোনো তাৎক্ষণিক লাভ হবে বলে মনে হয় না। তবু রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকেই বাস্তবসম্মত কৌশল উদ্ভাবন করতে হবে। লিখেছেন এম সাখাওয়াত হোসেন।

অতি সম্প্রতি ঢাকায় কাছাকাছি সময়ে রোহিঙ্গাবিষয়ক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রথমটির আয়োজক ছিল ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এবং দ্বিতীয়টির আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটির নীতি গবেষণা কেন্দ্র। প্রথম সেমিনারে উপস্থিত ছিলেন বর্তমান বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। দ্বিতীয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উভয় সেমিনারের মূল বিষয় ছিল প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী, যারা রোহিঙ্গা নামে পরিচিত, তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসনের কৌশলপত্র প্রণয়ন।

সন্দেহ নেই, বর্তমান সরকার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠাতে আন্তরিক।

স্মরণযোগ্য, ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে শত শত বছর ধরে বসবাস করে আসা রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হয়। স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধ গোষ্ঠী ও দেশটির সামরিক বাহিনীর সহিংসতার মুখে তারা ভিটেমাটি ছেড়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তাদের অধিকাংশই মুসলমান।

সে সময় প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গত প্রায় ১০ বছরে এই সংখ্যা বেড়ে ১৪ লাখ বা তারও বেশি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তারা কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন শিবির এবং নোয়াখালীর ভাসানচরে বসবাস করছে। রোহিঙ্গাদের সিংহভাগই উত্তর রাখাইনের মংডু, বুথিডং ও রাথেডং এলাকার বাসিন্দা ছিল।

বিগত বছরগুলোয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। এমনকি তৎকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিবেশী ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে কোনো আলোচনাই করেনি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনাশ পালিওয়াল তাঁর গবেষণাধর্মী বই ইন্ডিয়াস নিয়ার ইস্ট: আ নিউ হিস্টোরির ৩০৫ পৃষ্ঠায় লিখেছেন, ভারত সরকার ভূরাজনীতির সঙ্গে সাম্প্রদায়িকতাকে গুলিয়ে ফেলেছে। এ কারণে বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও মিয়ানমারের ওপর কোনো প্রভাব বা চাপ সৃষ্টি করেনি।

পালিওয়াল আরও লিখেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের উদ্যোগে চার দেশ—চীন, ভারত, মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে প্রস্তাবিত বৈঠকও ভারতের অনাগ্রহের কারণে বাতিল করতে হয়েছিল। শুধু পালিওয়ালই নন, আরাকানবিষয়ক আন্তর্জাতিক গবেষক টিন শিন অংয়ের সাম্প্রতিক প্রবন্ধ ‘স্ট্র্যাটেজিক গ্যাম্বল: আরাকান আর্মি, রাখাইন অ্যান্ড ইন্ডিয়া’তেও একই ধরনের অভিমত প্রকাশ করা হয়েছে। কাজেই ভারতের সঙ্গে বাংলাদেশের অতীতে এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। ভবিষ্যতেও দেশটির কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে বলে মনে হয় না।

অন্যদিকে মিয়ানমারের ওপর চীনের প্রভাব দেশটির স্বাধীনতার পর থেকেই বিদ্যমান। চীন শুধু মিয়ানমারের উন্নয়ন সহযোগী নয়, দেশটির বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর মিয়ানমারে, চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। ইতিমধ্যে চীনের ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ রাখাইনের বঙ্গোপসাগর উপকূলবর্তী কিয়াউকফিউতে গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে চীনের কুনমিং পর্যন্ত জ্বালানি পাইপলাইন ও রেল যোগাযোগ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যে পাইপলাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জ্বালানি পরিবহন শুরু হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ এই প্রকল্প চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর নামে পরিচিত। এর মাধ্যমে চীন মালাক্কা প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথে জ্বালানি পরিবহনের সুযোগ তৈরি করতে চায়। সামগ্রিকভাবে মিয়ানমারের ওপর চীনের প্রভাব শুধু কেন্দ্রীয় সরকারের মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশটির সরকারবিরোধী বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর ওপরও চীনের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

ইতিমধ্যে রাখাইন (পূর্বতন আরাকান রাজ্য) মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অঞ্চলটির অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপ, চীনের আওতাধীন গভীর সমুদ্রবন্দর ও সংশ্লিষ্ট দ্বীপ এবং রাজধানী সিত্তে ছাড়া রাখাইনের প্রায় পুরো অঞ্চলই আরাকান আর্মির দখলে রয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটার স্থল ও জলসীমান্তের রাখাইন অংশও বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এককথায়, রাখাইন অঞ্চলের কর্তৃত্ব এখন আরাকান আর্মির হাতে।

রাখাইন রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের যোগাযোগ বাড়ছে। মিয়ানমারবিষয়ক বিশেষজ্ঞদের মতে, আরাকান আর্মি আপাতত স্বাধীনতা না চাইলেও ন্যূনতমপক্ষে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে মিয়ানমারের রাষ্ট্রকাঠামোর মধ্যে থাকতে চাইবে। সংগঠনটি ইতিমধ্যে সেখানে বেসামরিক প্রশাসনের কর্তৃত্বও প্রতিষ্ঠা করেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ রাখাইনের যেকোনো বিষয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা এখন অপরিহার্য হয়ে উঠেছে।

প্রসঙ্গত, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া নদীবন্দর ভারতের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বন্দর থেকেই প্রকল্পের যোগাযোগব্যবস্থা কার্যকর হওয়ার কথা। বর্তমানে পালেতওয়াসহ কালাদান প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। একসময় মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং সংগঠনটির নেতাদের হত্যার অভিযোগ থাকলেও ভারত এখন পালেতওয়া ও কালাদান প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় রয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে শুধু দ্বিপক্ষীয় আলোচনা ও আন্তর্জাতিক চাপ যথেষ্ট নয়। এমনকি গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে যে রায়ই আসুক না কেন, তাতে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে—এমন নিশ্চয়তা নেই। এমনকি মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনো কঠোর রায় এলেও তা কার্যকর করার বাস্তব সীমাবদ্ধতা থাকবে। ফলে এ মামলার রায়ে বাংলাদেশের বিশেষ কোনো তাৎক্ষণিক লাভ হবে বলে মনে হয় না। তবু রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকেই বাস্তবসম্মত কৌশল উদ্ভাবন করতে হবে। উপসংহারে এ বিষয়ে তিনটি পথ বিবেচনার সুপারিশ করা হলো।

প্রথমত, রাখাইনের ভবিষ্যৎ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি এখন আরাকান আর্মির অবস্থানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশকে তাই আরাকান আর্মির অস্তিত্ব ও কর্তৃত্ব বিবেচনায় নিতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সংগঠনটির সম্মতি না থাকলে তা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। একই সঙ্গে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা অব্যাহত রাখতে হবে।

দ্বিতীয়ত, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় প্রস্তাবিত চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডর বাস্তবায়নের উদ্যোগ রোহিঙ্গা সংকট সমাধানের একটি সম্ভাব্য পথ হতে পারে। প্রস্তাবটি সরকারের বিবেচনায় রয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত করিডরটি রোহিঙ্গা-অধ্যুষিত রাখাইন অঞ্চলের মধ্য দিয়েই বিস্তৃত হওয়ার কথা। এ ক্ষেত্রে চীন রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তৃতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রয়োজন হবে আরও জোরালো আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা।

  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ২০০৭-১২ পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

    মতামত লেখকের নিজস্ব