মতামত

কর-সুবিধা দিলেই কি শেয়ারবাজারে সুদিন ফিরবে

শেয়ার বিক্রয় করে মূলধনি আয় ৫০ লাখ টাকা অতিক্রম করলে অতিরিক্ত আয়ের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশের পরিবর্তে সম্প্রতি ১৫ শতাংশ করহার নির্ধারণ করেছে।

প্রশ্ন হচ্ছে, এর ফলে তলানিতে থাকা শেয়ারবাজারে সুদিন ফিরবে কি?
সহজ উত্তর হলো, না।

বর্তমানে মূলধনি আয়ের ওপর করহার হ্রাস ছাড়াও আরও কিছু কর-সুবিধা বিদ্যমান আছে। শেয়ার বিক্রি করে ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনি আয়ে করমুক্ত এবং শেয়ারে বিনিয়োগর ওপর কর রেয়াত সুবিধা রয়েছে।

নতুনভাবে আয়কর হ্রাসসহ বিদ্যমান যেসব কর-সুবিধা দেওয়া হয়েছে, এর ফলে দু-এক দিন শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা কয়েক দিন পরেই নিস্তেজ হয়ে যায়।

তবে আরেকটা গুরুত্বপূর্ণ করের বোঝা ব্যক্তি করদাতাদের ওপর এখনো রয়েই গেছে এবং এর ফলে মূলত নিম্ন থেকে মধ্যম আয়ের করদাতারা অতিরিক্ত করের কবলে পড়ছেন।

কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানি থেকে যদি লভ্যাংশ পায়, তাহলে ওই লভ্যাংশের ওপর দ্বিতীয়বার আয়কর ধার্য থেকে কয়েক বছর আগে মুক্তি দেওয়া হয়।

কিন্তু ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে তা রয়েই যায়। অর্থাৎ একজন ব্যক্তি করদাতা একই আয়ের ওপর এখনো দুবার আয়কর প্রদান করছেন।

কোনো কোম্পানি ১০ হাজার টাকা মুনাফা করল এবং তার ওপর ২০ শতাংশ করপোরেট কর প্রদানের পর ৮ হাজার টাকা তার শেয়ারহোল্ডারকে লভ্যাংশ হিসেবে প্রদান করল।

শেয়ারহোল্ডার যদি সর্বোচ্চ ৩০ শতাংশ হারে কর প্রদান করেন, তাহলে ৮ হাজার টাকার ওপর আবার কর দিতে হবে ২ হাজার ৪০০ টাকা।

দুবার কর প্রদানের পর শেয়ারহোল্ডারের লভ্যাংশ হতে আয় দাঁড়াবে ৫ হাজার ৬০০ টাকা। আয়কর বাবদ মোট আয়ের প্রায় অর্ধেকই চলে গেল।

লভ্যাংশ প্রদানের সময় উৎসে ১০ শতাংশ কর কর্তন করে রাখা হয়। এই বিনিয়োগকারীকে যখন ৮ হাজার টাকা লভ্যাংশ বিতরণ করা হবে, তখন উৎসে ৮০০ টাকা কর কর্তন করে রাখবে এবং এর ফলে মোট কর প্রদান করা হবে ২ হাজার ৮০০ টাকা, যা তিনি আর ফেরত পাবেন না।

ওটাই তাঁর জন্য কর, যা ন্যূনতম কর হিসেবে পরিচিত।

এভাবে ন্যূনতম করের মাধ্যমে সব সাধারণ মানুষের ওপর অযৌক্তিকভাবে করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন এর উত্তরে হয়তো কেউ বলবেন, অনেকেই কর ফাঁকি দেয়। কর না দিলে দেশ চলবে কী করে?

এই অজুহাতে সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর গণহারে কর চাপিয়ে দেওয়া হয়েছে। আয় না থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে জোরপূর্বক আয়কর সংগ্রহ করা হচ্ছে।

কিছু মানুষের অযোগ্যতা এবং অবৈধভাবে অনৈতিক আর্থিক সুবিধা লাভের জন্য নিম্ন আয়ের মানুষকে মাশুল দিতে হচ্ছে।

অথচ অস্ট্রেলিয়ায় ভিন্ন চিত্র। অস্ট্রেলিয়াতে সাধারণত দুই ধরনের লভ্যাংশ বিতরণ করা হয়। ফ্রাংকড ডিভিডেন্ড এবং আনফ্র্যাংকড ডিভিডেন্ড।

কোনো কোম্পানি মুনাফার ওপর কর প্রদান করার পর যদি লভ্যাংশ বণ্টন করা হয়, তাহলে তা ফ্র্যাংকড ডিভিডেন্ড নামে পরিচিত।

এটাকে আমাদের দেশে চূড়ান্ত লভ্যাংশ হিসেবে ধরা যায়। আর যদি কোনো মুনাফার ওপর কর প্রদান না করে লভ্যাংশ বণ্টন করা হয়, তাহলে এটাকে আনফ্র্যাংকড ডিভিডেন্ড বলা হয়, যেটাকে আমাদের দেশে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের সঙ্গে তুলনা করা যায়।

আনফ্র্যাংকড ডিভিডেন্ডের ওপর যেহেতু কোম্পানি কোনো কর প্রদান করেনি, তাই যিনি লভ্যাংশ পেয়েছেন, তাঁর আয়ের সঙ্গে যোগ হয়ে কর গণনা করতে হয়।

তবে যদি কোনো ব্যক্তির আয়করমুক্ত সীমা অতিক্রম না করে, তাহলে তাঁকে এই লভ্যাংশের ওপর কোনো কর দিতে হয় না।

উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে কয়েকটি ব্যতিক্রম ছাড়া উৎসে কর কর্তনের নিয়ম নেই, ন্যূনতম করের বিধান তো নেই-ই।

আর ফ্র্যাংকড ডিভিডেন্ডের ক্ষেত্রে করের প্রয়োগটা একটু আলাদা। অস্ট্রেলিয়াতে কোম্পানির করহার সাধারণত ৩০ শতাংশ। আর ব্যক্তি করদাতা সর্বোচ্চ ৪৫ শতাংশ হারে কর দিয়ে থাকেন।

যাহোক, কোনো শেয়ারহোল্ডার যদি ৭০০ টাকা লভ্যাংশ পান এবং কোম্পানি যদি ৩০০ টাকা করপোরেট কর দিয়ে থাকে, তাহলে লভ্যাংশ বিবরণীতে আয় উল্লেখ থাকবে ১ হাজার টাকা, যার মধ্যে ৩০০ টাকা হলো আয়কর।

যদি ওই শেয়ারহোল্ডার সর্বোচ্চ ৩০ শতাংশ হারে আয়কর প্রদান করেন, তাহলে তাঁকে আর নতুন করে কোনো কর দিতে হয় না।

কিন্তু শেয়ারহোল্ডারের আয় যদি করমুক্ত সীমা অতিক্রম না করে তাহলে তিনি রিটার্ন দাখিল করার পর ৩০০ টাকা ফেরত পাবেন। এই নিয়ম শুধু তালিকাভুক্ত কোম্পানি না, সব কোম্পানির ক্ষেত্রেই এই একই নিয়ম প্রযোজ্য।

এ জন্যই এখানে যে কেউ কোনো ব্যবসা শুরু করলে তারা একটা কোম্পানি করে থাকে এবং ওই কোম্পানি কর-পরবর্তী মুনাফা থেকে লভ্যাংশ বিতরণ করলে পুনরায় আবার আয়কর প্রদান করতে হয় না।

এখন প্রশ্ন আসতে পারে, এই আয়কর-সুবিধা যদি বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়, তাহলে কি শেয়ারবাজারের অবস্থা ভালো হয়ে যাবে?

উত্তর হলো, না।

কোম্পানির কর-পরবর্তী মুনাফা থেকে লভ্যাংশ বণ্টনের ওপর পুনরায় আয়কর বাতিলের সঙ্গে শেয়ারবাজারের সম্পর্ক অন্য অনেকগুলো উপাদানের মধ্যে একটি।

কিন্তু এর ফলে সামগ্রিকভাবে দেশের ব্যবসায় ইতিবাচক সাড়া ফেলবে। অনেক নতুন উদ্যোক্তা কোম্পানি করে ব্যবসায় করতে উৎসাহী হবেন। নতুন নতুন কোম্পানি তৈরি হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। আর ব্যবসায়ে স্বচ্ছতা বাড়বে।

অন্যদিকে শেয়ারবাজারের উন্নতি আয়করের বাইরে আরও অনেকগুলো উপাদানের ওপর নির্ভর করে।

সবার আগে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সততা, স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ফিরিয়ে আনতে হবে।

কয়েক বছর পরপর রাগববোয়ালেরা এসে শেয়ারবাজার কারসাজি করে রাতারাতি টাকা হাতিয়ে নিতে পারবে না—এটা নিশ্চিত করার বাস্তবচিত্র বিনিয়োগকারীদের দেখাতে হবে।

বাংলাদেশে যখন শেয়ারবাজার আকাশচুম্বী ছিল,তখন কিন্তু তা কর-সুবিধা দেওয়ার ওপর নির্ভর করেনি।

গুটিকয় মানুষের ফায়দা লুটের জন্য শেয়ারের মূল্য দিনের পর দিন উন্মাদের মতো বেড়েছিল এবং এর ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাঁদের কষ্টের সঞ্চয়, বাবার পেনশনের শেষসম্বল, মার গয়না বিক্রির টাকা, আত্মীয়স্বজন বা পরিচিতজনদের কাছ থেকে ধার করা টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিলেন।

যদি শেয়ারবাজারে সুশাসন ফিরিয়ে আনা না যায়, তাহলে আবারও গুটিকয় মানুষ এসে শেয়ারবাজারে উন্মাদনা সৃষ্টি করবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে টাকা হাতিয়ে নেবে।

এই গোষ্ঠী তখন শেয়ারবাজারে বিনিয়োগের জন্য কর-সুবিধা কী দেওয়া হয়েছে, তার জন্য অপেক্ষা করবে না।

  • জসীম উদ্দিন রাসেল অস্ট্রেলিয়ায় কর্মরত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট