মতামত

টেঁটাযুদ্ধের আড়ালে ভয়ংকর গল্প, যেন কারও কিছুই করার নেই

রক্তক্ষয়ী-প্রাণঘাতী টেঁটাযুদ্ধ কারও কাম্য নয়
রক্তক্ষয়ী-প্রাণঘাতী টেঁটাযুদ্ধ কারও কাম্য নয়

ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব এবং স্বার্থের কারণে টেঁটাযুদ্ধ হয়ে থাকে। এত দিন এমনটাই ধারণা ছিল। তবে সম্প্রতি প্রথম আলোর একটি প্রতিবেদন পড়ে ধারণাটি পাল্টে গেল। টেঁটাযুদ্ধের আড়ালের গল্পটা ভিন্ন ও ভয়ংকর।

নরসিংদীর স্থানীয় গোষ্ঠীপ্রধান, রাজনীতিবিদ ও প্রভাবশালীরা রক্তক্ষয়ী টেঁটাযুদ্ধ উদ্দেশ্যমূলকভাবে জিইয়ে রেখেছেন। এর মাধ্যমে তাঁরা চাঁদাবাজি করে অর্থ হাতিয়ে নেন। রক্তক্ষয়ী ও প্রাণঘাতী যুদ্ধকে কীভাবে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা ভাবতেই বিস্ময় লাগে।

আরও ভয়ংকর বিষয় হলো কেউ যদি টেঁটাযুদ্ধে অংশ না নিয়ে নির্ভেজাল জীবনযাপন করতে চান, সেটার কোনো উপায় নেই। বাধ্যতামূলক টেঁটাযুদ্ধে অংশ নিতে হবে। কোনো কারণে কেউ অংশ না নিলে পরে তাঁকে ও তাঁর পরিবারকে জরিমানা হিসেবে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে। তা না হলে তাঁকে ও তাঁর পরিবারকে একঘরে করে রাখা হবে। হামলা-মামলা করে একের পর এক হয়রানি করা হবে। যতক্ষণ না পর্যন্ত চাঁদার অর্থ না দেবেন, ততক্ষণ নানাভাবে হয়রানি ও নির্যাতন চলতে থাকবে।

এমনই হয়রানির শিকার হয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ষাটোর্ধ্ব বাসিন্দা ফজলুর রহমান। তিনি বলেন, ‘ছেলে কুয়েতে থাকায় আমাদের ৭০ হাজার টাকা চাঁদা ধরা হয়েছিল। টেঁটাযুদ্ধে যাতে অংশ নেওয়া না লাগে, তার জন্য ছেলে ওই টাকা দুই ধাপে গোষ্ঠীপ্রধানকে দিয়েছে। প্রতিবার টেঁটাযুদ্ধের আয়োজন হলেই এভাবে টাকা দিতে হয়।’

শুধু নরসিংদী নয়, পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়াতেও টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনা নিয়ে বিভিন্ন সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর ও কসবা উপজেলায় টেঁটাযুদ্ধের খবর পাওয়া যায়। যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনে উল্লেখ করা যায়, ২০২১ সালের জানুযারি থেকে জুন মাস পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় টেঁটাযুদ্ধে নিহত হয়েছেন ২৬ জন। এর মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। মোট ৩৮টি সংঘর্ষের ঘটনার মধ্যে ১৭টি ঘটেছে সরাইল উপজেলায়।

গত ২৫ সেপ্টেম্বর প্রথম পাতায় প্রকাশিত প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথের করা প্রতিবেদনে বলা হয়, নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে মেঘনার চরবেষ্টিত ১১টি ইউনিয়নে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে। একসময় স্থানীয় দুই পক্ষ শুধু টেঁটা নিয়ে সংঘাতে জড়াত, পরে এর সঙ্গে যুক্ত হলো আগ্নেয়াস্ত্র। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর ভোরে সদর উপজেলার চরদিঘলদীতে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ১৫ জন আহত হন। শরীরে টেঁটাবিদ্ধ অবস্থায় সাতজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টেঁটাযুদ্ধ গোপন কোনো বিষয় নয়, প্রকাশ্য দিবালোকে, আওয়াজ দিয়ে, আয়োজন করে টেঁটাযুদ্ধে জড়ান লোকজন। তবে কেন প্রশাসন জরুরি ভিত্তিতে তৎপর হয় না? সম্ভাব্য বিপজ্জনক বা নাশকতার পরিস্থিতি এড়ানোর জন্য কেন ১৪৪ ধারা জারি করা হয় না?

রক্তক্ষয়ী-প্রাণঘাতী টেঁটাযুদ্ধ কারও কাম্য নয়। স্থানীয় সচেতন লোকজনও এ যুদ্ধে অংশ নিতে চান না। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এতে অংশ নিতে হয়। এর দায় স্থানীয় পুলিশ সদস্য, প্রশাসনের লোকজন ও রাজনীতিবিদেরা এড়াতে পারেন না। প্রায় শত বছর ধরে চলা টেঁটাযুদ্ধের মতো বর্বর একটি সংস্কৃতিকে জিইয়ে রাখা হয়েছে। স্থানীয় গোষ্ঠীপ্রাধন, রাজনীতিবিদ, প্রভাবশালীরা কী রাষ্ট্রের চেয়েও ক্ষমতাবান, যে কারণে টেঁটাযুদ্ধ বন্ধ করা যাচ্ছে না।

লক্ষণীয় বিষয় হলো প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে টেঁটাযুদ্ধের নেপথ্যের কুশীলবদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমনকি টেঁটাযুদ্ধে যাঁরা জড়ান, তাঁদের সচেতন করতেও দৃশ্যত কোনো কার্যক্রম চোখে পড়েনি। টেঁটাযুদ্ধে জড়িয়ে অনেকে নিহত হচ্ছেন, চিরতরে পঙ্গুত্ব বরণ করছেন। অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এ বিষয়ে কারও ভ্রুক্ষেপ নেই। প্রশাসনও নীরব। যেন কারও কিছুই করার নেই। তবে নরসিংদী জেলা প্রশাসন ও রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টেঁটাযুদ্ধ বন্ধে কাজ করা হচ্ছে।

রায়পুরার নিলক্ষা, বাঁশগাড়ী, মির্জারচর ও পাড়াতলী ইউনিয়নের নাম টেঁটাযুদ্ধের ঘটনায় বারবার আসে। প্রথম আলোয় প্রকাশিত তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এই চার ইউনিয়নে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মির্জারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর ইকবালসহ অন্তত ৫০ জন। আহত হয়েছেন কয়েক শ মানুষ।

প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর স্থানীয় লোকজনের প্রতিক্রিয়া ও পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েছিলাম প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথের কাছে। তিনি বলেন, প্রতিবেদন পড়ে অনেকে টেঁটাযুদ্ধের আড়ালের কাহিনি জানতে পেরে সচেতন হয়েছেন। ভবিষ্যতে টেঁটাযুদ্ধপ্রবণ মানুষকে সচেতন করতে এই প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করছেন স্থানীয় লোকজন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন তাঁকে জানিয়েছেন, টেঁটাযুদ্ধ থেকে বিরত রাখতে প্রশাসনের পক্ষ থেকে চরাঞ্চলের গোষ্ঠীপ্রধানদের সঙ্গে আলোচনা চলছে।

টেঁটাযুদ্ধ গোপন কোনো বিষয় নয়, প্রকাশ্য দিবালোকে, আওয়াজ দিয়ে, আয়োজন করে টেঁটাযুদ্ধে জড়ান লোকজন। তবে কেন প্রশাসন জরুরি ভিত্তিতে তৎপর হয় না? সম্ভাব্য বিপজ্জনক বা নাশকতার পরিস্থিতি এড়ানোর জন্য কেন ১৪৪ ধারা জারি করা হয় না? টেঁটাযুদ্ধ না জড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে চরাঞ্চলের মানুষকে সচেতন করতে হবে, সতর্কতা জারি করতে হবে। এতে কাজ না হলে ‘টেঁটাযুদ্ধ’কে অপরাধ বলে গণ্য করে আইন প্রণয়ন করতে হবে। যাঁরা টেঁটাযুদ্ধের ইন্ধনদাতা, নেপথ্যের হোতা ও সর্বোপরি টেঁটাযুদ্ধে যাঁরা অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনপ্রয়োগ করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ১৩ অক্টোবর মুঠোফোনে নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) বদিউল আলমের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেন, টেঁটাযুদ্ধ বন্ধে তাঁরা কাজ করছেন। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর তিনি টেঁটাযুদ্ধ বন্ধের বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। খোঁজ নিয়ে জানতে পেরেছেন, চরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের প্রস্তাব সরকারের কাছে আগে পাঠানো হয়েছে, যেটি বর্তমানে প্রক্রিয়াধীন। আশা করছেন, থানাটি স্থাপিত হলে চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে, পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে।

ডিসি বদিউল আলম আরও বলেন, ভবিষ্যতে যদি টেঁটাযুদ্ধের আগাম বার্তা পাওয়া যায়। বিবাদমান দুই পক্ষের নাশকতা বন্ধে আইন অনুযায়ী, যদি ১৪৪ ধারা জারির মতো পরিস্থিতি তৈরি হয়। তবে ১৪৪ ধারা জারি করা যেতে পারে। সর্বোপরি প্রত্যন্ত চরাঞ্চলে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে টেঁটাযুদ্ধ বন্ধ করা সম্ভব।

টেঁটাযুদ্ধ জীবনকে তছনছ করে দিয়েছে স্থানীয় পাড়াতলীর যুবক শামীম (ছদ্মনাম) ও তাঁর মায়ের। শামীম বলেন, ‘দুই বছর আগের কথা। গোষ্ঠীর বিবাদে জড়াতে চাইনি। এ জন্য মাকে বাড়িতে রেখে পরিবারের বাকিরা নরসিংদী শহরের ভাড়া বাসায় উঠি। টেঁটাযুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ী পক্ষের এক দল ছেলে আমাদের বাড়িতে ঢুকে মাকে ভয় দেখায়, এলাকা ছাড়তে বলে। মা বাড়ি না ছাড়ায় তারা চাঁদা চেয়েছে। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দিয়েছে। তখন মাকে নরসিংদীতে নিয়ে এসেছি।’

তবে এ ঘটনায় শামীম কোনো মামলা করেননি। তিনি বলেন, মামলা করলে আর এলাকায় যেতে পারবে না তাঁর পরিবার। তাঁর মা ফেলে আসা বাড়িতে কোনো দিন ফিরতে পারবেন কি না, তা ভেবে মন খারাপ করেন। তাঁর কাছে জানতে চান, এই সংঘাতের শেষ কোথায়?

প্রশাসন কী এই মায়ের প্রশ্নের জবাব দেবে? তাদের কাছে এই প্রশ্নের জবাব আছে। সংকট সমাধানের পথও জানা আছে। তবে কেন প্রশাসন টেঁটাযুদ্ধ বন্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না?

  • তৌহিদুল ইসলাম প্রথম আলোর সহসম্পাদক
    ই-মেইল: towhidul.islam@prothomalo.com