মানুষের ভারে ন্যুব্জ, কোলাহলে সদা ব্যতিব্যস্ত সমকালীন ঢাকা শহরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা যে কাউকে অসহিষ্ণু করে তুলবে। ঘিঞ্জি দালানকোঠা, গাদাগাদি মানুষ, ভিড়, শব্দদূষণ, যানজট, বায়ুদূষণ, কার্বন নিঃসরণসহ নানাবিধ সমস্যার ভারে জর্জরিত এই ঢাকা। অত্যধিক জনঘনত্বের হার প্রতি বর্গমাইলে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ, ঢাকার ভবিষ্যৎ সম্পর্কে গভীর উদ্বেগের জন্ম দেয়। আমার এক আমেরিকান সহকর্মী একটি শিক্ষাসফরে এসে ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে একে ‘অ্যাপোক্যালিপটিক’ বলে আখ্যা দিয়েছিলেন। যদিও ঢাকার আধুনিক স্থাপনা যেমন সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং চারুকলা অনুষদের নান্দনিকতা তাদের কাছে ছিল উপভোগ্য, কিন্তু এই শহরের অস্বাভাবিক জনঘনত্ব ও অবকাঠামোর বিশৃঙ্খলা তাদের বিচলিত করেছে। ঢাকাবাসী অনেকেই একই ধারণা পোষণ করেন।
তাহলে প্রশ্ন হলো, ঢাকার এই গাদাগাদি নগরায়ণের ভবিষ্যৎ কী? রাজধানীর বিশাল জনসমুদ্রকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায়?
জনঘনত্ব নিয়ে আতঙ্কের পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। শিল্পবিপ্লবের পর ঊনবিংশ শতাব্দীর লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, বার্লিন এবং অন্যান্য পশ্চিমা নগরে গ্রাম ছেড়ে আসা ছিন্নমূল মানুষেরা কলকারখানায় কাজের সন্ধানে পাড়ি জমিয়েছিলেন। এতে সেসব নগরে জনবিস্ফোরণ ঘটে। ১৯ শতকের শেষ দিকে ব্রিটেনের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ শহরে বাস করত, যেখানে রাশিয়ায় ছিল সেটা মাত্র চার শতাংশ ও চীনে সাত শতাংশ। যুক্তরাষ্ট্রের নগর জনসংখ্যা ১৮২০ সালে ছিল মোট জনসংখ্যার সাত শতাংশ, ১০০ বছর পর ১৯২০ সালে তা বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। একই সময়ে ঘিঞ্জি ও গাদাগাদি করে তৈরি বস্তি, কলেরা মহামারি, নিদারুণ দারিদ্র্য ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ভিক্টোরিয়ান লন্ডন একধরনের নরকে পরিণত হয়।
১৮৮৩ সালে অ্যান্ড্রু মেয়ার্ন্স নামের এক পাদরি একটি প্যামফ্লেটের মাধ্যমে দক্ষিণ লন্ডনের ভয়াবহ নোংরা আর দারিদ্র্যক্লিষ্ট জীবনযাত্রার কথা তুলে ধরেন।
কলকারখানায় কর্মরত দরিদ্র জনগোষ্ঠীর মানবেতর জীবনযাপনের বিষয়টি অন্যদের ভীষণ নাড়া দেয়। প্যামফ্লেটটি ছিল লন্ডনের আবাসনব্যবস্থার পুনর্বিন্যাসের দাবি। নিউইয়র্কের পরিবেশ-পরিস্থিতিও তখন লন্ডনের অনুরূপ। ঘটনাক্রমে নিউইয়র্কে বসবাসরত ড্যানিশ অভিবাসী সাংবাদিক জ্যাকব রিস তাঁর বই ‘হাউ দ্য আদার হাফ লিভস’-এর (কীভাবে বাকি অর্ধেক মানুষ বসবাস করে) মাধ্যমে তুলে ধরেন নিউইয়র্ক শহরের নারকীয় নগরায়ণের চিত্র, বিশেষ করে অতি নিম্নবিত্তের বস্তির মতো টেনিমেন্ট হাউসিং ব্লকগুলোর অমানবিক অবস্থা। বইটি ব্যাপক সাড়া ফেলে। আর নগর নীতিনির্ধারকদের বিবেকে আঘাত হানে।
এ ধরনের প্রতিক্রিয়া সামনে আসার পর চিন্তাবিদদের মধ্যে নগর এলাকার জনঘনত্ব নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হতে থাকে। এর পর থেকে ১৯ শতকের শিল্প নগরীর জনস্বাস্থ্যকর্মী, সমাজসংস্কারক এবং স্থপতি ও পরিকল্পনাবিদেরা অতিরিক্ত জনসংখ্যার প্রতি বিদ্বেষ নিয়েই যেকোনো বৃহত্তর পরিকল্পনার কথা ভেবেছেন। ফলে জনসংখ্যার উচ্চ ঘনত্ব মানেই যেন দারিদ্র্য, রোগ এবং সম্পদের অবক্ষয়ের সমার্থক—এমনটা মনে করা হতো। আর এটিকে দেখা হতো জনস্বাস্থ্য, প্রকৃতি এবং মানবতার জন্য হুমকি হিসেবে।
জনসংখ্যা নিয়ে উদ্বেগ, অর্থাৎ জনঘনত্ব বাড়ার কারণে দূষণের মাত্রা বাড়া আর সামাজিক অবক্ষয়ের বিষয়টি পুরো বিংশ শতাব্দীজুড়ে নগর পরিকল্পনার দর্শনকে প্রভাবিত করেছে। এর আগে ১৮ শতকের শেষ দিকে টমাস ম্যালথুস নামের একজন ইংরেজ যাজক ও অর্থনীতিবিদ একটি তত্ত্ব উপস্থাপন করেন, যা ছিল জনঘনত্ব বৃদ্ধির বিরোধী। তিনি বলেন, খাদ্য সরবরাহ বৃদ্ধির হারের তুলনায় জনসংখ্যা বাড়ার হার অনেক বেশি, যতক্ষণ না বিপর্যয়ের কারণে জনসংখ্যা কমে।
জনসংখ্যার ঘনত্ব নিয়ে আতঙ্ক ও মহামারির আশঙ্কায় ১৯ শতকে পশ্চিমা নগরে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা, গণপরিসর এবং পরিকল্পিত আবাসন গড়ে তোলার পাশাপাশি পরিকল্পনা-পেশাজীবীরা জনঘনত্ব নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি তৈরি করেন। ভবন বা দালানের মধ্যবর্তী স্থানে আলো-বাতাস প্রবেশের জন্য ‘সেটব্যাক’-এর নিয়ম করা হয়। এ ছাড়া ‘ফ্লোর এরিয়া রেশিও’র মাধ্যমে একটি জমিতে ভবনের আয়তন এবং এতে মোট বসবাসকারীর সংখ্যা নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ সমাজসংস্কারক ও নগর পরিকল্পনাবিদ স্যার এবেনজার হাওয়ার্ড গত শতকের শুরুতে ‘গার্ডেন সিটি মুভমেন্ট’ প্রস্তাব করেন, যা ছিল ছোট ছোট স্যাটেলাইট টাউন তৈরি করে মানুষকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। গণপরিবহন বা ট্রেনের মাধ্যমে স্যাটেলাইট টাউনগুলো একটি মূল শহরের সঙ্গে সংযুক্ত রাখার কথা ভেবেছিলেন হাওয়ার্ড। ঔপনিবেশিক-পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের সব সমস্যার সমাধান করবে না, তবে এটি ছাড়া আমাদের কোনো সমস্যারই সমাধান করা যাবে না।’
আশির দশকে বাংলাদেশে নগরায়ণ ত্বরান্বিত হওয়ার সময় আমরা পশ্চিমা দেশগুলোর পরিকল্পনার ধারণা অনুসরণ করতে শুরু করি। সেসব পরিকল্পনায় উচ্চ জনঘনত্বকে দেখা হয়েছে একটি বোঝা বা আতঙ্ক হিসেবে। দক্ষিণ এশিয়ার নগর বাস্তবতাকে এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়নি। পশ্চিমা দেশগুলো যেমন জনঘনত্বকে ভয় পেয়েছিল, তেমনি আমরা বিষয়টি আমলে নিতে গিয়ে বরং দুটি স্তরে ব্যর্থ হয়েছি। আমরা অতিরিক্ত জনসমাগম এবং জনঘনত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারিনি।
অতিরিক্ত জনসমাগম জনস্বাস্থ্যগত সমস্যা তৈরি করলেও জনঘনত্ব বেশ কিছু সম্ভাবনার দ্বার খুলে দেয়। অনেক মানুষকে যদি পরিকল্পনার আওতায় এনে উচ্চ ঘনত্বে বসবাস করানো যায়, তাহলে সব ধরনের নগর সম্পদের সুষম এবং ন্যায়ভিত্তিক ব্যবহার, সাশ্রয়ী জীবনমান, আর অর্থনৈতিক গতিশীলতা অর্জন করা সম্ভব। একে অন্যের প্রতি সহমর্মী, সহানুভূতিশীল ও পারস্পরিক সৌহার্দ্যনির্ভর সমাজ গড়ার সুযোগ তৈরি হয়। আমরা এটি এখনো উপলব্ধি করিনি।
দ্বিতীয়ত, টেকসই জীবনযাপনের স্তম্ভ হিসেবে জনঘনত্বের গুরুত্বকে বিবেচনা করার বিষয়টি এখনো আমাদের পরিকল্পনা-নীতিতে অন্তর্ভুক্ত হয়নি। অথচ জনঘনত্বই হয়ে উঠতে পারে সম্পদ। এ ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, জনঘনত্ব মানেই ঘিঞ্জি পরিবেশ বা গাদাগাদি করে বসবাস নয়। জনঘনত্বকে উপযুক্ত উপায়ে কাজে লাগিয়ে টেকসই ও বাসযোগ্য নগর গড়া সম্ভব। কোপেনহেগেন, বার্সেলোনাসহ ইউরোপের অনেক শহর জনঘনত্বের দর্শন নিয়েই একবিংশ শতাব্দীতে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। শহরের কম কার্বন ফুটপ্রিন্ট মানে হচ্ছে, বেশির ভাগ নগরবাসী কাছাকাছি উচ্চ জনঘনত্বে বসবাস করবে, যাতে অনেক জ্বালানি তেল পুড়িয়ে কর্মস্থলে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সব নগর সেবা পাওয়া যাবে হেঁটে যাওয়ার দূরত্বে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আজকে উচ্চ জনঘনত্বকে দেখা হচ্ছে একটি শক্তি হিসেবে।
আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হলো, ‘স্মার্ট ডেনসিটি’। এটি এমন একটি উন্নয়ন মডেল, যা একজন মানুষকে তার কর্মক্ষেত্রের কাছাকাছি বসবাসের সুযোগ দেবে, সন্তানের স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বাজারে যাতায়াত সহজ করে দেবে। এতে ব্যক্তিগত গাড়ি বা মোটরচালিত যানের ওপর নির্ভরশীলতা কমবে। টেকসই জনঘনত্বে পরিণত হওয়ার অন্যতম উদাহরণ হলো, দৈনন্দিন কার্যকলাপ সম্পাদনে হেঁটে, মেট্রোরেলে অথবা পাবলিক বাসে যাতায়াত করা, যা অর্থ সাশ্রয় করবে, স্বাস্থ্যকর ও গতিশীল জীবনযাত্রা এনে দেবে।
জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই সময়ে এসে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিভিন্ন লক্ষ্য অনুযায়ী পরিবেশ-প্রকৃতি বাঁচাতে পশ্চিমা বিশ্বের দেশগুলো জনঘনত্বকে নতুন করে মূল্যায়ন করছে। কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি অপচয় রোধ ও বর্জ্য কমাতে অনুভূমিক সম্প্রসারণ থেকে সরে আসছে তারা। এর পরিবর্তে স্থান করে নিচ্ছে কমিউনিটিনির্ভর স্থাপত্য-পরিকল্পনা। স্বল্প জায়গায় অধিক মানুষের আবাসনের পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের সেবা বা ‘অ্যামেনিটিজ’ যুক্ত হচ্ছে, যার মাধ্যমে মানুষের পারস্পরিক যোগাযোগ ও ভাবের আদান-প্রদান বাড়ছে। এ ধরনের অন্তর্ভুক্তিমূলক সমাজে নানা সমস্যায় উঠে আসছে সৃজনশীল সমাধান; পাশাপাশি উপযুক্ত গণপরিবহনব্যবস্থা, বাইসাইকেল ও পথচারীবান্ধব ফুটপাত নগরকে করছে আরও বাসযোগ্য। যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমেছে। এতে করে যেমন যানজট কমার পাশাপাশি কমে আসছে পরিবেশ দূষণের মাত্রা। জনঘনত্বের সুষম বণ্টনের এ ধারণাই হলো ‘স্মার্ট ডেনসিটি’, সামগ্রিকভাবে যা মানুষ, প্রকৃতি ও অর্থনীতির জন্য মঙ্গলজনক।
নিউইয়র্কের ম্যানহাটনের জনঘনত্ব প্রতি বর্গমাইলে ৭০ হাজার। এটি যুক্তরাষ্ট্রের যেকোনো এলাকার ক্ষেত্রে সর্বোচ্চ। এই জনঘনত্বই ম্যানহাটনের শক্তি। পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। যেখানে শক্তিশালী অর্থনীতি, জাতিগত বৈচিত্র্য, উদ্যোক্তা-সংস্কৃতি, স্বাচ্ছন্দ্যে ব্যবহারযোগ্য গণপরিবহন এবং সুশাসন বিদ্যমান। শহরটি পথচারীবান্ধব। হেঁটে পরিভ্রমণ করা যায়। অন্যদিকে সেখানে ব্যক্তিগত গাড়ির মালিক হওয়া বেশ ঝঞ্ঝাটের বিষয়, যা মানুষকে গাড়ি কেনার ব্যাপারে নিরুৎসাহিত করে। এখন টোকিও, সিঙ্গাপুর, হংকং এবং লন্ডনের চিত্রও প্রায় একই।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের জীবনধারা গড়ে তোলার জন্য বেশ কিছু মানসিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। এ জন্য প্রয়োজন নতুন প্রজন্মের সাহসী উদ্যোগ ও নতুন নগর নীতি। সম্পদ প্রদর্শনের মনোভাব-তাজমহল-সদৃশ বাড়ি বা চকচকে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। শহরের বর্জ্য ব্যবস্থাপনার দিকে খেয়াল না রেখে শুধু নিজের প্লটের ভেতরে দেয়ালে ঘেরা তাজমহল তৈরি করতে চাওয়া স্রেফ স্বার্থপরতা।
প্রশ্ন হলো, আমরা কীভাবে ‘স্মার্ট ডেনসিটি’র জীবনধারা গড়তে সবাইকে উৎসাহ জোগাব? কিছুটা ভাবলেই উত্তর পাওয়া যায়, যেমন প্রতিদিন কর্মক্ষেত্র বা অন্যান্য স্থানে যাওয়ার পথে হাঁটার অভ্যাস করলে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসমস্যা থেকে দূরে থাকা সম্ভব। মানুষকে হাঁটার ব্যাপারে উৎসাহী করতে হলে শহরে নিরাপদ, প্রশস্ত ও আকর্ষণীয় ফুটপাত নির্মাণ করা জরুরি। মানুষ আরামদায়ক ও নিরাপদ গণপরিবহন ব্যবহারের সুযোগ পেলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে; এতে করে জ্বালানি তেল পোড়া তথা দূষণ কমার পাশাপাশি সংসার বা পরিবারের মাসিক খরচ কমে আসবে।
প্লটভিত্তিক স্থাপনার ধারণা থেকে বেরিয়ে এসে ওয়ার্ড বা মহল্লাভিত্তিক পরিকল্পনার দর্শনকে নগর নীতিতে পরিণত করতে হবে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং নয়, হাউসিং এস্টেট তৈরি করতে হবে, যেখানে পরিকল্পিত স্বাস্থ্যসম্মত আবাসনের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মার্কেট, কমিউনিটির স্থান, গাছগাছালিঘেরা চত্বর ইত্যাদি থাকবে।
এভাবে সুষ্ঠু ও সংবেদনশীল পরিকল্পনার মাধ্যমে উচ্চতর উৎপাদনশীলতা অর্জন, সচল ও সক্রিয় শ্রমবাজার তৈরি করা ও উচ্চমানের পুঁজি গঠন করা সম্ভব। গবেষণায় দেখা গেছে, কাছাকাছি থাকার মাধ্যমে প্রতিযোগিতামূলক উদ্যোক্তা-মানসিকতা গড়ে ওঠে ও সে বিষয়ে ভাবের আদান-প্রদানের সম্ভাবনা বাড়ে।
ঢাকা এবং বাংলাদেশের আরও কয়েকটি শহরে জনসংখ্যার উচ্চ ঘনত্ব রয়েছে। কিন্তু এদের অবস্থান এখনো ‘কাঁচামাল’ পর্যায়ে। সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক দিয়ে লাভবান হতে হলে এই জনঘনত্বকে কাজে লাগাতে হবে। বর্ধিত জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে, বরং একে সম্পদে রূপান্তর করতে হবে। নীতিনির্ধারক, নগর প্রশাসক ও পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিরা মিলে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। জাতিসংঘের সাবেক ডেপুটি সেক্রেটারি জেনারেল জ্যান এলিয়াসন বলেছিলেন, ‘টেকসই উন্নয়নের যুদ্ধের হার-জিত নির্ভর করছে নগরে।’ আমি এতে একমত, তবে এই বক্তব্যের মূল বিষয়টি সম্প্রসারণ করা প্রয়োজন। অর্থাৎ এই ‘হার-জিত’ নির্ভর করছে কীভাবে আমরা জনঘনত্বকে কাজে লাগাব—তার ওপর।
ড. আদনান জিল্লুর মোর্শেদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিংয়ের অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজমের নির্বাহী পরিচালক।