সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীসেবা পরিবহনের একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে
সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীসেবা পরিবহনের একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে

মতামত

নাশকতাই কি আওয়ামী লীগের রাজনীতির শেষ আশ্রয়

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কোন মাত্রায় নাশকতা করতে সক্ষম, তার একটা নজির কয়েক দিন ধরে আমরা দেখে যাচ্ছি। এই নাশকতার সম্ভাব্যতা এতই অনুমেয় ছিল যে কোনো সচেতন পর্যবেক্ষকের জন্যই এতে অবাক হওয়ার কিছু নেই।

বিশেষত, ডিসেম্বর ঘিরে যে ধরনের উত্তেজনা আওয়ামী লীগের সমর্থকেরা চালিয়ে আসছিলেন, তা সাম্প্রতিক পাসপোর্টের আবেদনের সংবাদ সামনে আসার পর তুঙ্গে ওঠে।

এখন পর্যন্ত আওয়ামী লীগের যত নাশকতা দেখা যাচ্ছে, যেমন ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া—এগুলো একদিক থেকে এখানকার রাজনৈতিক সংস্কৃতিতে খুব সাধারণ ঘটনা। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ দলীয়ভাবে এ ধরনের কর্মকাণ্ডের আশ্রয় নেবে, এমন অনুমানও ছিল। আবার যেভাবে ঘোষণা দিয়ে লাইভে এসে আগুন দেওয়া বা নাশকতা করা হচ্ছে, তা–ও ‘কৌশলগত’ দিক থেকে গত দুই বছরের সবচেয়ে সাধারণ প্রবণতায় পরিণত হয়েছে। কিন্তু এসবের বাইরে আওয়ামী লীগের এই সহিংসতা দুটো বিষয় একেবারে স্পষ্ট করে তুলছে।

আওয়ামী লীগ তাদের নাশকতার টার্গেট হিসেবে যা যা বেছে নিচ্ছে, যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তিকে টার্গেট করছে, তাতে স্পষ্ট যে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত, পরবর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা এনসিপি-সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এমন ব্যক্তিদের প্রতিই মূল ক্ষোভ।

একের পর এক গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়া, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া, এনসিপির সাবেক নেত্রী সামান্তা শারমিনকে হুমকি দেওয়া, জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর শ্রীমঙ্গলে আক্রমণ করা—এসবই এর সাক্ষ্য।

আওয়ামী লীগ তাদের এই নির্ধারিত ক্ষোভ আগেও জানিয়েছে। দেশের ভেতরে না পারলেও বিদেশের মাটিতে গত দুই বছরে বারবার অভ্যুত্থান বা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর আক্রমণ করে আওয়ামী লীগ তাদের সুনির্দিষ্ট ‘টার্গেট’ বিষয়ে জানান দিয়েছে।

আওয়ামী লীগের এই নাশকতাকে কেবল আসন্ন ডিসেম্বরের ‘প্রাক্‌-প্রস্তুতি’ হিসেবে চিহ্নিত করলেও ভুল হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও এটাকে মোকাবিলা করা সম্ভব হবে না। বরং এটা খোদ আমাদের রাজনৈতিক মহল ও বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তকেই ঠিক করতে হবে কীভাবে আওয়ামী লীগের প্রশ্নকে মোকাবিলা করবেন। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্যই এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

সাম্প্রতিক নাশকতায় বিএনপির নেতৃত্বও বিভিন্ন স্থানে আক্রান্ত হচ্ছেন। গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে বিএনপির তিন নেতা নিহত হয়েছেন। কিন্তু অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্তদের ওপর লীগের বিশেষ ক্ষোভও লুকানো নেই। সম্প্রতি যুক্তরাজ্যে নাহিদ ইসলামের সফর কেন্দ্র করে এনসিপির ওপর লীগের হামলাও এটা প্রমাণ করে।  

দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এটাও পরিষ্কার যে আওয়ামী লীগ এখন তাদের রাজনীতি হিসেবে কেবল ‘সহিংসতা’কেই বেছে নিচ্ছে। অর্থাৎ, প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা রাজনীতি গড়ে তোলার ইচ্ছা বা সক্ষমতা বা নেতৃত্ব বা বৈধতা—কোনোটাই এ মুহূর্তে তাদের নেই। ফলে নিখাদ প্রতিশোধপরায়ণ সহিংসতা ব্যতীত তাদের কাছে প্রকাশ্যে আর কোনো রাজনীতি নেই।

যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের সামনের সারির প্রায় পুরোটাই বিদেশে ‘নিরাপদ’ আশ্রয়ে আছেন, সেহেতু এই সহিংসতা সামনের সারির নেতাদের কোনো ধরনের শারীরিক ক্ষতির কারণও হবে না। এর পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়ার পুরোটা পড়বে দেশের ভেতরে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা

চব্বিশের পর লীগের মাঠপর্যায়ের নেতাদের মধ্যে যে হতাশা ছড়িয়ে পড়ছিল, সেটা কাটিয়ে ওঠার টনিক হিসেবেও এই সহিংসতা কাজ করবে। পাশাপাশি আওয়ামী লীগ এই সহিংসতাকে তাদের মাঠের রাজনীতির ‘সক্ষমতা’র প্রমাণ হিসেবে হাজির করতে চাইছে।

এই দুই দিকটাই দল হিসেবে আওয়ামী লীগের চরম ‘সহিংস’ ও ‘ফ্যাসিবাদী’ চরিত্রকেই তুলে ধরছে। শুধু ক্ষমতাসীন আকারেই নয়, যখন ক্ষমতার বাইরে, তখনো তাদের সহিংস আচরণ অটুট আছে। এটা তাদের সহিংস আচরণ স্পষ্ট করার পাশাপাশি আওয়ামী লীগের ‘রাজনীতিহীনতা’কেও স্পষ্ট করে।

অন্যভাবে বলা যায়, আওয়ামী লীগ এখনো জুলাই বা জুলাই-পূর্ববর্তী তাদের রাজনীতি নিয়ে কোনো ধরনের পর্যালোচনায় যেতে সক্ষম নয়। চব্বিশের জুলাই-আগস্ট মাসে আওয়ামী লীগ যে সহিংসতা করেছে, তারা এখনো এই পথটাকেই সঠিক পথ বলে মনে করে। যে সহিংসতার জন্য জনগণ তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে, সেই সহিংসতাকে তারা ‘রাজনীতির’ একমাত্র অবলম্বন বানিয়ে তুলছে।

এর পাল্টা প্রতিক্রিয়াও হচ্ছে। এই নাশকতা আওয়ামী লীগের বিরুদ্ধে বাদবাকি রাজনৈতিক দলগুলোর অবস্থানকে আরও কঠোর অবস্থানের দিকেই ঠেলে দিচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাসায়ও এর প্রতিক্রিয়ায় আগুন দেওয়া হয়েছে। এনসিপিসহ জুলাই গণ-অভ্যুত্থানের নেতারা বিভিন্ন সময় লীগ সম্পর্কে যে ‘ভয়’ প্রকাশ করতেন, আওয়ামী লীগ আসলে সেই ভয়টাকেই প্রচার ও প্রসার করতে চাইছে। বিভিন্ন জায়গায় হামলার পর লীগের সমর্থকগোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে যখন ‘ভয় পাচ্ছেন?’—এ ধরনের ক্যাম্পেইন চালায়, তাতে এই মনোবাসনাই পরিষ্কার হয়।

এর মাধ্যমে যা হচ্ছে বা হতে যাচ্ছে, সেটাই সম্ভবত আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। এই নাশকতা–পাল্টা নাশকতা দিন শেষে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে তুমুল ‘পোলারাইজেশন’ বা মেরুকরণের মধ্যে ফেলছে এবং পুরো রাজনৈতিক পরিসরকে ক্রমাগত দুটি মেরুর দিকেই ভাগ করছে। এর অনিবার্য পরিণতি হচ্ছে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিতিশীলতা।

এটা যেমন ভঙ্গুর গণতান্ত্রিক যাত্রা ও ন্যূনতম স্থিতিশীলতার শর্তগুলোকেও ধ্বংস করে দেবে, তেমনই জনগণের মধ্যে, অর্থাৎ সমাজের ভেতরে নতুন করে টানাপোড়েন তৈরি করবে। ক্রমাগত ‘ভয়’ ও ‘অনিশ্চয়তা’ জনগণকেও সহিংস করে তুলতে পারে।

এখানে আসলে সরকারকেই দায়িত্ব নিতে হয়। গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় যে নাশকতা হচ্ছে, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে একধরনের উসকানিও বটে। সরকার যদি কঠোর বলপ্রয়োগ করে এবং যদি কোনোভাবে রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রাণহানির ঘটনা ঘটে যায়, তা দ্রুত রাজনৈতিক ‘ভাষা’ পেয়ে যাবে। ফলে এটা এখনো ইতিবাচক যে সরকার এ ধরনের উসকানিতে এখনো পা দেয়নি।

কিন্তু এতটুকু দিয়ে অন্যান্য ক্ষেত্রে সরকারের ব্যর্থতাও কোনোভাবে আড়াল করা যাবে না। সরকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না, এটা খুলনা নিয়ে সাম্প্রতিক মূলধারার সব গণমাধ্যমের মূল শিরোনামগুলো দেখলেই আমরা টের পাই। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে যাচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে; অন্যদিকে যাবতীয় পরিসংখ্যান এর বিপরীতে সাক্ষ্য দিচ্ছে।

ময়মনসিংহের তারাকান্দায় রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়।

কিন্তু পরিস্থিতিকে অস্বীকার করা তো পরিস্থিতির উন্নতি ঘটাবে না, উল্টো নাগরিকের প্রাত্যহিক অভিজ্ঞতার বিপরীতে এহেন মন্তব্য নাগরিকের প্রতি অবজ্ঞাসুলভ বলে বিবেচিত হতে পারে।  

সরকারের অক্ষমতা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রেও স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। শ্রমিকেরা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু মজুরি বোর্ডের সভাও পেছানো হচ্ছে।

যেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যেভাবে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, সেখানে সাম্প্রতিক সরকারি বেতনকাঠামো পরিবর্তনের পর এমন আন্দোলনের আগাম বার্তা সরকারের কাছে থাকাটাই স্বাভাবিক ছিল। জীবনযাপনের ব্যয়বৃদ্ধির প্রতিক্রিয়া যে এভাবে দেখা দেবে, তা অবশ্যই সরকারের নীতিনির্ধারকদের বিবেচনায় রাখা দরকার ছিল।

কিন্তু সরকার শুরুতে পুরো আন্দোলনকে আওয়ামী লীগের ইন্ধন হিসেবে দেখানোর চেষ্টা করে গেল। সরকারের অব্যবস্থাপনা বা যেকোনো আন্দোলনের সুযোগ নেওয়ার চেষ্টা যেকোনো রাজনৈতিক অংশই করবে, এটাই স্বাভাবিক। বরং ন্যায্য আন্দোলনের পেছনে মরিয়া হয়ে ‘ইন্ধনদাতা’ খুঁজতে গেলে উল্টো ‘ইন্ধনদাতার’ই ন্যায্যতা উৎপাদন করে ফেলা হয়।

একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যদিকে অর্থনৈতিক পরিস্থিতি—এই দুটো সামলাতে সরকারের ব্যর্থতার সঙ্গে যখন আওয়ামী লীগের নাশকতা যুক্ত হচ্ছে, তখন দিন শেষে নাগরিকের হাল হচ্ছে বেহাল। কিন্তু এটাও মনে রাখা দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ক্ষমতাসীন দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা লীগের নাশকতার জন্য জমিনও প্রস্তুত করে দিয়েছে। যখন তারা টের পাচ্ছে যে এই দখলবাজি-ভাঙচুর স্বাভাবিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে, তখন এমন নাশকতা করাটাও আরও সহজ হচ্ছে।

কিন্তু আওয়ামী লীগের এই নাশকতাকে কেবল আসন্ন ডিসেম্বরের ‘প্রাক্‌-প্রস্তুতি’ হিসেবে চিহ্নিত করলেও ভুল হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও এটাকে মোকাবিলা করা সম্ভব হবে না। বরং এটা খোদ আমাদের রাজনৈতিক মহল ও বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তকেই ঠিক করতে হবে কীভাবে আওয়ামী লীগের প্রশ্নকে মোকাবিলা করবেন। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্যই এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

  • সহুল আহমদ লেখক ও গবেষক
    *মতামত লেখকের নিজস্ব