বিশেষ সাক্ষাৎকার: এ কে আজাদ

রাজনৈতিক সংঘাত হলে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবে

এ কে আজাদ। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি। ২০১৮-১৯ অর্থবছরে সর্বোচ্চ পণ্য রপ্তানির জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছেন। রপ্তানিমুখী শিল্পকারখানা ও সংবাদপত্রের সমস্যা, সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন অন্যতম শীর্ষস্থানীয় এই শিল্পোদ্যোক্তা।

সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান

এ কে আজাদ
প্রশ্ন

সর্বোচ্চ পণ্য রপ্তানির জন্য আপনার প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস বঙ্গবন্ধু শেখ মুজিব ট্রফি পেয়েছে। এ জন্য আপনাকে অভিনন্দন। এ মুহূর্তে শিল্প খাতের প্রধান সমস্যা কী?

এ কে আজাদ: আপনাকে ধন্যবাদ। এ মুহূর্তে শিল্প খাতের প্রধান সমস্যা জ্বালানির ঘাটতি। বাংলাদেশে যে রপ্তানিমুখী শিল্পকারখানা গড়ে উঠেছে, তার মূল ভিত্তি ছিল গ্যাসসম্পদ। গ্যাস থেকে আমরা সহজে বিদ্যুৎ পেয়েছি। সরকার কম দামেই সেটি সরবরাহ করেছে। মোট বিদ্যুতের ৪২ শতাংশ উৎপাদন হয় সরকারি বিদ্যুৎকেন্দ্রে, ১৭ শতাংশ ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে। এর বাইরে গ্যাসের ১৩ শতাংশ ব্যবহৃত হয় বাসাবাড়িতে, ৪ শতাংশ সিএনজি কেন্দ্রগুলোতে এবং ১ শতাংশ চা-বাগানে।

প্রশ্ন

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আমদানি কতটা কমেছে? ঘাটতি পূরণ করছেন কীভাবে?

এ কে আজাদ: দীর্ঘমেয়াদি চুক্তিতে যে জ্বালানি আসার কথা আছে, সেটা আসছে। কিন্তু স্পট মার্কেট থেকে যে এলএনজি কেনা হতো, তা বন্ধ আছে। অনেক শিল্পকারখানা ২৪ ঘণ্টা চালু রাখতে হয়, যেমন সিরামিক কারখানা, স্পিনিং মিল, ডায়িং ইত্যাদি। গ্যাসসংকটের কারণে এখন ১২ ঘণ্টা চালু রাখতে হচ্ছে। ফলে পণ্যের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। দিনের বেলা পাঁচ–ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে। জেনারেটর ব্যবহার করে সেটা আমরা সামাল দিচ্ছি। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের বাজারে মন্দা চলছে। আমাদের রপ্তানিপণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ কমেছে।  কারখানা চালু রাখার জন্য আমরা যে ক্রেতা যেই দাম অফার করছে, আমরা সেটা গ্রহণ করছি। এর ফলে আমরা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আছি।

প্রশ্ন

কিন্তু যুক্তরাষ্ট্রে তো রপ্তানি বাড়ছে।

এ কে আজাদ: সেখানেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের ৭১ শতাংশ মানুষ বাজেট কমিয়ে দিয়েছে এবং মেয়াদোত্তীর্ণ খাবার খাচ্ছে। এরাই কিন্তু আমাদের মূল ক্রেতা। জ্বালানিসংকটের কারণে দেশে তৈরি পোশাকের উৎপাদন কমে গেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পণ্যের দাম ও চাহিদা দুই–ই কমেছে। অন্যদিকে ডলার–সংকটের কারণে শিল্পের কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে। সে দিক থেকে বলতে পারেন, আমরা ত্রিমুখী চাপের মধ্যে আছি।

প্রশ্ন

এই সংকট থেকে উত্তরণের উপায় কী?

এ কে আজাদ: সংকট থেকে উত্তরণের জন্য আমরা সরকারকে বলেছি, বেশি দাম দিয়ে হলেও জ্বালানি আমদানি করা হোক। এফবিসিসিআই সভাপতিও বলেছেন। আর ডলার–সংকট মোকাবিলায় এখানকার বিদেশি ব্যাংকগুলো এক বছরের জন্য ঋণ দিতে চাইছে। দুটি ব্যাংক এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা বলেছে। আমরা মনে করি, এই সুযোগ গ্রহণ করা উচিত।

প্রশ্ন

কিন্তু সরকার এই প্রস্তাব গ্রহণ করছে না কেন?

এ কে আজাদ: সরকার হয়তো ভাবছে সুদের হার বেশি। তা ছাড়া আইএমএফের আপত্তির কথাও শুনেছি। বাংলাদেশ থেকে যেসব বড় প্রতিষ্ঠান তৈরি পোশাক আমদানি করছে, তারা এখনই জানতে চাইছে পাঁচ–ছয় বছর পর যখন বাংলাদেশে গ্যাসের মজুত থাকবে না, তখন কি আমরা কারখানা চালু রাখতে পারব? তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারব? যদি না পারা যায়, তারা নতুন বাজার দেখবে। এই ক্রেতারা কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছে এবং এখানেই ব্যবসাটা অব্যাহত রাখতে চায়। পাঁচ–ছয় বছর পর গ্যাসের মজুত ফুরিয়ে গেলে পুরো জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়বে। সেই অবস্থায় শিল্পকারখানায়  জ্বালানি সরবরাহ করার সক্ষমতা থাকবে কি না?

প্রশ্ন

গ্যাসসম্পদ ফুরিয়ে যাওয়ার কথা তঁারা বলছেন কিসের ভিত্তিতে? জ্বালানিবিশেষজ্ঞরা তো মনে করেন, এখনো বাংলাদেশের স্থল ও সমুদ্রের উপকূলে প্রচুর গ্যাস আছে। সরকার তা অনুসন্ধান ও আহরণের চেষ্টা করছে না। এমনকি ভোলায় উত্তোলিত গ্যাসও তো পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।

এ কে আজাদ: বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পেরেছি, সমুদ্র উপকূলে গ্যাস আছে। বঙ্গোপসাগরে মিয়ানমার অনুসন্ধান করে ভালো ফল পেয়েছে। ভারতও পেয়েছে। আমাদেরও উচিত দ্রুত অনুসন্ধান করা। সমুদ্র উপকূলে গ্যাস পেলে জ্বালানিসংকট লাঘব হতে পারে। কিন্তু সেসব ভবিষ্যতের কথা। এ মুহূর্তে আমাদের আমদানি করেই ঘাটতি মেটাতে হবে। ভোলার গ্যাসের ব্যাপারে সরকার বলেছে তিন মাসের মধ্যে এটি বিতরণ করতে পারবে। কিন্তু তাতেও চাহিদা মিটবে না; সাময়িক স্বস্তি দিতে পারে। বাংলাদেশ থেকে ৫০০ মিলিয়ন ডলারের পণ্য কেনে, লিয়ান ফোমে নামের এমন একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চেয়েছেন, গ্যাসসংকট আমরা কীভাবে মোকাবিলা করব? তাঁরা জিজ্ঞাসা করেছেন, আমরা তৃতীয় কোনো দেশে বিনিয়োগ করতে রাজি আছি কি না, যেখান থেকে তারা পণ্য কিনতে পারবে।

প্রশ্ন

সরকার তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে যে ১ শতাংশ উৎসে কর কেটে নেয়, আপনি সেটা কমাতে বলেছেন। এ দাবি কতটা যৌক্তিক?

এ কে আজাদ: আমরা যে পণ্য রপ্তানি করি, তার মোট দামের ওপর ১ শতাংশ উৎসে কর কেটে নেওয়া হয়। একটি উদাহরণ দিই, ১০ ডলারে একটি প্যান্ট রপ্তানি করা হলো। সরকার ১ শতাংশ হারে উৎসে কর কেটে নিচ্ছে। কিন্তু এই ১০ ডলার তো আমার আয় নয়। এর মধ্যে কাপড়ের দাম আছে, শ্রমিকের মজুরি আছে। আমি হয়তো ২৫ শতাংশ লাভ করলাম। সরকার এই ২৫ শতাংশের ওপর উৎসে কর নিক। এখন সরকার ১ শতাংশ উৎসে কর নেওয়ার কথা বললেও বাস্তবে নেওয়া হচ্ছে ৪ শতাংশ। এখানেই আমাদের আপত্তি।

প্রশ্ন

রপ্তানির বিপরীতে আপনারা যে প্রণোদনা পেতেন, সেটা তো অব্যাহত আছে?

এ কে আজাদ: হ্যাঁ, প্রণোদনা অব্যাহত আছে। এটা ভালো দিক।

প্রশ্ন

ট্রফি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রপ্তানিমুখী শিল্পের সমস্যা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিগগিরই বসবেন। এর আগেও আপনারা বসেছেন। আপনাদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে কি?

এ কে আজাদ: আমরা বলেছি, এটা জাতীয় সংকট। সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলা করতে হবে। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কম নয়। শিল্প খাতকে সবল করতে সরকার কোনো পদক্ষেপ নিলে তার সুবিধা দেশের সব মানুষই পাবে। রাতারাতি আমরা গ্যাসের সরবরাহ বাড়াতে পারব না। সে ক্ষেত্রে সরকার দুটো কাজ করতে পারে—সিএনজি স্টেশনগুলোতে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে, তা শিল্পকারখানায় ডাইভার্ট করতে পারে। আরেকটি হলো বাসাবাড়িতে বর্তমানে ১৩ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা জাতীয় অর্থনীতি কিংবা কর্মসংস্থানে কোনো ভূমিকা রাখছে না। এই সংকটকালে সরকার বাসাবাড়ি ও সিএনজি স্টেশনের গ্যাসশিল্প খাতে নিয়ে সরিয়ে নিলে শিল্পকারখানাগুলো রক্ষা পেতে পারে। এমনকি ৫ শতাংশ গ্যাস সরবরাহ বাড়াতে পারলেও কারখানাগুলো চালু রাখা যায়। আমরা বলেছি, মাননীয় মন্ত্রী, আপনি বসুন। শিল্প খাতের সমস্যা সমাধানে আমাদের প্রস্তাবগুলো আমলে নিন। 

প্রশ্ন

বিভিন্ন সংবাদমাধ্যমে বিদেশে অর্থ পাচারের খবর আসছে। অভিযোগ আছে ব্যবসায়ীরা ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ পাচার করেছেন। একজন ব্যবসায়ী নেতা হিসেবে এ অভিযোগের জবাবে কী বলবেন?

এ কে আজাদ: টাকা তো পাচার হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষে এটা মনিটরিং করাও সম্ভব নয়। মনিটরিং করার মতো লোকবল না থাকা কিংবা অর্থ মন্ত্রণালয়ের চাপে হোক, তারা কাজটি করতে পারছে না। এ কারণেই আমরা বলেছি, ব্যাংকিং কমিশন করা হোক। ব্যাংকিং কমিশন গঠন না করা পর্যন্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে আসবে না। অর্থ পাচার হচ্ছে কিন্তু পাচার রোধ করার দায়িত্ব যাদের, তারা সেটি পালন করতে পারছে কি না, সেটাও প্রশ্ন। কিছু প্রভাবশালী ব্যক্তি এর পেছনে আছে বলেই পাচারকারীরা পার পেয়ে যাচ্ছেন। আমদানি-রপ্তানির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলে বিদেশে অর্থ পাচার বন্ধ করা সম্ভব।

প্রশ্ন

আপনি একজন শিল্পপতি। আবার ব্যাংকেরও মালিক। এই দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। কীভাবে সামাল দেন?

এ কে আজাদ: আমি এখানে স্বার্থের দ্বন্দ্ব দেখি না। ব্যাংক তার আইনানুযায়ী কাজ করবে, শিল্পোদ্যোক্তা শিল্পের আইন মেনে চলবেন। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাংক অনেক ঋণগ্রহীতার সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করে থাকে। বিশেষ করে ছোট ও মাঝারি ঋণগ্রহীতাদের সঙ্গে। ছোট ব্যবসায়ীরা চাইলেই অন্য ব্যাংকে যেতে পারেন না। ব্যাংকগুলোকে জবাবদিহির মধ্যে আনতে না পারলে শিল্প খাতের বিকাশ ঘটবে না। ছোট ও মাঝারি কারখানাই  দেশে বেশি কর্মসংস্থান করছে। আবার এগুলো ঋণ নিতে গিয়ে বেশি হয়রানিরও শিকার হচ্ছে। সরকারি ব্যাংকগুলোর দুরবস্থার কারণ রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব বন্ধ না হলে ব্যাংকগুলো টিকিয়ে রাখা কঠিন হবে। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলো এখানে ভালো ব্যবসা করছে। তাদের নন পারফর্মিং ঋণের পরিমাণ ১ শতাংশ। তাদের ওপর রাজনৈতিক প্রভাব নেই বলেই এটা সম্ভব হচ্ছে। বেসরকারি দেশীয় ব্যাংকগুলোর ননপারফরমিং ঋণের পরিমাণও কম। সরকারি ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি। এতগুলো সরকারি ব্যাংকেরও প্রয়োজন কী?

প্রশ্ন

রপ্তানিমুখী শিল্প ও ব্যাংকিং খাতের সমস্যা নিয়ে কথা বললেন। নোয়াবের সভাপতি হিসেবে বলুন, সংবাদপত্রশিল্পের অবস্থা কী?

এ কে আজাদ: সংবাদপত্রের বড় সমস্যা হলো এর উৎপাদন ব্যয়। বর্তমানে ১৬ পৃষ্ঠার একটি পত্রিকার উৎপাদন খরচ পড়ে ২২–২৪ টাকা। আগে এটা আরও কম  ছিল। আর একটি পত্রিকা বিক্রি করা হয় ১২ টাকায়। এর মধ্যে আমরা পাই ৬০ শতাংশ, বাকি ৪০ শতাংশ পান হকার ও এজেন্সিগুলো। বাকি খরচটা আসে বিজ্ঞাপন থেকে। আন্তর্জাতিক মন্দার কারণে বেসরকারি বিজ্ঞাপনের পরিমাণ কমে গেছে। সরকারি বিজ্ঞাপনের প্রায় ১০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। এটি আদায় করতে আমরা  তথ্যমন্ত্রীর সঙ্গে বসেছি। কোনো কাজ হয়নি। আরেকটি সমস্যা হলো দেশে উন্নত মানের কাগজ তৈরি না হওয়ায় বিদেশ থেকে কাগজ আমদানি করতে হয়। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর কাগজের দাম অনেক বেড়ে গেছে। কাগজসহ মুদ্রণশিল্পের আমদানি মূল্যের ওপর ২৪–২৫ শতাংশ ভ্যাট-কর দিতে হয়। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, এ কর প্রত্যাহার করুন। প্রতিবছর বাজেটের আগে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। কিন্তু কর-ভ্যাট কমেনি। সরকার সংবাদপত্রশিল্পকে সেবা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এসব কর প্রত্যাহার না করায় সংবাদপত্রশিল্প কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে।

প্রশ্ন

একসময় তৈরি পোশাকশিল্পে বেশি অস্থিরতা ছিল মজুরি নিয়ে। শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে ফের আন্দোলন করছেন। আপনার প্রতিক্রিয়া কী।

এ কে আজাদ: সামনের বছর আগের মজুরিকাঠামোর ৫ বছর হবে। এর মধ্যে যে মূল্যস্ফীতি ঘটেছে, সেটি বিবেচনা করে তঁাদের মজুরিও বাড়বে।

প্রশ্ন

আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সরকার ও বিরোধী দল বিপরীত অবস্থানে। একজন ব্যবসায়ী হিসেবে রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে দেখছেন?

এ কে আজাদ: আমরা চিন্তিত। এমনিতেই অর্থনীতি ঝুঁকিতে আছে। এর মধ্যে রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও নাজুক হবে। আমরা মনে করি, আলোচনার মাধ্যমেই সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের হবে। যদি দেশে সত্যি সত্যি কোনো সংঘাত দেখা দেয়, বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবে। আগে যেমন আমরা সস্তায় পণ্য সরবরাহ করতে পারতাম। এখন ভারত ও পাকিস্তানও সেটি করছে। অনেক ক্রেতা সেখানে চলে গেছে। রাজনৈতিক সংঘাত হলে তৈরি পোশাকের ক্রয়াদেশ আরও কমে যাবে। ছোট ও মাঝারি শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। বেকারত্ব বাড়বে।

প্রশ্ন

রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যবসায়ী সম্প্রদায় কোনো ভূমিকা রাখতে পারে কি?

এ কে আজাদ: এখানে ব্যবসায়ী সম্প্রদায়ের ভূমিকা রাখার খুব বেশি সুযোগ নেই। অতীতেও রাজনীতিকেরা ব্যবসায়ীদের কথা শোনেননি। এবারও শুনবেন বলে মনে হয় না। তবে আমরা আমাদের সমস্যার কথা বলতে পারি। রাজনৈতিক দলগুলো নিজ নিজ স্বার্থকেই প্রাধান্য দিয়ে থাকে। রাজনৈতিক সমস্যার শান্তিপূর্ণ সমস্যা সমাধানে সরকারের ভূমিকাই মুখ্য। ব্যবসা-বাণিজ্য সুরক্ষার পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। সংঘাত এড়াতে বিরোধী দলের সঙ্গে সংলাপ শুরু করা উচিত তাদের। বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। এ অবস্থায় কোনো পক্ষকে সংঘাতকে ‘ওয়েলকাম’ করলে সেটি কারও জন্য ভালো হবে না। এক পক্ষ বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। অপর পক্ষ বলছে, রাস্তায় থাকবে। এ অবস্থায় সংঘাত অনিবার্য। মনে রাখতে হবে, বিদেশি ব্যবসায়ীরা কিন্তু কোনো ঝুঁকির মধ্যে ব্যবসা করতে  আসবেন না। যখন সরকার ও বিরোধী দল সংঘাতের অবস্থানে চলে যায়, তখন তার প্রভাব-প্রতিক্রিয়া কেবল দেশের মধ্যেই থাকে না, বাইরেও চলে যায়

প্রশ্ন

সংবাদপত্রশিল্পে অর্থনৈতিক সংকটের কথা বলছিলেন। কিন্তু এর বাইরে আরও তো অনেক সমস্যা আছে। সংবাদপত্রের দায়িত্ব স্বাধীনভাবে তথ্য প্রকাশ করা।

এ কে আজাদ: ডিজিটাল নিরাপত্তা আইনসহ অনেকগুলো কালাকানুন আছে। যে কারণে আমরা অনেক কিছু ছাপতে পারি না। ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্রের স্বাধীনতার জন্য বড় অন্তরায়। আইনমন্ত্রী আনিসুল হক অনেকবার এই আইনের অপব্যবহার নিয়ে বলেছেন। আমরা আশা করব, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিল করে সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায় দূর করবে।

প্রশ্ন

আপনাকে ধন্যবাদ।

এ কে আজাদ: আপনাকেও ধন্যবাদ।