একজন শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণের পথে তাঁর প্রথম বড় চ্যালেঞ্জ ভর্তি পরীক্ষা। কিন্তু দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে তাঁকে কখনো উত্তর থেকে দক্ষিণে, কখনো এক বিভাগ থেকে অন্য বিভাগে ছুটতে হয়।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আবেদন, আলাদা ফি, আলাদা পরীক্ষা এবং যাতায়াত ও আবাসনের বাড়তি খরচ সামলাতে গিয়ে অনেক পরিবারের কাছে উচ্চশিক্ষার স্বপ্নই হয়ে ওঠে ব্যয়বহুল এক সংগ্রাম। অথচ এই ভোগান্তি কমানোর একটি উদ্যোগ ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা।
শিক্ষার্থীদের সময়, অর্থ ও যাতায়াতের দুর্ভোগ কমানোর লক্ষ্য নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ ভর্তি পরীক্ষার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ২৪টিতে পৌঁছায়। উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক ছিল। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই উদ্যোগ নানা টানাপোড়েনে দুর্বল হয়ে পড়েছে। একের পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ফলে প্রশ্ন উঠেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা কি সত্যিই কার্যকর করা সম্ভব নয়, নাকি এর পেছনে প্রয়োজনীয় সমন্বয় ও সদিচ্ছার অভাবই বড় বাধা?
বাস্তবতা হলো, গুচ্ছ পদ্ধতিতে কিছু সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে ভর্তি কার্যক্রম চলা, বারবার মাইগ্রেশন, আসন খালি থাকা, বিভাগ পছন্দের জটিলতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব শিক্ষার্থী ও শিক্ষকদের অসন্তোষ বাড়িয়েছে। কোথাও কোথাও ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব সমস্যাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে কোনো ব্যবস্থায় সমস্যা থাকলেই সেটি বাতিল করতে হবে, এমন যুক্তি গ্রহণযোগ্য নয়।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও শুধু নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা, নিয়মিত তদারকি এবং সমস্যার দ্রুত সমাধানে তাদের সক্রিয় ভূমিকা নিতে হবে
বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় কেন, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কিছু বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম দীর্ঘায়িত হয়। অন্যদিকে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি কার্যক্রমের ওপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারে। ভর্তি পরীক্ষার আয়, সম্মানী কিংবা প্রশাসনিক সুবিধার বিষয়েও বিভিন্ন সময়ে আলোচনা ও অভিযোগ উঠেছে। তবে সব বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে একই কারণ দিয়ে ব্যাখ্যা করা ঠিক হবে না।
এখানে বড় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রশ্নও সামনে আসে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বড় প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুচ্ছের বাইরে রয়েছে। ১৯৭৩ সালের অধ্যাদেশের আওতায় পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের স্বায়ত্তশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। তাদের ভর্তিপদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্তের অধিকার রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো উচিত নয়।
বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গুচ্ছ আছে, আবার গুচ্ছ নেই। কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে, কিছু বেরিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ নিজস্ব ভর্তিপদ্ধতিতে ফিরে যাওয়ার কথা ভাবছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ২০টি বিশ্ববিদ্যালয় রাখার কথা জানানো হয়েছে।
অথচ গুচ্ছ পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া সহজ করা এবং সময়, অর্থ ও যাতায়াতের ভোগান্তি কমানো। বিশ্ববিদ্যালয়গুলোর ভিন্নমুখী সিদ্ধান্তের কারণে সে উদ্দেশ্যই এখন প্রশ্নের মুখে। প্রতিবছর ভর্তিপদ্ধতি ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের তালিকায় পরিবর্তন শিক্ষার্থীদের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি করছে।
আমার বিবেচনায়, সব বিশ্ববিদ্যালয়কে একটি অভিন্ন পরীক্ষার কাঠামোয় আনার চেষ্টা করার পাশাপাশি ক্লাস্টারভিত্তিক বিকল্প ব্যবস্থাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের বিষয়, একাডেমিক কাঠামো এবং ভর্তিসংক্রান্ত প্রয়োজন এক রকম নয়। তাই প্রয়োজন অনুযায়ী কয়েকটি ক্লাস্টার গঠন করা যেতে পারে। যেমন বড় ও প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি ক্লাস্টার এবং নতুন ও অপেক্ষাকৃত ছোট বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরেকটি ক্লাস্টার করা যেতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পৃথক ক্লাস্টার এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা ক্লাস্টার গঠনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান বিষয়ভিত্তিক গুচ্ছ ব্যবস্থাকেও আরও উন্নত করা সম্ভব।
তবে ক্লাস্টার গঠনের উদ্দেশ্য যেন নতুন করে বিভাজন সৃষ্টি করা না হয়; বরং প্রতিটি ক্লাস্টারের অধীন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। একজন শিক্ষার্থী যেন একটি ক্লাস্টারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সংশ্লিষ্ট একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন, সেই ব্যবস্থা থাকতে হবে।
প্রতিটি ক্লাস্টারের পরীক্ষার মান, আবেদন ফি, ফলাফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমের সময়সূচি অভিন্ন নীতিমালার আওতায় পরিচালিত হওয়া প্রয়োজন। এতে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাতন্ত্র্য বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের বারবার পরীক্ষা দেওয়ার প্রয়োজনও কমবে।
পাশাপাশি ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতা দূর করতে একটি নির্দিষ্ট ভর্তি ক্যালেন্ডার থাকা জরুরি। পরীক্ষা, ফল প্রকাশ, বিষয় নির্বাচন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। মাইগ্রেশনের ধাপ সীমিত করতে হবে এবং নির্ধারিত সময়ের পর ভর্তি কার্যক্রম বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা, বিষয় নির্বাচন ও মেধাতালিকা প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভর্তি কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং স্বাধীন নিরীক্ষার ব্যবস্থা করা প্রয়োজন।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও শুধু নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা, নিয়মিত তদারকি এবং সমস্যার দ্রুত সমাধানে তাদের সক্রিয় ভূমিকা নিতে হবে।
ড. মো. সাহাবুল হক অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট