তিন বছরের বেশি সময় পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারির স্বাস্থ্যগত জরুরি অবস্থা তুলে নিল। এটি এখন অনেকটাই এন্ডেমিক বা স্থানীয় একটি রোগে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা তুলে নেওয়ায় আমাদের ভ্রমণে কিংবা যাতায়াতে বা অন্য যেসব বিধিনিষেধ ছিল, সেগুলো আনুষ্ঠানিকভাবে শিথিল হয়ে গেল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, কোভিড-১৯ শনাক্তে ল্যাবরেটরি পরীক্ষা, চিকিৎসার জন্য ওষুধ আবিষ্কার এবং টিকা দেওয়ার যে কর্মসূচি, তা যেন চলমান থাকে। গবেষণা খাতে আরও বেশি অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।
ভবিষ্যতে যদি এ রকম সংক্রামক ব্যাধির মহামারি আসে কিংবা জলবায়ু পরিবর্তনজনিত কোনো অসুখের প্রাদুর্ভাব হয়, তার আগাম বার্তা পাওয়ার জন্য এবং সেটা প্রতিরোধের জন্য টিকা, ওষুধ ও রোগনির্ণয়ের বিষয়গুলো আমাদের পূর্ণমাত্রায় অব্যাহত রাখতে হবে।
মহামারি মোকাবিলায় তিনটি বৈশ্বিক উদ্যোগ এখন চলমান। প্রথমত, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সাল থেকে উদ্যোগ নিয়েছে, বিশ্বের সব দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানেরা যাতে একটি প্যানডেমিক অ্যাকর্ড বা মহামারিজনিত চুক্তিতে আসে। এর উদ্দেশ্য হলো ভবিষ্যতের মহামারি মোকাবিলায় সম্পদশালী দেশগুলো যেন অন্য যেসব দেশের সক্ষমতা নেই, তাদের সহযোগিতা করার প্রস্তুতি নিতে পারে। মহামারি মোকাবিলা একটা বৈশ্বিক দায়িত্ব। কোনো দেশই এককভাবে নিরাপদ থাকতে পারে না, যদি না প্রতিটি দেশ নিরাপদ না থাকে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধিকে যুগোপযোগী করার আলোচনা চলছে। এর উদ্দেশ্য হলো কোনো জায়গায় রোগের প্রাদুর্ভাব ঘটলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আন্তর্জাতিকভাবে সেখানে সহযোগিতা করতে পারে। যে দেশ এ বিষয়ে অগ্রণী হয়ে খবরটি জানাবে, তাদের যেন শাস্তির আওতায় আনা না হয়। যেমন করোনা মহামারির ক্ষেত্রে আমরা দেখেছি, কোনো দেশে একটা নতুন উপধরন শনাক্ত হওয়ার পর সেই দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটতে থাকলে কোনো দেশই উৎসাহিত হবে না কোনো অজানা রোগ শনাক্ত হলে স্বপ্রণোদিত হয়ে সেটা প্রকাশ করতে।
তৃতীয়ত, জি-২০–ভুক্ত বিশ্বের উচ্চ আয়ের দেশগুলো একটা তহবিল তৈরি করছে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সাচিবিক সহায়তা করছে। বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এ তহবিলের জন্য একটি প্রস্তাব তৈরি করছে। ভবিষ্যতে এ ধরনের মহামারি মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোথায় কোথায় ঘাটতি আছে এবং সে ঘাটতিগুলো পূরণের জন্য কী ধরনের সম্পদ প্রয়োজন, তা থাকছে এ প্রস্তাবে।
এ থেকে বড় শিক্ষা হচ্ছে বাংলাদেশে টিকা আবিষ্কার, টিকার গবেষণা ও টিকা উৎপাদনের সক্ষমতা খুব দ্রুত গড়ে তুলতে হবে। শুধু টিকা নয়, ওষুধ ও রোগনির্ণয়ের ক্ষেত্রেও আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। পাশাপাশি রোগ নজরদারি ব্যবস্থা, ল্যাবরেটরি সক্ষমতা এবং পর্যাপ্ত স্বাস্থ্য জনবল গড়ে তুলতে হবে। আমাদের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্য জনবল অনেক কম। যা আছে, তার অধিকাংশই আবার শহরে কেন্দ্রীভূত।
বিশ্বের অনেক ধনী দেশে মহামারির প্রথম ধাক্কায় অনেক মানুষ মারা গেছেন। এর কারণ হলো স্বাস্থ্যসেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিরাট বৈষম্য ছিল। আমরা দেখেছি, প্রথম ঢেউয়ে আমাদের দেশে তত বেশিসংখ্যক মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। মৃত্যুর সংখ্যা ছিল কম। কিন্তু ডেলটা উপধরনের ঢেউয়ে এখানে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে, সীমান্ত এলাকায় অনেক মানুষ মারা গেছেন।
যত মানুষ মারা গেছেন কোভিডে, তার তিন গুণ মানুষ কোভিডজনিত ও শনাক্ত হয়নি এমন রোগে মারা গেছেন। বিশ্বব্যাপীই এ সংখ্যা তিন গুণ। ইউরোপ-আমেরিকায় কোভিডে যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ঘটাটা স্বাভাবিক।
কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ কতটা সফল কিংবা কতটা ব্যর্থ, তা নিয়ে নানা কথা আছে। কোভিড মোকাবিলা করতে গিয়ে বিশ্ব কেন ব্যর্থ হলো, তা নিরূপণ করার জন্য একটি স্বাধীন কমিশন হয়েছিল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও লাইবেরিয়ার প্রেসিডেন্ট এতে নেতৃত্ব দেন। এই কমিশন একটা হিসাব করেছিল। কোন দেশে প্রথম ১০০ মৃত্যু কত দিনের মধ্যে হয়েছে।
এর একটা মাপকাঠি ছিল ১ থেকে ১০ পর্যন্ত। এ ক্ষেত্রে বাংলাদেশ ৬ নম্বর পেয়েছে। কিন্তু উন্নত দেশগুলো এ ক্ষেত্রে পেয়েছে ১ বা ২। অর্থাৎ সেসব দেশে খুব কম সময়ের মধ্যেই ১০০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বাংলাদেশে সেটা অনেক দেরিতে হয়েছে। এর অর্থ প্রাথমিক ধাক্কাটা বাংলাদেশ সামাল দিতে পেরেছিল।
তবে বাংলাদেশেরও আত্মতৃপ্তির কোনো কারণ নেই। কেননা, একপর্যায়ে উচ্চ শ্রেণির চাপে অনেকটা নতিস্বীকার করে বাংলাদেশে কলকারখানা খুলে দিতে হয়েছিল। সেটা কোনোভাবেই যৌক্তিক সিদ্ধান্ত ছিল না। সে সময় আমরা একটা মারাত্মক ঝুঁকি নিয়েছিলাম। এ সিদ্ধান্তের কারণে আমাদের হয়তো অর্থনৈতিক সূচকগুলো কোনো কোনো দেশের তুলনায় ভালো হয়েছে। কিন্তু এটাকে উদাহরণ হিসেবে দেওয়া কখনোই উচিত নয়। এ বিষয়ে আত্মতুষ্টিতে ভুগলে ভবিষ্যতে ভুলের চোরাবালিতে ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে।
টিকার ক্ষেত্রে বাংলাদেশ একটা ভালো ঐতিহ্য তৈরি করতে পেরেছে। এখানকার মানুষ টিকার ওপর আস্থাশীল। সারা বিশ্বের মতো বাংলাদেশেও টিকা নিয়ে গুজব ছড়িয়েছিল। প্রথমে কিছু মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরের দিকে আমরা দেখেছি, ব্যাপকসংখ্যক মানুষ টিকা নিতে এসেছেন। টিকাপ্রাপ্তির ক্ষেত্রে উত্থান-পতন ছিল। ডেলটার ঢেউয়ের সময় টিকার সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন পর আমরা চীন থেকে টিকা পেলাম। এরপর পশ্চিমা দেশগুলো আমাদের বিনা মূল্যে টিকা দিতে এগিয়ে এল। এই ইতিবাচক প্রতিযোগিতা আমাদের জন্য ভালো হয়েছে।
এ থেকে বড় শিক্ষা হচ্ছে বাংলাদেশে টিকা আবিষ্কার, টিকার গবেষণা ও টিকা উৎপাদনের সক্ষমতা খুব দ্রুত গড়ে তুলতে হবে। শুধু টিকা নয়, ওষুধ ও রোগনির্ণয়ের ক্ষেত্রেও আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। পাশাপাশি রোগ নজরদারি ব্যবস্থা, ল্যাবরেটরি সক্ষমতা এবং পর্যাপ্ত স্বাস্থ্য জনবল গড়ে তুলতে হবে। আমাদের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্য জনবল অনেক কম। যা আছে, তার অধিকাংশই আবার শহরে কেন্দ্রীভূত।
করোনা মহামারির সামগ্রিক শিক্ষা হলো সর্বজনীন স্বাস্থ্যসেবা শক্তিশালী করা। শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য উন্নয়ন, রোগনির্ণয়—সব কটি সেবা যেন প্রাথমিক পর্যায়ে সহজলভ্য থাকে। কোনো ধরনের বৈষম্য ছাড়া সর্বজনীন স্বাস্থ্যসেবা যেসব দেশে থাকবে, তারাই দ্রুত মহামারি মোকাবিলায় সবাইকে একত্র করে কাজ করতে পারবে।
ডা. মুশতাক হোসেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা