ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মতামত

মোদিকে যাঁরা ক্ষমতায় এনেছিলেন, তাঁরাই কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন

মাত্র কয়েক মাস আগের কথা। দেশজুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের ‘জনসেবা’ উদ্‌যাপনের আহ্বান জানানো হয়েছিল। ভারতের সাবেক রাষ্ট্রপতি থেকে শুরু করে গুজরাটের তালুকা পঞ্চায়েতের সভাপতিদেরও মোদির ‘রূপান্তরকারী নেতৃত্বের’ প্রশংসা করতে এবং তাঁকে ‘বিকাশ পুরুষ’ হিসেবে বন্দনা করতে কাজে লাগানো হয়েছিল।

অবশ্য আমাদের এ কথাও মনে করিয়ে দেওয়া হয়েছিল যে মোদিই তথাকথিত ‘গুজরাট উন্নয়ন মডেল’-এর উদ্ভাবক। ২০১৪ সালের পর সেই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব প্রশংসা ও বন্দনার অন্তর্নিহিত বক্তব্য ছিল, ২০১৪ সালের আগের ‘খারাপ’ সময়ে সরকার যখন ‘উদ্যোক্তাদের’ লোভী পুঁজিপতি হিসেবে দেখত, তখনকার বিপরীতে এখন এমন একজন নেতা রয়েছেন, যিনি ‘সম্পদ সৃষ্টিকারীদের’ অভূতপূর্ব সমৃদ্ধির পথে জাতীয় অগ্রযাত্রার অংশীদার হিসেবে সম্মান করেন।

অথচ গত বৃহস্পতিবার সেই মোদিই একটি বণিক সংগঠনের অনুষ্ঠানে গিয়ে অনেকটা বিরক্তির সুরে ভারতের ‘সম্পদ সৃষ্টিকারীদের’ নীতিতে পরিবর্তন, ছাড় ও বিশেষ সুবিধা পাওয়ার অফুরন্ত আকাঙ্ক্ষার জন্য তিরস্কার করলেন। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর এই দীর্ঘ বক্তৃতা ভবিষ্যতের ইতিহাসবিদেরা তাঁর পুরো রাজনৈতিক নেতৃত্বের মডেল ভেঙে পড়ার মুহূর্ত হিসেবে চিহ্নিত করবেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তাদের সামনে প্রধানমন্ত্রী আধুনিক পুঁজিবাদ সম্পর্কে তাঁর গভীর অজ্ঞতার পরিচয় দিয়েছেন। অবহেলিত জীবনসঙ্গীর মতো তিনি আক্ষেপ করেছেন, বেসরকারি খাত শিল্প খাতের প্রতি তাঁর দেখানো বিবেচনা ও সদিচ্ছার প্রতিদান দিচ্ছে না। তিনি বলেন, ‘এর চেয়ে বড় ঐতিহাসিক সুযোগ আর হতে পারে না। আমার এত প্রচেষ্টার পরও যদি আপনারা লাভবান না হন, তাহলে আর কারা হবেন? আমি আপনাদের জন্য করছি, আর আপনাদের মাধ্যমে দেশের জন্য করছি...।’

দিল্লি স্কুল অব ইকোনমিকসের কোনো নবীন অধ্যাপকও প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিতে পারবেন, করপোরেট খাত ‘মেক ইন ইন্ডিয়া’র মতো রাজনীতিকদের উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করে না। কল্যাণরাষ্ট্রকে আরও কার্যকর করাও তাদের লক্ষ্য নয়। ১৯৯১ সালের পর থেকে ভারতের করপোরেট খাত বৈশ্বিক পুঁজির সঙ্গে আঁতাতের সম্পর্ক গড়ে তোলার অবাধ সুযোগ পেয়েছে। এখন ভারতের ধনকুবেররা দাভোসের প্রভাবশালী মহলের সঙ্গে ওঠাবসা করতে গর্ব বোধ করেন। সমস্যাটা হলো, পুঁজিবাদ একটি নৈর্ব্যক্তিক ব্যবস্থা। অথচ প্রধানমন্ত্রীর কাছে সবকিছুই ব্যক্তিগত।

এফআইসিসিআইয়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বক্তব্যকে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবেই দেখতে হবে। তিনি যতই অনুনয় করে বলেন, ‘এই সরকার বন্ধুত্বপূর্ণ। আর এই সরকার জানে কীভাবে বন্ধুত্ব বজায় রাখতে হয়’, তাতে মনে হয়, তাঁর সরকার যে সমর্থন ও স্বস্তির একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভিত্তি হারিয়েছে, তা তিনি নিজেও বুঝতে পারছেন। সামনে দিনগুলো তাঁর জন্য আর ততটা সুখের হবে না।

মোদি যখন নিজেকে অত্যন্ত নীতিবান ও মহৎ হিসেবে তুলে ধরতে চান, তখন তিনি ভারতের করপোরেট খাতের উপকারক, অভিভাবক ও পৃষ্ঠপোষক হিসেবে নিজেকে দেখতে পছন্দ করেন। দুর্ভাগ্যজনকভাবে, ধনাঢ্য ব্যবসায়ীরা (শেঠিয়ারা) বরং নিজেদেরই তাঁর পৃষ্ঠপোষক ও অর্থদাতা বলে মনে করেন। প্রথমে গুজরাটের ‘উদ্যোক্তা’ গোষ্ঠী অর্থ জুগিয়ে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মোদিকে গান্ধীনগরের বাইরে একজন ব্যবসাবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেতে সহায়তা করেছিল। পরে বিচক্ষণ করপোরেট উদ্যোক্তারা তাঁকে ভালোভাবে বুঝে নেন এবং তাঁর আত্মতুষ্টি ও অহমকে কাজে লাগান।

এফআইসিসিআইয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিল্প খাতকে কর্মীদের বেতন না বাড়ানোর জন্য সরাসরি ভর্ৎসনা করেন। কয়েক মাস আগেই ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করা নয়ডার শ্রমিকদের পুলিশ কীভাবে নির্মমভাবে দমন করেছিল, সম্ভবত তিনি তা ভুলে গেছেন। শুধু তা-ই নয়, জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) গ্রেপ্তার করা হয়েছিল ট্রেড ইউনিয়নকর্মীদেরও। পরে বিচার বিভাগ যখন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের এই স্বেচ্ছাচারিতার সমালোচনা করেন, তখন মোদি সরকারের আইনজীবীরা জেলা প্রশাসনকে রক্ষায় এগিয়ে আসেন।

প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন, কীভাবে ট্রেড ইউনিয়নগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর কর্মকাণ্ড সীমিত করা হয়েছে, যাতে বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে নিজেদের ব্যবসা চালিয়ে যেতে পারে। ২৫ বছর ধরে সরকারি দায়িত্বে থাকা একজন ব্যক্তির পক্ষে এমন বিস্ময় বা ক্ষোভ প্রকাশ করা মানায় না যে শ্রমিকদের মজুরি স্থবির হয়ে আছে।

২০১৪ সালের পর ভারতের করপোরেট খাতের সামগ্রিক অংশই মোদির ক্ষমতার সুবাদে পাওয়া সুযোগ-সুবিধার অংশীদার হতে আগ্রহী ছিল। বড় ও মাঝারি—সব ধরনের শিল্পপতিরাই প্রধানমন্ত্রীর ভাবমূর্তি গড়ে তোলার প্রকল্পগুলোতে সায় দেওয়ার ভান করেছেন। আসলে কে কাকে বোকা বানাচ্ছিলেন? একজন ব্যবসায়ী রাজনীতিকের লোকদেখানো কর্মকাণ্ডে খুব কমই বিভ্রান্ত হন। ভারতের করপোরেট নেতাদের কাছে মোদি প্রথম কোনো ক্ষমতাধর ব্যক্তি নন, যাঁর আবদার মেনে নিয়ে তাঁকে শান্ত রাখতে হয় এবং কার্যত নিষ্ক্রিয় করে রাখতে হয়।

প্রকৃতপক্ষে, সমস্যা মোদির নিজের। তিনি নিজেকে তাঁর পূর্বসূরিদের চেয়ে আলাদা ও শ্রেষ্ঠ মনে করেন। কিন্তু যেসব করপোরেট ব্যবস্থাপক দিল্লির মসনদে পৌঁছানোর পথে তাঁকে সহায়তা করেছেন এবং তাঁর সহযোগী ছিলেন, তাঁরা নিজেরা এভাবে প্রভাবিত হতে রাজি নন। এফআইসিসিআইয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথাবার্তা যাঁরা শুনেছেন, তাঁরা মানুষ ও পরিস্থিতি বিচারে যথেষ্ট অভিজ্ঞ।

মোদির ব্যক্তিপূজার সংস্কৃতি কীভাবে তৈরি করা হয়েছে, তা তাঁরা খুব ভালো করেই জানেন। তাঁরা জানেন, কীভাবে জনসমাগম ঘটানো হয়; তাঁরাই বিজেপিকে নির্বাচনী বন্ড কিনে ‘অনুদান’ দেন; রাজনৈতিক দল ভাঙা কিংবা জোট গঠনের ক্ষেত্রেও তাঁরাই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। এ প্রসঙ্গে একটি পুরোনো প্রবাদ মনে পড়ে যায়—কোনো মানুষই তার ভৃত্যের কাছে বীর হতে পারে না।

নিঃসন্দেহে, বৈশ্বিক যোগাযোগ ও প্রভাবের কারণে এখন আরও শক্তিশালী হয়ে ওঠা ভারতের শীর্ষ করপোরেট গোষ্ঠী প্রধানমন্ত্রীর এমন অস্বাভাবিক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্রচিন্তার কাছে নতি স্বীকার করবে না। এফআইসিসিআইয়ের অনুষ্ঠানে তিনি গলা উঁচিয়ে বলেন, ‘আমার দেশবাসী উন্নত মানের পণ্য ও সেবা পাওয়ার অধিকার রাখেন।’ ‘আমার নাগরিকেরা’!

কী অসাধারণ আত্মম্ভরিতা!

অন্য যেকোনো পক্ষের চেয়ে বণিক সংগঠনগুলো ভালো করেই জানে, নির্বাচন সদনে বসে থাকা একজন বিশেষ ব্যক্তি কীভাবে ক্ষমতাসীন দলের জন্য ‘সংখ্যাগরিষ্ঠতা’ তৈরি করে দিয়েছেন। অবৈধতা বা অগ্রহণযোগ্যতার গন্ধ সবার আগে টের পায় ব্যবসায়ী মহল।

এফআইসিসিআইয়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বক্তব্যকে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদল হিসেবেই দেখতে হবে। তিনি যতই অনুনয় করে বলেন, ‘এই সরকার বন্ধুত্বপূর্ণ। আর এই সরকার জানে কীভাবে বন্ধুত্ব বজায় রাখতে হয়’, তাতে মনে হয়, তাঁর সরকার যে সমর্থন ও স্বস্তির একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভিত্তি হারিয়েছে, তা তিনি নিজেও বুঝতে পারছেন। সামনে দিনগুলো তাঁর জন্য আর ততটা সুখের হবে না।

  • হরিশ খারে দ্য ট্রিবিউন-এর সাবেক প্রধান সম্পাদক

দ্য ওয়্যার থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত