
ভারতের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক রবিশ কুমার দেশটির সবচেয়ে পুরোনো বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেল এনডিটিভি থেকে গত নভেম্বরে যখন পদত্যাগের ঘোষণা দেন, সেই মুহূর্তে তা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে স্বাধীন সংবাদমাধ্যম মুছে যাওয়ার আরেকটি ভয়াবহ লক্ষণের অনুস্মারক হয়ে দাঁড়ায়। রবিশ কুমারের প্রস্থান কোনো সাধারণ প্রস্থান নয়। তিনি সিকি শতাব্দী ধরে এনডিটিভিতে জনপ্রিয় কণ্ঠস্বর ছিলেন। ভয়ডরহীন প্রশ্নবাণে ক্ষমতাসীন নেতাদের নাস্তানাবুদ করে দেওয়া ও কড়া রিপোর্টিংয়ের জন্য তিনি দারুণ জনপ্রিয় হয়ে আছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রতি সাংবাদিকতাবিবর্জিত কায়দায় সমর্থন দিয়ে যাওয়া এবং হিন্দু-মুসলমান বিভেদ তৈরি করার সরকারি কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য রবিশ কুমার অন্য অনেক সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করতেন। সেই রবিশ কুমার বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি এনডিটিভির বেশির ভাগ শেয়ার কিনে নেওয়ার পর পদত্যাগে বাধ্য হন।
আদানিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের প্রচারকাজে মোদি আদানির বিমান ব্যবহার করেছিলেন। ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার সময় আদানির সম্পদের পরিমাণ ছিল ৭০০ কোটি ডলার। এরপর মোদি সরকারের আশীর্বাদপুষ্ট আদানির সম্পদ এখন ১১ হাজার কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।
আদানি অবশ্য বেশ জোর দিয়ে বলেছেন, এনডিটিভি তাঁর মালিকানাধীন অবস্থায় আগের মতোই স্বাধীন থাকবে এবং সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে। যদিও আদানি মনে করেন, ইতিমধ্যে চ্যানেলটি ‘কিছু ভুল করে ফেলেছে’। তবে আশঙ্কা থেকেই যাচ্ছে। মোদি সরকারকে হাতে গোনা যে কয়টি টেলিভিশন চ্যানেল সাহসী সাংবাদিকতার মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছিল, সেগুলোর একটি আদানির মতো টাকার কুমিরদের দখলে চলে যাওয়া বৃহত্তর উদ্বেগকে প্রতিফলিত করছে। ঠিক সে মুহূর্তে এই প্রশ্ন এসে দাঁড়ায়: তাহলে কি বাক্স্বাধীনতা গুটিকয় অভিজাত ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত?
রবিশ কুমার বলেন, ‘যে করপোরেশনের সাফল্য সরকারের ঠিক করা চুক্তির ওপর প্রতিষ্ঠিত, সেই করপোরেশনের কেনা একটি চ্যানেল সরকারের কী এমন সমালোচনা করতে পারে? এটা আমার কাছে পরিষ্কার যে আমাকে পদত্যাগ করতে হবে।’
রবিশ কুমার একটি শব্দ তৈরি করেছেন যা খবর, অর্থ এবং রাজনীতির এক অপবিত্র মিশ্রণকে বুঝিয়ে থাকে—‘গদি মিডিয়া’। ‘গদি’ মানে কোল। ‘গদি মিডিয়া’ বলতে তিনি মোদির আমলে জন্ম নেওয়া অনেকগুলো প্রতিষ্ঠানপন্থী সংবাদমাধ্যমের কথা বুঝিয়েছেন। মূলধারার ভারতীয় মিডিয়া কীভাবে বিজেপি-নেতৃত্বাধীন হামলায় মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলার মতো ঘটনা উদ্যাপন করেছে বা ২০২১ সালে কৃষক বিক্ষোভের সমালোচনা করেছে, তা রবিশ কুমারের এই শব্দবন্ধ থেকে স্পষ্ট বোঝা যায়।
মিডিয়ার করপোরেট একচেটিয়াকরণ যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমানভাবে চলছে। ২০১৭ সালে বার্নি স্যান্ডার্স লিখে জানিয়েছিলেন, কমকাস্ট, নিউজ কর্প, ডিজনি, ভায়াকম, টাইম ওয়ার্নার ও সিবিএস—এই ছয়টি মাত্র কোম্পানি কীভাবে যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ মিডিয়ার মালিক হয়ে আছে। ফোর্বস ম্যাগাজিন ২০১৬ সালে লিখেছিল, নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্টসহ সব প্রধান জাতীয় সংবাদপত্রের মালিক মাত্র ১৫ জন ধনকুবের। যুক্তরাজ্যেও একই অবস্থা। ২০১৫ সালের একটি হিসাব অনুযায়ী, নিউজউইক, ডেইলি মেইল গ্রুপ ও রিচ—এই তিন করপোরেটের অধীনে যুক্তরাজ্যের ৭১ শতাংশ সংবাদপত্রের মালিকানা আছে।
১৯৯০-এর দশক থেকে ভারতের অর্থনৈতিক উত্থান একটি দ্রুত বর্ধনশীল মিডিয়া শিল্পের জন্ম দিয়েছে। ২০২১ সালে এই শিল্পের বাজারের আকার ছিল ২ হাজার ১৫০ কোটি ডলার। ২০২৬ সালে এর আকার ৫ হাজার ৪০০ কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে একটি সংবাদমাধ্যমের একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে। এই দেশে এক লাখের বেশি সংবাদপত্র আছে। টেলিভিশন সংবাদ চ্যানেল ৩৮০টির বেশি। কিন্তু পশ্চিমের মতো ভারতীয় মিডিয়াও ক্রমবর্ধমানভাবে কিছু কিছু করপোরেশনের মালিকানাধীন। এক দশক আগে যখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মিডিয়া খাতে ঢুকেছিল, তখন প্রথম সতর্কঘণ্টা বেজেছিল। এখন গোটা সংবাদমাধ্যম করপোরেট পুঁজির উদরে ঢুকে যাচ্ছে।
রবিশ কুমার একটি শব্দ তৈরি করেছেন যা খবর, অর্থ এবং রাজনীতির এক অপবিত্র মিশ্রণকে বুঝিয়ে থাকে—‘গদি মিডিয়া’। ‘গদি’ মানে কোল। ‘গদি মিডিয়া’ বলতে তিনি মোদির আমলে জন্ম নেওয়া অনেকগুলো প্রতিষ্ঠানপন্থী সংবাদমাধ্যমের কথা বুঝিয়েছেন। মূলধারার ভারতীয় মিডিয়া কীভাবে বিজেপি-নেতৃত্বাধীন হামলায় মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলার মতো ঘটনা উদ্যাপন করেছে বা ২০২১ সালে কৃষক বিক্ষোভের সমালোচনা করেছে, তা রবিশ কুমারের এই শব্দবন্ধ থেকে স্পষ্ট বোঝা যায়।
আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
● সোমদীপ সেন ডেনমার্কের রোসকিল্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজের সহযোগী অধ্যাপক