
টেলিভিশনের পর্দায় চোখ রাখলে আমরা আওয়ামী লীগের মন্ত্রী-নেতাদের কণ্ঠে কেবল উন্নয়নের ফিরিস্তি শুনি। তাঁদের দাবি, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে তা হয়নি। কথাটি যদি সরকারের তিন মেয়াদ সামনে রেখে বলা হয়, তাঁরা সঠিক। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৩ বছরের সঙ্গে বিএনপির পাঁচ বছর কিংবা তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের তুলনা করা যাবে না।
যেমন তুলনা করা যাবে না স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু সরকারের সঙ্গে পরবর্তী জিয়াউর রহমানের সরকারের। সব সরকারই দেশের উন্নয়নে কমবেশি কাজ করেছে। প্রশ্ন হলো সেই কাজের সুফল বৃহত্তর জনগণ পাচ্ছে, না গুটিকয় মানুষ?
এই সরকারের বড় অর্জন বিদ্যুৎ উৎপাদন বাড়ানো। বিদ্যুতের উৎপাদন বাড়লে দেশে শিল্পকারখানা বাড়ে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। সরকারের কৃষি সহায়ক নীতির কারণে খাদ্যশস্য উৎপাদনও অনেকে বেড়েছে। বিশ্বব্যাংকের বিরোধিতা সত্ত্বেও সরকার সফলভাবে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ করেছে। যমুনায় বঙ্গবন্ধু সেতু উত্তরাঞ্চলে যেমন মঙ্গা রহিত করেছিল, তেমনি পদ্মা সেতুও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বাড়াবে। সেখানে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে।
মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাড়বে। অদূর ভবিষ্যতে এই সেতু এশিয়ান হাইওয়ে ও ট্রান্স-এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে আশা করা যায়।
বিএনপি সরকারের আমলে ভারত যখন মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পাইপলাইনে তেল নেওয়ার প্রস্তাব দিয়েছিল, তারা নাশকতার আশঙ্কার দোহাই দিয়ে তা নাকচ করে দিয়েছিল। সে সময় যদি বাংলাদেশ প্রস্তাবটি গ্রহণ করত, তাহলে আজ জ্বালানি নিয়ে যে অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে, তা হয়তো এড়ানো যেত। ওই প্রস্তাবে বাংলাদেশেরও তেলের হিস্যা পাওয়ার কথা ছিল। একইভাবে বিএনপি সরকার ট্রান্স-এশিয়ান হাইওয়ের রুট ভারত হয়ে ভারতে যেতে দিতে রাজি হয়নি। এখন আমরা এশিয়ান হাইওয়ে ও ট্রান্স-এশিয়ান রেলওয়েতে যুক্ত হওয়ার জন্য মরিয়া চেষ্টা করছি। বিএনপির দোষ ধরতে উদ্গ্রীব আওয়ামী লীগ নেতারা এখন কেন নাজমুল হুদাকে সেই প্রশ্নটি করছেন না। তিনি বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী থাকলেও বহু আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সঙ্গে সখ্য গড়েছেন। গত নির্বাচনে ঢাকা থেকে মনোনয়নও চেয়েছিলেন।
আওয়ামী সরকার ঢাকা শহরে মেট্রোরেল নির্মাণ করছে; আগামী ১৬ ডিসেম্বর যার একাংশ চালু হওয়ার কথা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও জোরেশোরে চলছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজও শেষ হওয়ার পথে। বাংলাদেশে প্রথম এক্সপ্রেস সড়ক নির্মাণের কৃতিত্বও এই সরকারের। ঢাকা-চট্টগ্রাম সড়ক চার লেন হয়েছে। ঢাকা–ময়মনসিংহ সড়ক চার লেন হয়েছে। ঢাকা-সিলেট ও ঢাকা-রংপুর সড়কের উন্নয়নকাজও অব্যাহত আছে। আরও অনেক সড়ক ও স্থাপনা নির্মিত হচ্ছে।
প্রথমে সাগর-রুনি হত্যার তদন্ত করছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে র্যাবকে তদন্তের ভার দেওয়া হয়। গত বুধবার ৯১তম বারের মতো র্যাব সময় চেয়েছে। আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ২৬ সেপ্টেম্বর। যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ধর্ষ জঙ্গিদের পাকড়াও করে বিচারে সোপর্দ করতে পারে, তারা একটি হত্যারহস্য উদ্ঘাটন করতে পারে না, এ কথা বিশ্বাস করা কঠিন।
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার জটিল ভূরাজনীতিতেও মোটামুটি ভারসাম্য রেখে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী তারা কোয়াডে (চীনের বিরুদ্ধে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে সামরিক সহায়তা) যোগ দেয়নি। ভারতের আপত্তি উপেক্ষা করে সরকার চীন থেকে সাবমেরিন কিনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এসে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ভারত চায় দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, ঝগড়া চলবে, সম্পর্কও থাকবে।
সব মিলিয়ে বলা যায়, দুই বৃহৎ প্রতিবেশীর সঙ্গেই বাংলাদেশ এখন পর্যন্ত সদ্ভাব রেখে চলছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক মন্তব্যে ঢাকা ও দিল্লি উভয়ই বিব্রত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রচুর বিদেশি বিনিয়োগ প্রয়োজন, যা চীন দিতে পারে, জাপান দিতে পারে, যুক্তরাষ্ট্র দিতে পারে। অন্যদিকে গত কয়েক বছরে ভারতে আমাদের রপ্তানি বেড়েছে। সংযুক্তি বেড়েছে। এর সুবিধা কেবল ভারত নয়, বাংলাদেশও পাবে।
আওয়ামী লীগ সরকারের এত সব সাফল্য ও অর্জন সত্ত্বেও নেতৃত্ব কেন ছোটখাটো সমস্যার সমাধান করতে পারছে না, তা বিস্ময়কর। উদাহরণ হিসেবে এখানে তিনটি ঘটনার উল্লেখ করছি। চা-বাগানের শ্রমিকেরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ১৭ দিন ধরে ধর্মঘট করলেও সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই। সরকার ও মালিক-সমর্থক শ্রমিকনেতারা ১২০ টাকা থেকে ১৪৫ টাকার মজুরি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সাধারণ শ্রমিকেরা তা মানেননি। এরপর বলা হলো, প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে যাবেন। সেখান থেকে ফিরে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত দেবেন। এত দিন পর্যন্ত শ্রমিকেরা খাবেন কী? মালিক তো ধর্মঘটরত শ্রমিকদের মজুরি দেবেন না। শ্রমিকদের ধর্মঘটের সমর্থনে তাঁদের স্কুলপড়ুয়া সন্তানেরা সমাবেশ ও মানববন্ধন করেছে। এই শিশু-কিশোরদের দিকে তাকিয়ে হলেও সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। সমস্যা জিইয়ে রাখলে সরকারের কী লাভ? মালিকদেরও বুঝতে হবে, দৈনিক ৩০০ টাকা বেশি মজুরি নয়। এখন গ্রামগঞ্জে একজন খেতমজুরও দিনে ৮০০ থেকে ১ হাজার টাকা আয় করেন।
কয়েক দিন আগে জাতীয় প্রেসক্লাবে খুলনার বাণীশান্তার দরিদ্র কৃষকদের সমর্থনে একটি সংহতি সমাবেশ হয়। এতে ১০টি নাগরিক সংগঠনের প্রতিনিধি ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিনিধিরা এসেছিলেন। কৃষকদের দাবি, ফসলি জমিতে বালু ফেলা যাবে না।
তাঁরা বিকল্প কয়েকটি স্থানের কথাও বলেছেন, যার মধ্যে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর ও ইপিজেডের জন্য নির্ধারিত জায়গাও আছে। এসব স্থান ভরাট করতে কোটি কোটি টাকা ব্যয়ে মাটি ফেলতে হবে। বিনা পয়সার বালু ফেলতে আপত্তি কোথায়? বানীশান্তার কৃষকেরা পণ করেছেন, জীবন থাকতে তাঁরা ফসলি জমিতে বালু ফেলতে দেবেন না। এখানকার বাসিন্দাদের ৯৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের।
পাকিস্তান আমল থেকে তঁারা বাপ-দাদার ভিটায় আছেন। জমিতে চাষ করছেন। তাঁদের বাস্তুছাড়া করে বন্দরের উন্নয়ন হতে পারে না। বন্দর কর্তৃপক্ষ কেন পাইপলাইন ব্যবহার করে পশুর নদের বালু অন্যত্র ফেলতে পারে না? কেন বালু তিন ফসলি জমিতেই ফেলতে হবে? ৯৫ শতাংশ মানুষ সংখ্যালঘু বলেই এই জবরদস্তি?
এরপর যে বিষয়ের দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তার বেদনা ও ক্ষোভ সাংবাদিকেরা ১০ বছর ধরে বহন করে চলেছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক সাগর ও রুনি নিজ বাড়িতে খুন হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেপ্তারের অঙ্গীকার করেছিলেন। এরপর কত ৪৮ ঘণ্টা, কত ৪৮ মাস চলে গেল; তদন্তকাজ শেষ হলো না।
প্রথমে সাগর-রুনি হত্যার তদন্ত করছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে র্যাবকে তদন্তের ভার দেওয়া হয়। গত বুধবার ৯১তম বারের মতো র্যাব সময় চেয়েছে। আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন ২৬ সেপ্টেম্বর। যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ধর্ষ জঙ্গিদের পাকড়াও করে বিচারে সোপর্দ করতে পারে, তারা একটি হত্যারহস্য উদ্ঘাটন করতে পারে না, এ কথা বিশ্বাস করা কঠিন।
সাড়ে ১৩ বছর একটানা ক্ষমতায় থাকা ‘অতি সফল’ আওয়ামী লীগ সরকার কি এই ছোটখাটো ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে না?
● সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
sohrabhassan55@gmail.com